অবৈধ ইটভাটা উচ্ছেদ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কিছু লুকানো নয়, সবই প্রকাশ্য। প্রশ্ন হচ্ছে, এত খোলামেলাভাবে অবৈধ কাজ চলছে কীভাবে? চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই জায়গায় গড়ে ওঠা ১১৩টি ইটের ভাটা ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে, দূষিত করে যাচ্ছে পরিবেশ, অথচ একটিরও ছাড়পত্র নেই। পরিবেশ অধিদপ্তর বিষয়টি জানে, জেলা প্রশাসনও জানে। সংখ্যার গরমিল হলেও অবৈধ ইটের ভাটার তালিকাও তাদের কাছে রয়েছে। এই জেলা প্রশাসন ও এই পরিবেশ অধিদপ্তর লইয়া তবে আমরা কী করিব!
পাহাড় ও কর্ণফুলী নদীবেষ্টিত এই উপজেলা পরিবেশের দিক দিয়ে খুবই স্পর্শকাতর। এই এলাকার শস্যভান্ডার হিসেবে বিবেচিত গুমাইবিল, পাখি সংরক্ষণের জন্য গড়ে তোলা পক্ষীশালার সবুজ বেষ্টনী বা পাহাড়ের পাদদেশ—কোনো কিছুই রেহাই পায়নি ইটের ভাটা থেকে। পরিবেশ অধিদপ্তর ২০১৩ সাল থেকে এখানকার ইটের ভাটার ছাড়পত্র নবায়ন করা বন্ধ রেখেছে। এতেই যেন পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব শেষ। অবৈধ এই ইটের ভাটাগুলো উচ্ছেদের কোনো দায়িত্ব যেন তাদের নেই। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য হচ্ছে, পরিবেশ অধিদপ্তর ‘চাইলে’ ইটের ভাটা উচ্ছেদের জন্য প্রশাসনকে বলতে পারে। আমলাতন্ত্রে দোহাইয়ের অভাব নেই। কিন্তু বিষয়টি কি শুধু আমলাতান্ত্রিক সমস্যা, নাকি এর সঙ্গে ভাগ-বাঁটোয়ারারও সম্পর্ক রয়েছে?
কোনো ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইটের ভাটাগুলো কীভাবে চলছে, কেন কেউ কিছু বলছে না, তা পরিষ্কার হয়েছে এক ইটভাটার মালিকের কথায়। তিনি স্পষ্ট করেই বলেছেন, ‘ওপরের ব্যক্তিদের ম্যানেজ করে ইটভাটা চালু রেখেছি।’ বোঝা যায়, অবৈধ ইটের ভাটাগুলোর ব্যাপারে স্থানীয় প্রশাসনের বর্তমান ভূমিকার পেছনে এই ‘ম্যানেজ’ বা দুর্নীতির সম্পর্ক রয়েছে।
যে ইটভাটাগুলোর ছাড়পত্র নেই, যেগুলো অবৈধ, তা এভাবে চালু থাকতে পারে না। সেখানকার জনগণ, প্রকৃতি, পরিবেশ, চাষাবাদ ও সরকারি উদ্যোগে গড়ে ওঠা পক্ষীশালার স্বার্থে এই ইটভাটাগুলো উচ্ছেদ করতে হবে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতা এবং কাদের সমর্থন ও দুর্নীতির কারণে এসব চলছে, তা চিহ্নিত করে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে হবে।