অবৈধ ইটভাটা স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, সরকারি বা ব্যক্তিমালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান ও জলাভূমি এলাকায় ইটভাটা স্থাপন দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার এমন একটি এলাকায় গড়ে তোলা হয়েছে ইটভাটা।
১১ ফেব্রুয়ারি প্রথম আলোর খবরে বলা হয়েছে, পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় বিষখালী নদীর চর দখল করে গড়ে তোলা টিএবি ব্রিকস নামে এই ইটভাটার মালিক বরগুনার একজন ব্যবসায়ী। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই তিনি এই ইটভাটাটি গড়ে তুলেছেন। এর দক্ষিণ পাশে ১০ গজ দূরে রয়েছে আরেকটি চর। সেখানে রয়েছে একটি কেওড়াবন। উত্তর পাশে রয়েছে বন বিভাগের সৃজন করা বন। আর বাঁধ-লাগোয়া একটি গ্রামে কয়েক হাজার মানুষের বাস। স্থানটি কোনোভাবেই ইটভাটা স্থাপনের জন্য উপযুক্ত নয়। ইট পোড়ানোর ফলে এই এলাকার জনস্বাস্থ্য যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি আশপাশের বনাঞ্চলও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
একবার ইট পোড়াতে প্রায় চার হাজার মণ কাঠ পোড়াতে হয়। এসব কাঠ জোগাড় হচ্ছে আশপাশের সংরক্ষিত বন থেকেই। ফলে উজাড় হয়ে যাচ্ছে গাছপালা। কার্বন নিঃসরণের পরিমাণ বাড়ছে। পরিবেশ হুমকির মুখে পড়ছে। প্রশাসনের নাকের ডগায় এমন একটি ইটভাটা গড়ে উঠলেও তা নিয়ে কারও যেন কোনো মাথাব্যথা নেই।
শুধু বরগুনাতেই নয়, সারা দেশেই এভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে লোকালয় ও ফসলি জমিতে অনেক ইটভাটা গড়ে উঠেছে। এসব অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাঠ। একটা সময় এর পরিণাম হবে ভয়াবহ। পরিবেশদূষণ করে ও জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে যারা এভাবে ইটভাটা গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। পরিবেশ আইন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন আরও কঠোর করা ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।