একটি নয়, দুটি নয়; ১৬টি কাঠকয়লার কারখানায় দিন-রাত কাঠ পুড়ছে।
ধোঁয়ায় আশপাশের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। কিন্তু এ নিয়ে কারও যেন কোনো মাথাব্যথা নেই। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কাঠকয়লার কারখানাগুলোর বিরুদ্ধে। বরগুনার পাথরঘাটার মাদারতলী ও বকুলতলা এবং পিরোজপুরের মঠবাড়িয়ার নলী জয়নগর গ্রামে এসব কারখানার অবস্থান।
শনিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব কারখানা চলছে। এসব কারখানার একেকটি চুল্লিতে প্রায় পাঁচ শ মণ কাঠ টানা পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত জ্বলতে থাকে। এ থেকে প্রায় তিন শ মণ করে কয়লা উৎপাদিত হয়। এসব কয়লা ঢাকাসহ বিভিন্ন জেলার হোটেল ও ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়। এসব চুল্লিতে যখন আগুন জ্বালানো হয়, তখন আশপাশের গ্রামের মানুষ ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়ে। আগুন জ্বলার ছয় দিনসহ আরও ছয়-সাত দিন এসব এলাকাসহ আশপাশের এলাকার বাতাস ধোঁয়ায় ভারী হয়ে ওঠে। জনস্বাস্থ্যের ওপর এর মারাত্মক প্রভাব পড়ছে। এসব এলাকার অনেকেই এখন শ্বাসকষ্টে ভুগছে। এ ছাড়া যেসব কাঠ পোড়ানো হয়, তা আনা হচ্ছে সুন্দরবন বা আশপাশের সংরক্ষিত বনাঞ্চল থেকে। এতে উজাড় হচ্ছে গাছপালাও।
পাঁচ বছরের বেশি সময় ধরে এসব কাঠকয়লার কারখানায় কাঠ পোড়ানো হচ্ছে। অথচ এসব কারখানা বন্ধে কারও কোনো উদ্যোগ নেই। অথচ পরিবেশ আইন অনুযায়ী এ ধরনের কারখানা অবৈধ। গত বছরের মার্চ মাসে পাথরঘাটার নাচনাপাড়া গ্রামের বাসিন্দারা এ ব্যাপারে বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বরং কারখানাগুলোয় অবাধে কাঠ পোড়াচ্ছেন মালিকেরা। তাঁদের কেউ কেউ আবার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র চেয়ে আবেদনও করেছেন!
এখন প্রশ্ন হচ্ছে জেলা প্রশাসককে জানিয়েও কেন কাজ হচ্ছে না? কারখানাগুলোর কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কোনো ধরনের স্বার্থের সম্পর্ক বা ভাগ-বাঁটোয়ারার ব্যাপার না থাকলে তো এমন হওয়ার কথা নয়। এখন জেলা
প্রশাসক অবশ্য বলছেন, গত বছরের আবেদন সম্পর্কে তিনি নাকি জানেনই না। বোঝাই যাচ্ছে, এটা তাঁর গা বাঁচানো কথা। তাঁর এ বক্তব্য গ্রহণযোগ্য নয়। পিরোজপুরের জেলা প্রশাসন বা মঠবাড়িয়া উপজেলা প্রশাসনই বা কী করছে। তারা কেন মঠবাড়িয়ার কাঠকয়লার কারখানাগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? আর পরিবেশ অধিদপ্তরের চোখে কি কিছুই পড়ছে না? তাদের কাছে এ ধরনের কারখানাকে ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন আসার পরও তাদের টনক না নড়াটা বিস্ময়কর।
পরিবেশ ও জনস্বাস্থ্য বাঁচাতে অবৈধ এসব কারখানা দ্রুত উচ্ছেদ করতে হবে।