গত বুধবার নরসিংদী সদর উপজেলার সোনাতলা এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের সঙ্গে এলাকাবাসীর যে সংঘর্ষ হয়েছে, তার মধ্য দিয়ে একটা গুরুতর সমস্যা স্পষ্ট হয়ে উঠেছে। সমস্যাটা শুধু অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার নয়, ঝুঁকিপূর্ণ পন্থায় জ্বালানি গ্যাসের সরবরাহ লাইন কেটে বাড়তি পাইপ জুড়ে বিপুলসংখ্যক মানুষের বাসাবাড়িতে অবৈধ সংযোগ দিয়ে যাঁরা টাকাপয়সা নিচ্ছেন, তাঁদের প্রতিহত করারও।
বলাবাহুল্য, গ্যাসের অবৈধ সংযোগ নেওয়া বন্ধ করা হলে আর তা বিচ্ছিন্ন করার প্রশ্ন আসত না। তাই প্রথমেই খতিয়ে দেখতে হয়, সোনাতলা এলাকায় প্রায় দুই কিলোমিটার লম্বা গ্যাস বিতরণের অবৈধ পাইপলাইন কারা কীভাবে স্থাপন করতে পারল। কীভাবে প্রায় দুই হাজার বাসাবাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হলো। এই কাজটি রাতারাতি করা হয়নি, লোকচক্ষুর আড়ালেও তা ঘটেনি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ তখন কোথায় ছিল? তিতাসের বিতরণ লাইনে যারা পাইপ জোড়া দিয়েছে, তাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেয়নি? বিতরণ লাইনের নিরাপত্তা সুরক্ষার দায়িত্বও তো তিতাসেরই। একই পন্থায় বিপুলসংখ্যক বাসাবাড়ি ও দোকানপাটে অবৈধ গ্যাস-সংযোগ নেওয়া হয়েছে শুধু নরসিংদীতেই নয়, সাভারসহ ঢাকার আশপাশের আরও অনেক এলাকায় তা করা হয়েছে।
অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা, সংঘর্ষপ্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, সোনাতলার ওই সব অবৈধ গ্যাস-সংযোগের ব্যবস্থা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। প্রতিটি অবৈধ সংযোগের জন্য তাঁরা ৩০ থেকে ৪০ হাজার টাকা করে নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে তিতাস কর্তৃপক্ষ অবশ্যই আইনি পদক্ষেপ নিতে পারে। সরকারেরও দায়িত্ব তাঁদের দমন করা।
সোনাতলায় এর আগে দুই দফায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছিল, কিন্তু তাতে কোনো সুফল ফলেনি। অবৈধ সংযোগ তাঁরা আবার জুড়ে নিয়েছেন। বুধবারের অভিযানের পরিণতিও একই রকম হবে, যদি না অবৈধ সংযোগদাতাদের রাজনৈতিক খুঁটি উপড়ে ফেলা হয়। এ জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা দরকার।