অবৈধ জালে মেঘনা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর মাছ ধরেই জেলেদের জীবিকানির্বাহ হয়। এখন করোনাকালে স্থবির পরিস্থিতিতে জীবন-জীবিকার জন্য তঁারা নদীর ওপর আরও বেশি নির্ভরশীল। অথচ ভোলার লালমোহন উপজেলার জেলেদের মাছ ধরতে নদীতেই নামতে দেওয়া হচ্ছে না। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ জাল বসিয়ে দখল করে রেখেছেন মেঘনা নদী। তাঁদের দৌরাত্ম্যে আয়-রোজগারহীন হয়ে দিশেহারা সাধারণ জেলেরা। মহামারিতে নিম্ন আয়ের এসব মানুষ এমনিতেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সময় পার করছেন, এর মধ্যে মাছ ধরতে না পারা তাঁদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা অবস্থা। বিষয়টি খুবই হতাশাজনক।

প্রথম আলোর প্রতিবেদনে জানা যাচ্ছে, লালমোহনের মেঘনার প্রায় ৩০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে অবৈধ খরছি জালে মাছ ধরছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিরা। এতে ধলী গৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ছয় থেকে সাত হাজার সাধারণ জেলে মাছ ধরতে নদীতে নামতে পারছেন না। ধলী গৌরনগরের ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে প্রভাবশালীরা নদীতে খুঁটি পুঁতে বেড়া তৈরি করে এর চারপাশে জাল বেঁধে মাছ ধরছেন। খরছি নামের এ জালের মাধ্যমে মাছের রেণু পোনাসহ সব ধরা হচ্ছে। এ প্রক্রিয়ায় মাছ শিকার সম্পূর্ণ অবৈধ। দিনের পর দিন এমন কর্মকাণ্ড চলে এলেও কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন।

খরছি জালের মালিকদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি সাধারণ জেলেরা। বিস্তীর্ণ জলসীমানা দখল করায় ওই এলাকায় ছোট নৌকায় মাছ ধরা অসহায় জেলেরা বেকার হয়ে পড়েছেন। ভুক্তভোগী হচ্ছে তাঁদের পরিবারও। প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেল, একটি খরছি জাল বসাতে খরচ হয় ৩০ থেকে ৪০ লাখ টাকা। প্রতিদিন ওই এলাকায় পাঁচ–ছয় লাখ টাকার মাছ ধরা হচ্ছে। এক মৌসুমে মে থেকে অক্টোবর পর্যন্ত কয়েক কোটি টাকার মাছ শিকার করা হয়। এতেই বোঝা যাচ্ছে সাধারণ জেলেরা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেউ প্রতিবাদ করলে হুমকি বা অর্থ দিয়ে তঁাকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ আছে জেলেদের।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘ঈদের আগে একটি লিখিত অভিযোগপত্র পেয়েছি। অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি কী ব্যবস্থা নেন, সেটিই এখন দেখার বিষয়। শুধু লালমোহন নয়, জেলা সদর, তজুমদ্দিন, মনপুরা ও দৌলতখানেও দীর্ঘদিন ধরে খরছি জাল বসিয়ে অবৈধভাবে মাছ ধরছেন প্রভাবশালী ব্যক্তিরা। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্থানীয় প্রশাসন সাধারণ জেলেদের পাশে দাঁড়াক, সেটিই আমরা চাই।