নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি চলমান দুর্যোগ মৌসুমে অবৈধ নৌযান চলাচল বন্ধের এবং গুরুত্বপূর্ণ নৌপথে ত্রুটিপূর্ণ, সার্ভেবিহীন, অনিবন্ধিত লঞ্চসহ সব ধরনের নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার যে দাবি জানিয়েছে, তা যৌক্তিক।
দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় নৌপথসহ বিভিন্ন নৌপথে হাজার হাজার ইঞ্জিনচালিত নৌকা অবৈধভাবে যাত্রী পরিবহন করে। যাত্রী পরিবহনের জন্য বিশেষ ধরনের কাঠ ও স্টিলের কাঠামো তৈরি করে তাতে শ্যালো ইঞ্জিন
বসিয়ে নদীতে নামানো হচ্ছে এসব নৌযান। আবার বড় ট্রলারগুলোকে লঞ্চ হিসেবে বিভিন্ন রুটে পরিচালনা করা হচ্ছে। এসব নৌযানের যাত্রী পরিবহনের অনুমতি তো দূরের কথা, ফিটনেস সনদ, সার্ভে সনদ, রুট পারমিট, এমনকি নিবন্ধন পর্যন্ত নেই।
সরকারি নিয়ম অনুযায়ী ইঞ্জিনচালিত যেকোনো ধরনের নৌযান নদীতে চলাচল করতে হলে নৌপরিবহন অধিদপ্তরের অনুমতি নিতে হবে। যাত্রী পরিবহনের জন্য বিআইডব্লিউটিএর কাছ থেকে টাইম টেবিল ও রুট পারমিট নেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে, শত শত নৌযান যাত্রী ও পণ্য পরিবহন করলেও এদের কারোরই কোনো দপ্তরের অনুমতি নেই। এসব অবৈধ নৌযান ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এমনকি দুর্যোগ মৌসুমেও এসব অবৈধ নৌযান একইভাবে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করে, যা অত্যন্ত বিপজ্জনক।
এখন প্রশ্ন হচ্ছে, এভাবে এত নৌযান অনুমোদন ছাড়া চলছে, কিন্তু দেখার কেউ নেই কেন? কেন এসব অবৈধ নৌযানের ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই? এগুলো বন্ধে কর্তৃপক্ষের কিসের বাধা? অভিযোগ রয়েছে, বাণিজ্যিকভাবে এসব নৌযানে যাত্রী পরিবহনের কোনো অনুমোদন না থাকলেও অতিরিক্ত লাভের আশায় স্থানীয় প্রশাসনকে মাসোহারা দিয়ে এসব অবৈধ নৌযান চলাচল করছে। এসব নৌযান কেন বিনা বাধায় চলতে পারছে, তা সহজেই অনুমেয়।
নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধ নৌযান চলাচল বন্ধের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। অবৈধ নৌযানের মালিক ও যাঁরা অবৈধ নৌযানের পৃষ্ঠপোষকতা করছেন, তাঁদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।