জাতিসংঘের শরণার্থী–বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ বছরের প্রথম ছয় মাসের শরণার্থী-সংক্রান্ত যে পরিসংখ্যান দিয়েছে, তাতে ধারণা করা হচ্ছে যে এ বছর শরণার্থীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এই সমস্যার চাপ দুই দিক থেকেই বাংলাদেশকে নিতে হচ্ছে। এ দেশে ঘোষিতভাবে প্রায় ২ লাখ ৩০ হাজার শরণার্থী আছে, আবার প্রায় ৪০ হাজার বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী বা শরণার্থীর মতো অবস্থায় রয়েছে।
বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘর্ষ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে শরণার্থী সমস্যা প্রকট হয়। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আসার পেছনে আছে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। আনুষ্ঠানিকভাবে এই সংখ্যা ২ লাখ ৩০ হাজার বলা হলেও বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী এই সংখ্যা ৩ থেকে ৫ লাখ। শরণার্থীরা নিরুপায় হয়েই দেশ ছাড়তে বাধ্য হয়। বাংলাদেশের মতো একটি ছোট দেশের পক্ষে এই বিপুলসংখ্যক শরণার্থীর বোঝা বহন করা সম্ভব নয়। শরণার্থীরা যাতে নিজ দেশে ফিরে যেতে ও নিরাপদে বসবাস করতে পারে, সেই উদ্যোগ নেওয়া প্রয়োজন।
যুদ্ধ-সংঘাতের স্থানগুলোতে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগই শরণার্থী সমস্যা সমাধানের পথ। এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা যেমন বাড়াতে হবে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও কয়েক দশক ধরে চলা এই সমস্যাটির গভীরতা উপলব্ধি করতে হবে।
অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে যে হাজার চল্লিশ বাংলাদেশি নাগরিক শরণার্থী বা শরণার্থীর মতো অবস্থায় রয়েছে, তারা অনেকেই আর্থিক কারণে, অর্থনৈতিক প্রতিষ্ঠা ও লাভের আশায় দেশ ত্যাগ করেছে। এদের অনেকেই মানব পাচারের শিকার। তাই সমস্যাটিকে মানবিক দৃষ্টিতে দেখে এর প্রতিকার খুঁজতে হবে। শ্রম চাহিদা অনুযায়ী বৈধভাবে নাগরিকদের বিদেশ যাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি অবৈধ বহির্গমন ও আগমনের পথ বন্ধ করার বিকল্প নেই।