অবৈধ ফুটপাত উদ্ধারে দুই অস্ত্রধারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে কথিতমতে অবৈধ দখলদারদের হটাতে যে দুই অস্ত্রধারী চিহ্নিত হয়েছিলেন, তাঁরা এখন ‘পলাতক’ রয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, তাঁদের কি পুলিশ সত্যিই ধরতে চেয়েছিল? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ব্যর্থতা তাদের আর দশটি ব্যর্থতা থেকে কিছুটা হলেও আলাদা। উদ্ভূত পরিস্থিতি ও সাক্ষ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে পুলিশ বিভাগ এই অস্ত্রধারীদের গ্রেপ্তারে আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করেনি।
আলোচিত অস্ত্রধারীরা পুলিশের চোখের সামনেই অপরাধ করেছেন। অনেক সময় আমরা দেখি যে বৈধ অস্ত্রধারীদেরও পুলিশ তাঁদের পরিচয় শনাক্ত করার জন্য তলব করে নেয়। কিন্তু আলোচ্য ক্ষেত্রে তাঁরা অস্ত্রের মহড়া দেখিয়েছেন দৃশ্যত সিটি করপোরেশনের পক্ষে। ঘটনাস্থলে ওয়াকিটকি হাতে অন্তত এক ব্যক্তির সক্রিয় উপস্থিতি সেটাই ইঙ্গিত দিচ্ছে। দুই অস্ত্রধারীকে যাঁরা মদদ দিয়েছেন বলে প্রতীয়মান হয়েছে, তাঁরাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
উপরন্তু ঘটনার দু-এক দিন পরও এলাকাবাসী তাঁদের নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখেছেন। আর এখন তাঁদের একজন যদি ভারতে পালিয়ে গিয়ে থাকেন, তাহলে সেটা শুধু পুলিশেরই নয়, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদেরও ব্যর্থতা। অবশ্য একই সঙ্গে আমরা স্মরণ রাখব যে অধিকতর জাগ্রত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখকেও তিনি ধুলো দিয়েছেন। তবে আমরা আশা করব, ইন্টারপোলের সহায়তা নিয়ে হলেও বিদেশে পালিয়ে যাওয়া সন্দেহভাজন সাব্বির হোসেনকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই দুজনের পাসপোর্ট, অস্ত্রের ছাড়পত্র ও তাঁদের ছাত্রত্ব–বিষয়ক তথ্য সম্পর্কে কর্তৃপক্ষীয় ভাষ্য দরকার।
এটা সত্যিই দুঃখজনক যে ছাত্রলীগের সেই বহিষ্কৃত দুই ছাত্রনেতাকে পুলিশ ১৮ দিনেও গ্রেপ্তার করতে পারেনি তা-ই নয়, তাঁদের আদৌ কবে গ্রেপ্তার করা সম্ভব হবে সেই বিষয়েও তারা আমাদের কোনো ভরসা দিতে পারছে না। তবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাব্বির হোসেনকে এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে দ্রুত বহিষ্কারে যে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ছিল ইতিবাচক।
আমরা মনে করি, দুই অস্ত্রধারীকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাঁদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কোনো হেলাফেলা বরদাশত করা উচিত নয়। তাঁদের বিচার করতে পারলে সেটা ক্ষমতাসীন দলের ভাবমূর্তি ও মর্যাদার জন্য সহায়ক হবে।