অবৈধ বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিস্টেম লস নিয়ে একসময় খুব লেখালেখি হতো। সরকারি কর্তৃপক্ষ স্বীকার করত যে সিস্টেম লস হিসেবে যা দেখানো হয়, তার সবটুকু সিস্টেম লস নয়। অসাধু কর্মকর্তা-কর্মচারীরা হাতের মারপ্যাঁচে কি বিদ্যুৎ, কি পানি, কি গ্যাস চুরি করেন বা তাতে সহায়তা দেন, আর তা শেষ পর্যন্ত তথাকথিত সিস্টেম লস হিসেবে দেখানো হয়।
চুরি বা অপচয় নামে সরাসরি কোনো খাত সৃষ্টি করা হয়নি। সুতরাং সবার জানা-বোঝার মধ্যে অলিখিত নিয়ম হলো সিস্টেম লস। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এটা চলছে, অথচ কার্যকর কোনো জবাবদিহি নেই। অনিয়মটাই নিয়মে পরিণত হয়েছে। কার্যকর কোনো জবাবদিহির ব্যবস্থা থাকলে এই সিস্টেম লসের পরিমাণ নিয়ে চ্যালেঞ্জ হতো।
অবৈধ সংযোগে ৪০০ টাকায় যত খুশি বিদ্যুৎ!খবর বেরিয়েছে যে বেআইনি বিদ্যুৎ-সংযোগে ৪০০ টাকায় যত খুশি বিদ্যুৎ ব্যবহার করা যায়। আবার দর-কষাকষি করে ১৫০ থেকে ২০০ টাকাতেও প্যাকেজ পাওয়া যায়। প্রকাশিত প্রতিবেদন যদিও বলেছে এই লুট কেবল পুরান ঢাকার কিছু এলাকায় সীমিত, কিন্তু আমরা সন্দেহ করতে পারি এ রকম পুকুরচুরি রাজধানীর অন্যত্র, এমনকি দেশের আরও বহু স্থানেও ঘটতে পারে।
অবৈধ লাইনে বিদ্যুতের এ ধরনের ব্যবহারের ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। উপরন্তু এ ধরনের সুযোগ থাকায় আইনের শাসনের প্রতি নিরীহ ও সৎ মানুষের আস্থায় ফাটল ধরছে। কারণ যাঁরা অবৈধভাবে এ ধরনের প্যাকেজ নিচ্ছেন না, তাঁদের বেশি অর্থ যেমন গুনতে হচ্ছে, তেমনি কখনো ভোগান্তিরও সম্মুখীন হচ্ছেন। অতিরিক্ত বা ভুতুড়ে বিলের অভিযোগও শোনা যায়।
অবৈধ বিদ্যুৎ–সংযোগ ও বিদ্যুৎ চুরির বিষয়টি কঠোর হাতে দমন করা দরকার। পুরান ঢাকার ওই এলাকায় জরুরি ভিত্তিতে বিশেষ অভিযান চালানো জরুরি। অসাধুদের দ্রুত শাস্তি দিলে দেশের অন্যত্র ঘটতে থাকা অনিয়মও প্রতিরোধ করা সম্ভব হবে। ডিপিডিসির কর্তাব্যক্তিরা মিহি সুরে ‘দেখছি, দেখব’ বলে মুখরক্ষা করেছেন, যা দুর্ভাগ্যজনক।