ব্যানার-বিলবোর্ডকে ঘিরে কয়েক স্তরের অনিয়ম বাসা বেঁধেছে, এটা নির্মূলে আরও বিলম্ব করা হলে তা এক ভয়ানক সামাজিক ব্যাধির জন্ম দিতে পারে। ইতিমধ্যে ব্যানার-বিলবোর্ড সন্ত্রাস ও দুর্নীতির বড় উৎস হয়ে উঠেছে। একসময় বাসাবাড়ির দেয়ালে নির্বিচারে পোস্টার লাগানো ও চিকা মারাকেই বিরক্তিকর উপদ্রব হিসেবে দেখা হতো।
অনুমতি ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের যেকোনো ভবনে বা তার সংলগ্ন সীমানাপ্রাচীরে পোস্টার লাগানো বেআইনি হলেও আমাদের সবার চোখের সামনে অহরহ তা লঙ্ঘিত হচ্ছে। এর বিরুদ্ধে তেমন পদক্ষেপ নেওয়া হয়নি, বিষয়টিকে লঘু অপরাধ হিসেবে অগ্রাহ্য করা হয়েছে। এর পথ ধরে এখন কোটি কাটি টাকার বিলবোর্ড অবৈধ ব্যবসায় গড়ে উঠেছে এবং এটা অনুমেয় যে বহু ক্ষেত্রে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এর সঙ্গে জড়িয়ে পড়েছেন। এ ছাড়া প্রভাবশালী নেতাদের মনোযোগ আকর্ষণের জন্য ব্যানার-পোস্টারকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতাও বাড়ছে।
কর্মকর্তা–কর্মচারী বাগ্বিতণ্ডাছাত্রলীগের সম্মেলন উপলক্ষে ব্যানার-বিলবোর্ড ব্যবহারে উদ্বেগজনক বাড়াবাড়ি তারই ধারাবাহিকতা মাত্র। ঢাকার দুই মেয়রই নির্বাচনের আগে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ঘোষণা দিয়েছিলেন; দায়িত্ব নেওয়ার পরও তাঁরা প্রতীকী পরিচ্ছন্ন অভিযান চালিয়েছিলেন। কিন্তু পরিতাপের বিষয়, এর ধারাবাহিকতা লক্ষ করা যায়নি। নবনির্বাচিত দুই মেয়র সক্রিয় না হলে বেআইনি বিলবোর্ড অপসারণ প্রশাসনের জন্য কষ্টসাধ্য প্রক্রিয়া হয়েই থাকবে।
এই প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান ১২ জুনের মধ্যে ছাত্রলীগের সম্মেলন-সংশ্লিষ্ট ব্যানার-বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগকে আমরা নীতিগতভাবে সাধুবাদ জানাই। এটা কার্যকর করা সম্ভব হলে বুঝতে হবে যে দলীয় শৃঙ্খলা বলতে এখনো কিছু অবশিষ্ট রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ছাত্রলীগের সভাপতি সারা দেশে অবৈধভাবে বিলবোের্ডর দখল ছেড়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। ছাত্রলীগ যে কতটা ব্যাপকতায় বর্তমানে এ–সংক্রান্ত অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছে, তার একটা প্রতিফলন সংগঠনটির শীর্ষ নেতার ওই নির্দেশের মধ্যে রয়েছে বললে অত্যুক্তি হবে না।
‘যথাযথ কর্তৃপক্ষের’ অনুমতি নিয়ে বিলবোর্ড ব্যবহার কোনো নীরব সন্ত্রাসকে উসকে দেয় কি না, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত হবে অবৈধ বিলবোর্ডের দখলদারি উচ্ছেদে সময়ের সুযোগকে কাজে লাগানো।