দুটি বেসরকারি টেলিফোন প্রতিষ্ঠান (পিএসটিএন) অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করছিল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সরেজমিনে অনুসন্ধানে তা ধরা পড়ে। তাদের লাইসেন্সও বাতিল করা হয়। আইন অনুযায়ী তাদের ৫০০ কোটি টাকা করে জরিমানা করার কথা। কিন্তু বিটিআরসি একটি প্রতিষ্ঠান থেকে মাত্র তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে। অর্থাৎ সরকারের ক্ষতি হলো প্রায় এক হাজার কোটি টাকা। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) অফিসের নিরীক্ষায় এ অনিয়ম ধরা পড়েছে। বিটিআরসি বলছে যে ওরা ২০০৮ সালের ৫৮ নম্বর অধ্যাদেশের আগের, ২০০১ সালের আইন অনুযায়ী জরিমানা আদায় করেছে। অথচ গ্রামীণফোনের কাছ থেকে জরিমানা আদায় করার সময় তারা সেটা করেনি, ২০০৮ সালের বিধান কার্যকর করেছে।
এক হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ নেইএকই ধরনের অপরাধে দুই রকম বিচার কেন, এ প্রশ্ন স্বভাবতই ওঠে। কোনো কোনো প্রতিষ্ঠানের প্রতি যদি খোদ বিটিআরসি নমনীয়তা দেখায়, তাহলে এই অপরাধ উৎসাহিত হবেই। এবং হচ্ছেও তাই। ভিওআইপি অবাধে চলছে। বাংলাদেশে প্রতিদিন যে সংখ্যক আন্তর্জাতিক কল আসে-যায়, তার খুব কম অংশরই হিসাব অপারেটরদের কাছ থেকে বিটিআরসি পায় বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠিত আন্তর্জাতিক টেলিকল মনিটরিং প্রতিষ্ঠানগুলোর হিসাব থেকে এটা জানা যায়।
অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনার জন্য গত ১০ বছরে অন্তত ছয় হাজার মামলা হয়েছে। কিন্তু এর মধ্যে মাত্র ২০টি মামলার নিষ্পত্তি হয়েছে। সেটাও আবার এক-এগারোর সময়। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিটিআরসির বিশেষ উদ্যোগ প্রয়োজন।
আলোচ্য দুটি ঘটনায় বিটিআরসি যে নমনীয়তা দেখাল, এতে তো সরকারেরই ক্ষতি হলো প্রায় এক হাজার কোটি টাকা। এর দায় কে নেবে? জরিমানা কমানোর জন্য বিটিআরসি পুরোনো আইন ব্যবহার করে ভুল করেছে কি না, তা ভালোভাবে পর্যালোচনা করা উচিত। বিষয়টি এখন সংসদীয় কমিটিতে যাবে। সেখানে ওই দুই অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ জরিমানা আদায়ের ব্যবস্থা হবে বলেই আমরা আশা করি।