বাংলাদেশে নদ–নদী, খাল–বিল, সরকারি জায়গা–জমি যাঁরা জবরদখল করেন, তাঁদের অধিকাংশই জবরদস্ত লোকজন। তাঁদের রাজনৈতিক প্রভাব, টাকা ও পেশির জোরের কাছে দেশের প্রচলিত আইনকানুন, প্রশাসনিক ক্ষমতা, আইন প্রয়োগের ব্যবস্থাসহ সবকিছুই অকার্যকর। মূলত সে কারণেই এ দেশে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য অত্যধিক। ফলে এক দিকে প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, অন্য দিকে রাষ্ট্র বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে।
এই বাস্তবতায় ঢাকায় বুড়িগঙ্গা নদীর অংশবিশেষ থেকে ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী সাংসদের গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে তাঁর প্রত্যক্ষ বাধা অগ্রাহ্য করে তা অব্যাহত রাখার ঘটনা চাঞ্চল্যকর সংবাদ শিরোনাম হয়েছে। চাঞ্চল্যের কারণ এটি একটি ব্যতিক্রমী ঘটনা। এ দেশের আমজনতা বরাবর দেখে আসছে, সরকারের কোনো কর্তৃপক্ষ তাদের বেদখল হয়ে যাওয়া জায়গা–জমি উদ্ধারের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করলে প্রভাবশালী দখলকারীদের বাধার মুখে অচিরেই পিছু হটে যায়। গত বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) লোকজন বুড়িগঙ্গার দখল হয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধার করতে গিয়ে সরকারদলীয় সাংসদ আসলামুল হকের দিক থেকে একই রকম বাধার মুখে পড়েছিলেন। সাংসদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান যে বুড়িগঙ্গার জায়গা জবরদখল করে স্থাপনা নির্মাণ করে আইন লঙ্ঘন করেছে এবং সেই কারণে নৈতিক ও আইনি উভয় বিবেচনায় কাজটি অন্যায়—এই বিবেচনা দৃশ্যত তাঁর মধ্যে জাগেনি। উল্টো তিনি উচ্ছেদকর্মীদের উদ্দেশে সগর্জন হুকুম দিয়েছেন, ‘এই, সব কাজ বন্ধ। সবাই চলে যাও।’ তাঁর পক্ষে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা সম্ভব হয়েছে এই কারণে যে বাংলাদেশে ক্ষমতাধর ব্যক্তিদের একটা বড় অংশ ঔদ্ধত্যের এই চর্চাকে রীতিমতো একটা সংস্কৃতির রূপ দিয়েছে।
তবে উৎসাহব্যঞ্জক বিষয় হলো, সাংসদের গর্জনে কোনো ফল হয়নি; সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ সাংসদের প্রতিষ্ঠানের নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদের কাজ অব্যাহত রেখেছে। এ রকম দৃষ্টান্ত এ দেশে বেশি নেই। কিন্তু প্রশ্ন হলো, সারা দেশে বেদখল হয়ে যাওয়া সরকারি জায়গা–জমি পুনরুদ্ধারের জন্য অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট সরকারি ও আধা সরকারি কর্তৃপক্ষগুলো একই ধরনের দৃঢ়তা দেখাতে পারে না কেন? কেন দেশের সর্বত্র সরকারি প্রশাসন নদ–নদী, খাল–বিল–জলাশয়গুলো অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে পারে না?
বুড়িগঙ্গা, তুরাগসহ ঢাকার চারপাশের নদ–নদী ও জলাশয়গুলো আরও অজস্র অবৈধ দখলদারের কবলে পড়ে বিপন্ন দশায় পড়েছে। তাদের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের লক্ষ্যে অতীতে সাড়ম্বরে অজস্র অভিযান চালানো হয়েছে। কিন্তু কোনো অভিযানই চূড়ান্তভাবে সফল হয়নি; পুনরুদ্ধার করা জায়গা–জমি আবারও জবরদখল হয়ে গেছে। কীভাবে এসব অপকর্ম চলে, তার তদন্ত হয় না, এ জন্য কাউকে জবাবদিহির মুখোমুখি হতে হয় না। তবে দেশের নদ–নদী রক্ষার একটি মহাপরিকল্পনা গৃহীত হওয়া এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর সাম্প্রতিক সময়ে ঢাকার বুড়িগঙ্গা ও তুরাগ এবং চট্টগ্রামে কর্ণফুলী নদী দখলমুক্ত করার লক্ষ্যে পরিচালিত উচ্ছেদ অভিযানগুলো বেশ কার্যকর বলে প্রতীয়মান হচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের ইতিবাচক নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ; কেননা এটা রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ এবং এ থেকে এই বার্তাই স্পষ্টভাবে ছড়িয়ে যায় যে নদ–নদী–জলাশয় জবরদখল করার ক্ষেত্রে কোনো ‘খুঁটির জোর’ আর কাজে আসবে না।
আমরা আন্তরিকভাবে সেটাই কামনা করি।