অব্যবস্থাপনা দূর করতে পদক্ষেপ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়, হাসপাতালের এমআরআই যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে চার বছরের বেশি সময় ধরে। আর সিটি স্ক্যান যন্ত্র নষ্ট আড়াই বছর ধরে। বায়োপসি না করেও ক্যানসার সম্পর্কে নিশ্চিত ধারণা পেতে ‘সেল ভিশন’ নামে একটি যন্ত্র কেনা হয়েছিল সাড়ে তিন কোটি টাকায়। যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থে প্যারিস ভ্রমণে গিয়েছিলেন চারজন চিকিৎসক। কিন্তু ওই যন্ত্র ১০ জন রোগীরও ক্যানসার পরীক্ষায় ব্যবহার করা হয়নি। যন্ত্রটি এখন অচল। অধিকতর সূক্ষ্মভাবে ল্যাপরোস্কপি করা যাবে এই কথা বলে একটি ‘পিন পয়েন্ট ল্যাপরোস্কপি’ যন্ত্র কেনা হয়। এই যন্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন একাধিক অধ্যাপক। কিন্তু যন্ত্রটি ব্যবহার করা হয়নি, পড়ে আছে। এ রকম মোট ৭৪টি যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে। এর মধ্যে ৪৩টি যন্ত্র মেরামতের অযোগ্য। এ কারণে অনেক রোগীকে পরীক্ষা ও চিকিৎসার জন্য বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হয়। এ ছাড়া হাসপাতালে কোনো রেকর্ড রুম নেই। গুরুতর অভিযোগ হচ্ছে হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মচারী নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায়।

ক্যানসার একটি দুরারোগ্য ব্যাধি। তবে সঠিক চিকিৎসা পেলে অনেক ক্যানসার রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। কিন্তু ক্যানসার হাসপাতালের চিত্র যদি এই হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমরা এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। জরুরি ভিত্তিতে ক্যানসার হাসপাতালের সব যন্ত্র ঠিক করতে হবে। এই হাসপাতালে এসে রোগীরা যাতে হয়রানির শিকার না হয় এবং যথাযথ চিকিৎসা পায়, সে ব্যবস্থা করতে হবে।