দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার চিত্র আবারও ফুটে উঠেছে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের নাজুক পরিস্থিতিতে। ৫০ শয্যার মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ ২০০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ জন চিকিৎসা নেন। কিন্তু রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহৃত হয় এমন মৌলিক নানা সরঞ্জামই নেই জাতীয় এই প্রতিষ্ঠানে। জনবলসংকটও রয়েছে। ফলে রোগীরাও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। একটি সরকারি হাসপাতালের এমন করুণ চিত্র একেবারেই অগ্রহণযোগ্য।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠার শুরু থেকেই হাসপাতালটিতে অ্যাম্বুলেন্স নেই। অ্যাম্বুলেন্স চেয়ে হাসপাতালটির পক্ষ থেকে একাধিক চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। কিন্তু এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। জরুরি বিভাগ আছে, তবে রোগীদের আনা-নেওয়ার জন্য নেই কোনো স্ট্রেচার। প্যাথলজিক্যাল ল্যাব থাকলেও কোনো প্যাথলজিস্ট নেই। চারটি লিফটের মধ্যে তিনটির সেন্সর কাজ করে না। প্রায় দুই বছর ধরে এ অবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে এ নিয়ে কোনো মাথাব্যথা নেই তা স্পষ্ট। তা না হলে বছরের পর বছর ধরে এই অবস্থা চলে কীভাবে?
এমআরআই মেশিন নষ্ট হয়ে আছে অনেক দিন ধরে। দুটি এক্স-রে মেশিন থাকলেও তা নষ্ট। মানসিক রোগ মস্তিষ্কের কার্যক্রমের সঙ্গে জড়িত। এমআরআই মেশিন না থাকায় রোগীদের মস্তিষ্কের অবস্থা সম্পর্কে জানা যায় না। প্রশ্ন ওঠে, তাহলে মানসিক রোগীরা এখানে এসে কী সেবা পান? নষ্ট যন্ত্র মেরামত এবং প্রয়োজনীয় আরও যন্ত্র চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হলেও অধিদপ্তরের তরফে সাড়া মেলে না।
স্বাস্থ্য অধিদপ্তরের এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। আমরা এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। জরুরি ভিত্তিতে মানসিক হাসপাতালের প্রয়োজনীয় সব যন্ত্রপাতি মেরামত ও ব্যবহার উপযোগী করতে হবে। এই হাসপাতালে এসে রোগীরা যাতে ভোগান্তির শিকার না হন এবং যথাযথ চিকিৎসা পান, সে ব্যবস্থা করতে হবে।