টার্গেট করে পরিকল্পিত খুনের ধারাবাহিকতায় সর্বসাম্প্রতিক শিকার হলেন ঝিনাইদহের পুরোহিত গোপাল গাঙ্গুলী। ৪৮ ঘণ্টার মধ্যে খুন হলেন তিনজন, যার শুরুটা হয়েছিল চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানমকে হত্যার মধ্য দিয়ে। মাঝে নাটোরে খুন হয়েছেন খ্রিষ্টান মুদি দোকানদার সুনীল গোমেজ। এটা এক চরম বর্বরতা যে এ ধরনের টার্গেট কিলিংয়ের শিকার যঁারা হচ্ছেন, তঁারা সবাই নিরীহ সাধারণ জনগণ।
একই ধরনের এই হত্যাকাণ্ডগুলোর শিকার হচ্ছেন মূলত ধর্মীয় সংখ্যালঘু, ভিন্নমতাবলম্বী, বিদেশি নাগরিক বা ভিন্ন জীবনধারায় বিশ্বাসী লোকজন। মাঝে ব্যতিক্রম হিসেবে খুন হলেন পুলিশ কর্মকর্তার স্ত্রী। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী খুনের সঙ্গে একই চক্র জড়িত থাকলে ধরে নিতে হবে যে এই হত্যাকারী চক্র তাদের নিশানার আওতা বাড়িয়েছে। সাধারণভাবে এসব হত্যাকাণ্ডের সঙ্গে ধর্মীয় জঙ্গিগোষ্ঠীগুলো জড়িত রয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে।
এ ধরনের ঘটনাগুলো ঘটার পর অধিকাংশ ক্ষেত্রেই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের কাছ থেকে ‘দায় স্বীকারের’ ঘটনা ঘটে। নাটোরে খ্রিষ্টান মুদি দোকানদার ও ঝিনাইদহের পুরোহিত হত্যার ঘটনাতেও তাই হয়েছে। আবার পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের জঙ্গিবিরোধী তৎপরতার কারণেই তঁার স্ত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে পুলিশের ধারণা। অন্যদিকে বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই বলে সরকার দাবি করে আসছে। প্রশ্ন হচ্ছে এসব ঘটনা তবে কারা ঘটাচ্ছে? একাধিক গোষ্ঠী জড়িত কি না বা এসব ঘটনা ঘটিয়ে তারা কীভাবে ধরাছোঁয়ার বাইরে থাকতে পারছে, সেগুলো বড় প্রশ্ন হয়ে দঁাড়িয়েছে।
খুনি চক্রের এই বেপরোয়াভাব দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামগ্রিকভাবে সরকারের ব্যর্থতাকেই তুলে ধরছে। এসব হত্যাকাণ্ড যেমন থামানো যাচ্ছে না, তেমনি হত্যাকাণ্ডের পরও খুনিদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি করা যাচ্ছে না। আমরা চাই এ নিয়ে সব বিভ্রান্তি দূর হোক, খুনি চক্র চিহ্নিত ও বিচারের মুখোমুখি হোক।