অভিজিৎ হত্যার দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায় হত্যার দুই মাসেরও বেশি সময় পর এর দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস। এত দিন পর এই দায় স্বীকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে ঘটে যাওয়া এই খুনের রহস্য ভেদ হলো না কেন? কেন সেই ‘আড়ালে পড়া’ খুনিরা গ্রেপ্তার হলো না?
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’–এর সূত্রে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একিউআইএসের প্রধান অসিম উমর এক ভিডিওবার্তায় দাবি করেছেন, তাঁর সংগঠনের সদস্যরাই অভিজিৎকে হত্যা করেছে। অন্যদিকে ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ভিডিওবার্তায় অভিজিৎ ছাড়াও বাংলাদেশি ব্লগার রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম ও করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাকিল আউজকে হত্যার কথা স্বীকার করা হয়েছে। অথচ একিউআইএসের কার্যক্রম শুরু হওয়ার এক বছর আগেই রাজীব খুন হন এবং এর সঙ্গে জড়িতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পুলিশ জানিয়েছে। শফিউল হত্যার তদন্ত নিয়ে র্যাব ও পুলিশ বিপরীত অবস্থানে।
আসলে সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর হাতে এ ধরনের একের পর এক খুনের ঘটনা ঘটলেও সব ক্ষেত্রে খুনিরা ধরা পড়ছে না, ধরা পড়লেও তদন্তকাজ এগোচ্ছে না বলেই বিভ্রান্তি বাড়ছে। অভিজিৎ, ব্লগার রাজীব ও ওয়াশিকুর বা শফিউল—তাঁরা যাদের হাতেই খুন হয়ে থাকুক, তাদের খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই। চলতি বছরে সংঘটিত দুটি খুনের ঘটনায় একটির খুনিদের পুলিশ ধরতেই পারেনি, অন্যটিতে সাধারণ মানুষ দুই খুনিকে ধরলেও এর পেছনে করা রয়েছে, সেই রহস্য ভেদ এখনো হয়নি।
অভিজিৎ বা এ ধরনের হত্যাকাণ্ডের দায় আল–কায়েদা স্বীকার করায় বিষয়টি আবার নতুন করে আলোচনায় এল। একই সঙ্গে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকেও তুলে ধরল। খুনিদের ধরে তাদের পরিচয় নিশ্চিত করার কাজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এখন সবচেয়ে জরুরি হয়ে পড়েছে।