অভিনন্দন তিন সাহসী নারীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রথমআলোর খবর থেকে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ওপর হামলা করেন তিন যুবক। তিনি আহত অবস্থায় পাশের বাড়িতে আশ্রয় নেন। এরপরও আক্রমণকারীরা তাঁর দিকে ছুটে এলে ওই বাড়ির গৃহবধূ আয়েতুন্নেছা ঘরের দরজায় লাঠি হাতে তাঁকে পাহারা দেন। অন্যদিকে হামলাকারীদের একজন সুপারিগাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলে আক্রমণকারী অপর দুই যুবক তাঁকে ইমাম ভেবে ফের আঘাত করতে থাকেন। এ পর্যায়ে আয়েতুন্নেছা পড়ে যাওয়া যুবকটিকে জাপটে ধরে প্রতিবেশী মিনারা ও আছিয়ার সহায়তায় আটক করেন। আয়েতুন্নেছা গত মার্চ মাসেও এ রকম এক হামলাকারীকে আটক করেছিলেন।

প্রথমআলোর খবর থেকে জানা যায়, আটক আক্রমণকারী যুবক ও তাঁর দুই পলাতক সহযোগী ময়মনসিংহেরই একটি মাদ্রাসার শিক্ষার্থী। তাঁরা আহমদিয়া সম্প্রদায়কে শত্রু মনে করেই এই হামলা চালিয়েছেন।

কোনো সম্প্রদায়ের মত ও পথ তাঁদের পছন্দ না হতে পারে। তাই বলে তাদের শত্রু ভাবতে হবে কেন? আইন নিজের হাতে তুলে নেওয়া গুরুতর ফৌজদারি অপরাধ। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ভিন্ন মতাদর্শগত কারণে দলবদ্ধ হয়ে হত্যাচেষ্টার অভিযোগে ওই তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার সঠিক তদন্ত ও অপরাধীদের বিচার হোক। তাঁরা যে মাদ্রাসায় পড়াশোনা করছেন, সেই মাদ্রাসা সম্পর্কেও খোঁজখবর নেওয়া দরকার। এটিও জঙ্গিবাদী কর্মকাণ্ড।

ময়মনসিংহ রেঞ্জে পুলিশের  উপমহাপরিদর্শক চৌধুরী মো. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে ওই তিন নারীর সাহসের তারিফ করেছেন। কিন্তু আমরা মনে করি, তারিফ যথেষ্ট নয়। পুলিশ প্রশাসন তথা সরকারের উচিত হবে তাঁদের পুরস্কৃত করা ও নিরাপত্তা দেওয়া।