অভিনন্দন, দীপঙ্কর তালুকদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ১০০ বছর আগে, ১৯১৬ সালে পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তাঁর আপেক্ষিকতাবাদ তত্ত্বে যে মহাকর্ষ তরঙ্গের অস্তিত্বের বৈজ্ঞানিক অনুমান প্রকাশ করেছিলেন, প্রায় এক হাজার বিজ্ঞানীর একটি দল দীর্ঘ গবেষণা-পর্যবেক্ষণ শেষে তা প্রত্যক্ষভাবে সত্য বলে প্রমাণ করলেন। বিজ্ঞানীদের এই দলের একজন আমাদের বাংলাদেশের সন্তান দীপঙ্কর তালুকদার। এই অসাধারণ কৃতিত্বের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন।
গতকালের প্রথম আলোর প্রধান প্রতিবেদনে দীপঙ্কর তালুকদার ও তাঁর সহযোগী বিজ্ঞানীদের বিশাল কর্মযজ্ঞের কিছু বিবরণ প্রকাশিত হয়েছে। ১৩০ কোটি আলোকবর্ষ দূরের দুটি ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের মিলনের ফলে উৎপন্ন মহাকর্ষ তরঙ্গের সংকেত শনাক্ত করার ঘটনা যতটা অভিনব ও যুগান্তকারী, বাংলাদেশের বরগুনার এক দরিদ্র পরিবারের সন্তান দীপঙ্কর তালুকদারের কৃতির গল্প আমাদের কাছে ততটাই আনন্দদায়ক, গৌরবজনক ও উৎসাহব্যঞ্জক। লেখাপড়া দূরের কথা, তিনবেলা পেটপুরে খেতে পাওয়াই ছিল বিরাট সংগ্রামের ব্যাপার। কিন্তু দীপঙ্কর একের পর এক সব বাধা অতিক্রম করে এক যুগান্তকারী মাইলফলক স্থাপনের অংশীদার হয়েছেন। তিনি দেখিয়ে দিলেন, এ দেশের প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে আছে অপার সম্ভাবনা।
তবে এ কথাও স্বীকার করতে হবে যে দীপঙ্কর তালুকদারের এই সাফল্য বিরল ব্যতিক্রমী দৃষ্টান্ত। এর কৃতিত্ব মূলত তাঁর নিজের ও মা-বাবার। বাংলাদেশ তার লক্ষ-কোটি শিশুর প্রত্যেকের জন্য দীপঙ্করের মতো সাফল্য অর্জনের ব্যবস্থা করেনি। এ দেশের রাষ্ট্রীয় ও বেসরকারি মালিকানায় অনেক বিশ্ববিদ্যালয় আছে; আন্তর্জাতিক পরিসরে বড় বড় বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পে তাদের অংশগ্রহণ নেই বললেই চলে। বিশ্বের কীর্তিমান বিশ্ববিদ্যালয়গুলোর সারিতে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদের তরুণ সমাজের মধ্যে যাঁরা বিরল-ব্যতিক্রমী মেধা ও প্রতিভার অধিকারী, তাঁদের কৃতিত্ব নিঃসন্দেহে জাতির জন্য গৌরবজনক। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, গবেষণা প্রতিষ্ঠানগুলো গুণেমানে সমৃদ্ধ হলে তা সমৃদ্ধ করবে গোটা জাতিকে।
আমাদের আরও অনেক দীপঙ্কর তালুকদারের প্রয়োজন। বিজ্ঞানশিক্ষার ওপর আরও গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো গেলে সেটা সম্ভব।