শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘কংগ্রেশনাল স্বর্ণপদক’ লাভ কেবল তাঁর জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যও অত্যন্ত আনন্দ ও গৌরবের স্মারক। নোবেল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিরল সম্মান—দুটোই এর আগে যাঁরা পেয়েছিলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁদের সবারই রয়েছে অতুলনীয় খ্যাতি। শান্তিতে নোবেল বিজয়ী নরম্যান বারলগ, মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা, ইলি উইসেল, অং সান সু চি ও মাদার তেরেসার নামের সঙ্গে এখন যুক্ত হলো বাংলাদেশের সন্তান এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের নাম। আমরা তাঁকে উষ্ণ অভিনন্দন জানাই। মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোটি কোটি দরিদ্র নারীর ভাগ্য পরিবর্তনেই ভূমিকা রাখেনি, অর্থনীতিতেও গতিসঞ্চার করেছে। বর্তমানে সারা পৃথিবীতে ২০ কোটিরও বেশি মানুষ ক্ষুদ্রঋণের সুবিধা পাচ্ছে। নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্যমুক্তিতে গ্রামীণ ব্যাংকের ভূমিকার প্রশংসা করে কংগ্রেশনাল পদক প্রদান অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান জন বোয়েনার বলেছেন, ‘অধ্যাপক ইউনূস এমন এক কাজ শুরু করেছেন, যা বিশাল একটি বিষয় হতে পারে। তাঁর এই কাজ মানুষকে শ্রেয়তর জীবনের পথে এগিয়ে নেবে।’ অধ্যাপক ইউনূসও স্বীকার করেছেন, ‘বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদক দেওয়া হয়েছে। এটি তাঁর ক্ষুদ্রঋণের স্বীকৃতি। কেবল আমার জন্য নয়, বরং যেসব নারী কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছেন যে প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা পেলে তাঁরা স্বনির্ভর হতে পারেন, তাঁদের হয়ে আমি এই সম্মাননা গ্রহণ করছি।’ বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের হাতে এই পদক তুলে দেন। সারা বিশ্বে মানব কল্যাণে অবদান ও অর্জনের জন্য এই কংগ্রেশনাল স্বর্ণপদক দেওয়া হয়। সম্মাননা গ্রহণ শেষে মুহাম্মদ ইউনূস কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেন। এর আগে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বর্ণপদক পেয়েছিলেন। অধ্যাপক ইউনূস যে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল স্বর্ণপদক পেয়েছেন, তাতে তাঁরই বহুল আলোচিত বক্তব্য ‘আমরা দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবো’ উদ্ধৃত করা হয়েছে। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশসহ সারা বিশ্বে দারিদ্র্যের বিরুদ্ধে পরিচালিত সংগ্রাম এখনো শেষ হয়নি। যত দিন বাংলাদেশে একজন মানুষও দারিদ্র্যের কারাগারে বন্দী থাকবে, তত দিন এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ক্ষুদ্রঋণের পর মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের যে স্বপ্ন দেখেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাও সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্ব অর্থনীতির ১ শতাংশ এই খাতে ব্যয় করলে আগামী পাঁচ বছরে পৃথিবীর চেহারা পাল্টে যাবে বলে তিনি যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা তার সফল বাস্তবায়নই দেখতে চাই।