লিবিয়া থেকে নৌকায় ইতালি যাওয়ার পথে ২৪ জন বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জীবিত উদ্ধার হয়েছেন ৫৪ জন। এঁরা সবাই ছিলেন অভিবাসী, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ তাঁদের ঠেলে দিয়েছে শরণার্থী-জীবনের ভয়াবহ অনিশ্চয়তার দিকে। এই যুদ্ধ যেহেতু িশগগির থামার সম্ভাবনা নেই, সেহেতু মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তায় সরকারের উচিত কার্যকর পদক্ষেপ নেওয়া।
এ বছরে ভূমধ্যসাগরে সলিলসমাধি হওয়া ২ হাজার ৩৭৩ জন শরণার্থীর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি। বঙ্গোপসাগরে এবং থাইল্যান্ড ও মালয়েশিয়ার জঙ্গলেও বহু অভিবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এখন মড়ার উপর খাঁড়ার ঘা দিচ্ছে ভূমধ্যসাগর থেকে ইউরোপগামী বাংলাদেশিদের করুণ ও কঠিন পরিণতি। এ পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য হয়তো বাংলাদেশের নেই। ভুক্তভোগীরা বিভিন্ন দেশের, যুদ্ধও চলছে একাধিক দেশে। একমাত্র আন্তর্জাতিক উদ্যোগই হঠাৎ দুর্ভাগ্যের দশায় পড়া মানুষগুলোকে বাঁচাতে পারে।
২৪ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ৫৪কিন্তু গভীর হতাশা নিয়ে দেখতে হচ্ছে, অভিবাসী ও শরণার্থীদের প্রতি গন্তব্যের ইউরোপীয় দেশগুলো অমানবিক আচরণ করছে। তারা শরণার্থীদের ফিরিয়ে দিচ্ছে, সীমান্তের দুয়ার কঠোরভাবে বন্ধ করা হচ্ছে। অথচ মধ্যপ্রাচ্যের আজকের অশান্তির জন্য ন্যাটো জোটভুক্ত যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ফ্রান্স ও ব্রিটেনের দায়কে অস্বীকার করার উপায় নেই। লিবিয়া ও সিরিয়ার শাসক উচ্ছেদ, ইরাক ও আফগানিস্তানে আগ্রাসনই ওই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী।
সুতরাং মানবিক ও রাজনৈতিক উভয় যুক্তিতেই শরণার্থী সমস্যার সমাধানে তাদের হাত প্রসারিত করতে হবে। প্রথমত, আশ্রয় দিতে হবে, জীবন বাঁচাতে হবে এবং পুনর্বাসনের ভার নিতে হবে। এর জন্য বিশ্ব জনমত সৃষ্টি এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে আলোচনা করে বাংলাদেশকে ভুক্তভোগী দেশগুলোর সঙ্গে শামিল হয়ে সমস্যার সমাধান খুঁজতে হবে। শরণার্থীদের আশ্রয় পাওয়ার আইনি অধিকার দাবি করার ক্ষেত্রেও ভূমিকা নিতে পারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায়ের সক্রিয়তাও দরকার। এ কাজে যত দেরি হবে, তত আরও বেশি বাংলাদেশি নাগরিক মৃত্যুর ঝুঁকিতে পড়বে।