৯ ও ৬ বছরের দুটি শিশু সাকিমা আক্তার ও সাবিদ হাসান। শিশু দুটির মা তাদের ছেড়ে গেছেন। মারা গেছেন বাবাও। ছোট্ট দুটি শিশু মা-বাবার আশ্রয় হারিয়ে এখন দিশাহারা। নিকটাত্মীয়দের আর্থিক সংগতি না থাকায় আজ এ–বাড়ি, কাল ও–বাড়ি করে দিন কাটছে তাদের। ফলে তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রথম আলোর খবর জানাচ্ছে, সাকিমা-সাবিদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বড় ঘিঘাটি গ্রামে। তাদের বাবা আবদুল মজিদ কৃষিকাজ করতেন। সম্প্রতি একটি এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পরিবহনের টিকিট বিক্রির জন্য কাউন্টার খুলেছিলেন। কোনোরকমে কষ্টেসৃষ্টে চলত তাঁর সংসার। সাকিমা তৃতীয় শ্রেণিতে পড়ত আর সাবিদ স্কুলে ভর্তি হয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি ভোরে মজিদের স্ত্রী অন্য এক যুবককে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যান। স্ত্রী যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে মজিদ একরকম পথে পথেই ঘুরতেন। ১৮ মার্চ সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর দুই দিন পর মারা যান।
সাকিমা ও সাবিদের মতো অভিভাবকহীন শিশুরা আমাদের সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। অথচ প্রত্যেক শিশুরই একটি সুস্থ পরিবেশে বিকশিত হওয়ার অধিকার রয়েছে। পিতৃমাতৃহীন বা পিতৃহীন এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদপ্তরের ‘সরকারি শিশু পরিবার’ নামে একটি উদ্যোগ রয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা অপ্রতুল। এসওএস শিশুপল্লির তথ্য অনুযায়ী, বাংলাদেশে অভিভাবকহীন বা এতিম শিশুর সংখ্যা ৪৪ লাখ। তাদের মধ্যে ৬৫ দশমিক ৮০ শতাংশ শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভোগে।
১৮ বছর বয়স পর্যন্ত এ ধরনের সব শিশুর ভরণপোষণসহ অন্যান্য সব দায়িত্ব রাষ্ট্রের হাতে থাকা উচিত। যদিও এ জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যেটার সংস্থান করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। বাংলাদেশে নিঃসন্তান দম্পতির সংখ্যা ২৫ লাখের কাছাকাছি। অভিভাবকহীন শিশুরা এ রকম অনেক দম্পতির কাছে পারিবারিক আবহে বেড়ে উঠতে পারে। শিশুদের জন্য সেটাই সবচেয়ে দরকারি। এ জন্য যেসব আইনগত ও সামাজিক বাধা আছে, প্রয়োজনে সেগুলো সংস্কার করা প্রয়োজন বলে আমরা মনে করি। সাকিমা ও সাবিদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দাঁড়াতে হবে।