অভিমত ভিন্নমত
জনসংখ্যা বিস্ফোরণ: এখনই কিছু করুনবর্তমানে যে সমস্যাটি আমাদের সমাজকে গ্রাস করতে যাচ্ছে, তা হলো জনসংখ্যা বিস্ফোরণ। গত শতাব্দীর নব্বইয়ের দশকে এই জনসংখ্যা নিয়ে সরকার এবং বিভিন্ন সংস্থার নানাবিধ বাস্তবমুখী কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল। এর ফলে জনসংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছিল। কিন্তু জনসংখ্যা খাতে সামান্য সাফল্য দেখে পরবর্তী সরকারগুলো এর ওপর থেকে মনোযোগ সরিয়ে নেয়।আমাদের স্বপ্নের ছোট্ট এ বদ্বীপটি কেমনভাবে যে এই বর্ধিত জনসংখ্যার চাপ সহ্য করছে, তার প্রমাণ অপরিকল্পিত ঢাকা মহানগর। প্রতিদিন সকাল সাতটায় রাজপথে বের হয়ে নগরবাসীকে এই মহা বিস্ফোরণের সঙ্গে যুদ্ধ করে রুটি-রোজগারের অন্বেষণ করতে হয়। পুরুষের চেয়ে নারীর বিড়ম্বনা আরও বেশি।যাঁরা জনসংখ্যাকে সম্পদ বলে গলা ফাটান, তাঁদের আমি বলতে চাই, একটি দেশের নির্দিষ্ট পরিমাণ জনগোষ্ঠী সম্পদ হতে পারে, কিন্তু জনসংখ্যার বিস্ফোরণ কখনো সম্পদ হতে পারে না। অনেকে যুক্তি দেন, বর্ধিত জনসংখ্যাকে যদি দক্ষ করা যায়, তাহলে তা সম্পদ হিসেবে গণ্য হয়। কিন্তু এ দেশে তা সম্ভব হচ্ছে না দুর্বল অর্থনীতির কারণে। এর বিরূপ প্রভাব লক্ষ করা যায় সব ক্ষেত্রে। খাদ্যের ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ আরও ভয়াবহ।জনসংখ্যা নিয়ে বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন মাথা ঘামায় না। দেশের সার্বিক কল্যাণের দিকে তাদের নজর কম। সাংসদেরা সংসদে যান জনকল্যাণের কথা বলে, কিন্তু নির্বাচিত হওয়ার পর তাঁরা নিজের কল্যাণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দেশে কখনোই জবাবদিহিমূলক রাজনীতি গড়ে ওঠেনি।জনসংখ্যা নিয়ন্ত্রণে কিছু সুপারিশ:প্রথমত, দেশের মঙ্গলের জন্য প্রয়োজনে কঠিন আইন প্রণয়ন করতে হবে। যেমন—চীনের মতো এক সন্তান নীতি আমাদের গ্রহণ করতে হবে।দ্বিতীয়ত, বর্তমানে যাঁরা এক সন্তানের জনক-জননী, তাঁদের পুরস্কারের ব্যবস্থা করতে হবে। এতে অন্য দম্পতিরা এক সন্তান নিতে উৎসাহিত হবেন।তৃতীয়ত, জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। তারা একটি সন্তানের ওপর ভরসা করতে পারে না। তাই বাবা-মা বেশি সন্তান কামনা করেন। কিন্তু সরকার যদি এমন কার্যক্রম গ্রহণ করে, যাঁদের একটি সন্তান আছে, সে যদি দুর্ঘটনায় পতিত হয়, তাহলে ওই সন্তানের বাবা-মায়ের দায়িত্ব বা নিরাপত্তা সরকার দেবে।চতুর্থত, মাঠপর্যায়ে পরিবার-পরিকল্পনাকর্মীদের ব্যাপক সংখ্যায় নিয়োগ করতে হবে, যাতে এ সমস্যা দ্রুত দূর করা যায়।সূর্যদেব বিশ্বাসসমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।‘কারিগরি শিক্ষা সবার জন্য’মুহম্মদ জাফর ইকবাল আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। গত ১৩ নভেম্বর প্রথম আলোয় ছাপা হয় তাঁর লেখা ‘কারিগরি শিক্ষা সবার জন্য’। লেখাটির শুরুতে তিনি লিখেছেন, ‘একজন ছাত্র যে বিষয়টি আগে কখনো দেখেনি, যদি সেটাকেও সে বিশ্লেষণ করতে পারে, তাহলে বুঝতে হবে, সে খানিকটা হলেও লেখাপড়া শিখেছে।’ তাঁর এই কথার সঙ্গে একমত হতে পারলাম না। কারণ, ধরুন, আমি একটি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। সেখানেই পড়াশোনা করছি এবং আমি পড়ালেখায় খুব ভালো। কিন্তু কম্পিউটার কী, সে সম্পর্কে আমার ধারণা খুবই কম, এমনকি কোনো দিন দেখিওনি। আমি একদিন ঢাকায় আমার এক আত্মীয়ের বাসায় এলাম। ওই বাসার ছেলেমেয়েরা আমাকে তাদের ল্যাপটপ দেখাল। এই পরিস্থিতিতে যদি ল্যাপটপের জায়গায় কম্পিউটার দেখাত, তাহলে হয়তো বুঝতাম যে এটা কম্পিউটার। কিন্তু আমি তো কোনো দিন ল্যাপটপ কী বা দেখতে কেমন, তা জানতাম না। তাহলে কী করে বলব, এটা কী? আর হয়তো এর দ্বারা কী করা যায়, তারা আমাকে বুঝিয়ে দিল; কিন্তু এর নাম আমাকে বলল না। আমি হয়তো এর একটি নাম বললাম, তাহলে কি তা ঠিক হবে? অবশ্যই না। আমি শুধু এই কথায় বিশ্বাসী যে কোনো কিছু বিশ্লেষণ করার আগে সে সম্পর্কে একটু হলেও জানা উচিত। আর জানাটাকেই আমরা বলি লেখাপড়া।বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আমাদের নিজেদের বানিয়ে লেখা সমর্থন করে, হয়তো কিছু শিক্ষকও করেন। কিন্তু বেশির ভাগ শিক্ষকই চান বইয়ের ছাপ। আমি ইংলিশ মাধ্যমে পড়ি, অষ্টম শ্রেণীতে। আমাদের পদার্থ, রসায়ন ও জীববিদ্যার কোনো সংজ্ঞা একটু বানিয়ে লিখতে গেলেই নম্বর কমে যায়। আর নম্বর কমে গেলেই মা-বাবার বকাঝকায় আমরা বইয়ে দেওয়া সংজ্ঞা হুবহু মুখস্থ করি এবং এভাবে মুখস্থ করে যখন দেখি, নম্বর অনেক বেড়ে গেছে, তখন চিন্তা বা কল্পনা ছেড়ে দিয়ে মুখস্থই করি। আর এভাবেই আমাদের দেশের শিক্ষিত ছেলেমেয়েদের চিন্তাশক্তি বা নতুন কিছু করার ক্ষমতা একদমই কমে যায়। মুখস্থবিদ্যা এমন প্রভাব ফেলেছে যে বাংলা মাধ্যমে দেখি, সৃজনশীল লেখা বা অনুচ্ছেদ লিখনও শিক্ষার্থীরা মুখস্থ করে যায় এবং খুব ভালো নম্বর বা গ্রেড পায়। এ দেশের পড়াশোনা মানেই সারা দিন কোচিং আর ভালো নম্বর—এভাবে আর কত দিন! কোনো খেলার মাঠ নেই, নেই কোনো সময়। খেলার কথা বললেই মা-বাবা বলেন, ‘অনেক খেলেছ, এখন পড়ো।’ এভাবে কি কোনো শিশুর চিন্তাশক্তি বাড়বে? এর কী সমাধান?বেহাগ জামিল খানঅষ্টম শ্রেণীর ছাত্রশব্দ ব্যবহারে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিপ্রথম আলো কেবল সংবাদ পরিবেশনায় সীমাবদ্ধ থাকেনি, সমাজের নানা গঠনমূলক কাজেও অংশ নিয়ে আসছে সূচনাপর্ব থেকেই। পত্রিকার এই গঠনমূলক কাজের অংশ হিসেবে কোথাও না কোথাও পড়েছি, আপনারা বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার এবং প্রসারেও আগ্রহী। আমরা যারা প্রবাসে বসে প্রতিনিয়ত চর্চার মাধ্যমে নিজের মাতৃভাষাকে আঁকড়ে থাকতে চাই, তাদের জন্য দেশের বাংলা সংবাদপত্র দারুণ সহায়ক। আর আমার মতো অল্প কয়েকজন যারা বাংলা পড়ানোর কাজে জড়িত, তাদের জন্য তা পাঠদানের আবশ্যক উপকরণও। কিন্তু একটা ব্যাপার বেশ অসোয়াস্তি এনে দিচ্ছে। লক্ষ করছি, ইদানীং কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই পত্রপত্রিকাগুলোতে বাংলা পরিভাষার বদলে আকছার ইংরেজি শব্দ ব্যবহূত হচ্ছে। এ রকমই একটি শব্দ হচ্ছে ‘ইভ টিজিং’।ইংরেজিভাষী বিশ্বে আছি দুই যুগেরও বেশি। এখানকার গণমাধ্যমে সাংবাদিকতার সূত্রেও কখনো শব্দটি ব্যবহূত হতে দেখেছি বলে মনে পড়ে না। উইকিপিডিয়ার শরণাপন্ন হয়ে বুঝলাম শব্দটার উদ্ভব, ব্যবহার একান্তই দক্ষিণ এশীয় এবং এর যাথার্থ্য নিয়ে নারীবাদী এবং বিদ্বৎমহলে যথেষ্ট প্রশ্ন কেবল নয়, এটিকে বাদ দেওয়ার পরামর্শও রয়েছে। আমার অসোয়াস্তি হচ্ছে, আমাদের মতো সমাজে যেখানে জনগণের একটা বিরাট অংশ নিরক্ষর এবং সাক্ষরদের বেশির ভাগই প্রাথমিক এবং মাধ্যমিকের জ্ঞানবলয়ে বন্দী, সেখানে ‘উত্ত্যক্ত করা’র মতো বোধগম্য বাংলা ব্যবহারে অনাগ্রহ কেন? ‘ইভ’ শব্দের মধ্যে ধর্মীয় (বাইবেলে বর্ণিত চরিত্র) নিষ্কলুষতার যে ইঙ্গিত রয়েছে, সেটার অনুষঙ্গ বাংলায় যেমন দরকার নেই, তেমনি ‘ইভ টিজিং’-এ নিহিত সৎ থাকার দায়টা নারীর ওপরই বর্তানোর প্রচ্ছন্ন পুরুষকেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটার উচ্ছেদও জরুরি মনে করছি। ইকবাল হাসনু, টরন্টো, কানাডা।চাকরিতে জ্যেষ্ঠতাআমাদের দেশে সরকারি অফিসগুলোতে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতাকেই অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই কাজ করুক আর না-ই করুক, যেকোনো উপায়ে জ্যেষ্ঠতা লাভ করতে সবাই সচেষ্ট; কারণ পদোন্নতির মাপকাঠি জ্যেষ্ঠতা। এমন অনেক বয়োজ্যেষ্ঠও তো আছেন, যাঁরা নিজেদের পুরোনো সংস্কার দ্বারা প্রভাবিত হয়ে নানা বাধার বেড়াজালে অন্যদের পথচলাকেও বাধাগ্রস্ত করে তুলতে চেষ্টা করেন। তাই বয়োজ্যেষ্ঠতাই পদোন্নতির প্রধান মাপকাঠি হওয়া মোটেই ঠিক নয়। কারণ বয়োজ্যেষ্ঠতার সঙ্গে সততা, দক্ষতা, বুদ্ধিমত্তা ও বলিষ্ঠতা, নেতৃত্বদানের ক্ষমতা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণ ও প্রদানের ক্ষমতা—এসবের মূল্য না থাকলে অযোগ্য লোকের দায়িত্বশীল পদমর্যাদা গ্রহণের পথ সুগম হয়ে উঠবে এবং অফিসগুলোতে ধারাবাহিক ও গতিশীল সুষ্ঠু কাজের পরিবেশ নষ্ট হয়ে পড়বে এবং ‘চেইন অব কমান্ড’ও ভেঙে পড়বে।দেশ ও জাতির উন্নতির স্বার্থে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর দিকেও সরকারের এখনই মনোযোগ দিতে হবে। বয়োজ্যেষ্ঠ বা সমসাময়িক দুজনের মধ্যে জ্ঞান, মেধা বা বুদ্ধিতে একজনের চেয়ে অন্যজন কম যোগ্য হলেও হতে পারেন, এই সত্য উপলব্ধি করতে হবে।ড. জাকিয়া বেগম, পরমাণুবিজ্ঞানী।সরকার ও বিরোধী দলের দায়বদ্ধতাদেশের সরকার কিংবা বিরোধী দল—কেউই এই দায়বদ্ধতার বাইরে নয়। সভ্যতার প্রাচীনকাল থেকে প্রতিহিংসার এই বিষ ধ্বংস করেছে অনেক পরিবার, সমাজ তথা গোটা রাষ্ট্রকে। যে বিষ আমাদের এই সম্ভাবনাময় ক্ষুদ্র দেশটিতে বিরাজমান। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তথা উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা সেখানে প্রতিহিংসার বদলে দেখতে পাই সহযোগিতা, সহমর্মিতা ও পারস্পরিক সমঝোতা। ফলে সেখানকার উন্নতির মাপকাঠি সামনের দিকেই যাচ্ছে। অথচ বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দারিদ্র্যপীড়িত এই দেশের সরকার আগের সরকারের দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বদল করতে প্রচুর অর্থ ব্যয় করছে—তাদের সরকারি বাড়ি থেকে উচ্ছেদ করছে, তাদের সম্পত্তি নিয়ে মাথা ঘামাচ্ছে। আবার জবাবে বিরোধী দল সরকার পতনের জন্য হরতালসহ নানা কর্মসূচি হাতে নিচ্ছে। ক্ষমতায় থেকে যারা হরতাল, ধর্মঘটকে নিন্দা করেছে; ক্ষমতা হারিয়ে তারা এগুলোর জয়গান করছে, আন্দোলনের প্রয়োজন ব্যাখ্যা করছে। আর এই দুই দলের প্রতিহিংসার বলি হচ্ছে সাধারণ, শান্তিপ্রিয় ও নিরীহ জনগণ।১৫ কোটি মানুষের ক্ষুদ্রায়তন এই দেশটি যদি এত সমস্যায় জর্জরিত হয়, নিজেদের মধ্যে নিয়ত হয়রানি ও দুর্ভোগে পড়তে হয়, তবে শত সংগ্রামের মাধ্যমে অর্জিত সেই স্বাধীনতার মূল্য কোথায়? তাই আসুন, প্রতিহিংসা ভুলে লাখো শহীদের প্রাণের বিনিময়ে পাওয়া এই বিজয়ের মাসে দলমত-নির্বিশেষে দেশ ও মানুষের কল্যাণের জন্য সরকার, বিরোধী দল, জনগণ তথা সবাই একসঙ্গে হাত মেলাই।মো. আলী আহমেদ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা।