অভিমত ভিন্নমত
অ্যান্টিবায়োটিক কেন কার্যকারিতা হারাচ্ছেকয়েক দিন ধরে কৌশিক সাহেবের হালকা জ্বর-জ্বর লাগছে। নাক দিয়ে পাতলা পানি ঝরছে, হাঁচি আসছে। অস্বস্তি লাগছে, তাই তিনি গেলেন পাড়ার মোড়ে ওষুধের দোকানে। দোকানি সব শুনে বললেন, ইনফ্লুয়েঞ্জা হয়েছে। দোকানি তাঁকে কিছু জ্বরের বড়ি এবং প্রতিটি ৩০ টাকা দামের কতগুলো অ্যান্টিবায়োটিক বড়ি দিলেন। ওষুধ খেয়ে সাত-আট দিন পর কৌশিক সাহেব সুস্থ হলেন।ওপরের গল্পটা কাল্পনিক হলেও আমাদের দেশে ওষুধের দোকানিদের ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার ঘটনা কিন্তু কাল্পনিক নয়। ছোটখাটো রোগবালাইয়ের এখন তাঁরাই চিকিৎসা করেন। তাঁদের অনেকেরই চিকিৎসার দক্ষতাও অনেক ভালো। কিন্তু তা সত্ত্বেও সামান্য অসুখেই তাঁরা উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন। তাঁরা যেসব রোগে এমনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, তার বেশির ভাগ রোগ সারাতে কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নেই। আর কিছু রোগ খুবই সস্তা এবং নিরাপদ অ্যান্টিবায়োটিক দিয়ে সারানো সম্ভব। এর পরও তাঁরা সামান্য ভাইরাস জ্বরে এজিথ্রোমাইসিনের মতো অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। কিন্তু ভাইরাল জ্বর যেমন—ইনফ্লুয়েঞ্জায় অ্যান্টিবায়োটিকের কোনো কার্যকারিতা নেই। কারণ অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়াকে মারতে পারে, ভাইরাসকে নয়।যেখানে ইনফ্লুয়েঞ্জা জ্বর ভালো করতে কোনো ওষুধেরই প্রয়োজন নেই, সেখানে অ্যান্টিবায়োটিকের মতো একটা বিপজ্জনক ওষুধ ব্যবহার করা কতটা ভয়ংকর ব্যাপার হতে পারে, তা সহজে অনুমান করা যায় না।হয়তো প্রশ্ন মনে হতে পারে, যে ওষুধ রোগ সারিয়ে মানুষকে সুস্থ করে তোলে, তা কেন বিপজ্জনক হবে? কারণ, সব ওষুধেরই একটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কারও কম, আবার কারও বেশি। পার্শ্বপ্রতিক্রিয়া অনেক সময় রোগীর মৃত্যুর কারণও হতে পারে। ওষুধের দোকানিরা এসব ওষুধ হরহামেশাই ব্যবহার করেন। প্রথমত, তাঁরা ব্যবসায়িক দিকটা বিবেচনা করেন, আর বাকিটা তাঁরা জ্ঞানস্বল্পতার কারণে করে থাকেন।আর অ্যান্টিবায়োটিক এমনই একটা ওষুধ, যার বিরুদ্ধে ব্যাকটেরিয়া খুব সহজেই প্রতিরোধ সৃষ্টি করতে পারে। তাই এর ব্যবহার খুবই সতর্কতার সঙ্গে করতে হয়। কিন্তু ওষুধের দোকানিরা এখন ওই সব ওষুধ মানুষকে মুড়ির মতো খাওয়াচ্ছেন। তাতে সতর্কতার কোনো বালাই নেই। এই প্রতিরোধ হয় অ্যান্টিবায়োটিকের ভুল প্রয়োগের কারণে। সঠিকভাবে ব্যবহার করলে ব্যাকটেরিয়াগুলো মারা যায়, কিন্তু যখন বেঠিকভাবে ব্যবহার করা হয়, তখন ব্যাকটেরিয়া না মরে বেঁচে থাকে। তখন তারা ওই অ্যান্টিবায়োটিককে চিনে ফেলে এবং তার বিরুদ্ধে নিজের চারপাশে বাঁচার জন্য বর্ম তৈরি করে, তখন সেই ব্যাকটেরিয়াকে ওই অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যায় না। ওই ব্যাকটেরিয়াকে মারতে আরও অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়।মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের আমার শ্রদ্ধেয় শিক্ষক ক্লাসে একদিন বলেছিলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা সংক্রামক রোগে মারা গেছেন আর আমাদের উত্তরপুরুষেরাও ওই একই অসুখে মারা যাবে। পার্থক্য শুধু একটাই: পূর্বদের বেলায় অ্যান্টিবায়োটিক ছিল না বলে চিকিৎসার অভাবে মারা গেছেন, আর উত্তরেরা মারা যাবে তখন অ্যান্টিবায়োটিক থাকবে, কিন্তু কাজ করবে না। কারণ ব্যাকটেরিয়া ওই সব অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে ফেলবে।’ সত্যিই যদি এমন হয়, তবে সামান্য ব্যাকটেরিয়ার কাছে সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ অসহায় হয়ে পড়বে। তাহলে এই মহাসংকট থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্ক থাকতে হবে। এর অবাধ, যত্রতত্র ও অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করতে হবে। শুধু যেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োজন, সেখানে ব্যবহার করতে হবে। শুধু তা-ই নয়, সঠিক নিয়মে এবং সঠিক ডোজে ব্যবহার করতে হবে। চিকিৎসক ব্যতীত কেউ যেন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব না করেন, সে জন্য ব্যবস্থা নিতে হবে। যে রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, তাকে স্পষ্টভাবে বলে দিতে হবে, কখন কীভাবে খেতে হবে, কয়টা খেতে হবে এবং কত দিন খেতে হবে।আর ওষুধের দোকানিদের উদ্দেশে বলছি, আপনারা না জেনে শুধু ব্যবসায়িক দিক চিন্তা করে কাউকে অ্যান্টিবায়োটিকের মতো বিপজ্জনক ওষুধ দেবেন না। কারণ, অনিয়ন্ত্রিত ব্যবহারে পুরো মানবজাতি হয়তো একদিন ধ্বংসের মুখে পড়বে। তখন রোগ থেকে উদ্ধারকারী ত্রাণকর্তা অ্যান্টিবায়োটিক আমাদের সাহায্য করতে পারবে না।মুহাম্মদ মোস্তফা হুসাইনমির্জানগর, সাভার, ঢাকা।আটক শ্রমিকনেতাদের মুক্তি দিন২১ ডিসেম্বর প্রথম আলোয় আনু মুহাম্মদের কলাম পড়ে আমার ব্যক্তিগত মত ব্যক্ত করার দায় বোধ করছি। বারবার শ্রমিকেরা পথে নামছে। বেতন-ভাতার দাবিতে বিভিন্ন অঞ্চলে শ্রমিক বিদ্রোহ চলছে। বিদ্যমান সংকটের ন্যায্য সমাধান করতে পারেনি কেউ। গত শ্রমিক বিদ্রোহের পর সরকার একটি বেতনকাঠামো নির্ধারণ করে, যা বাস্তবায়নের কথা তিন মাসের মধ্যে। যদিও ঘোষিত বেতনকাঠামো একেবারেই অপ্রতুল। কোরবানির আগে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবি করেছিল শ্রমিক সংগঠনগুলো। বেতন না পেলেও শ্রমিকদের দাবি ছিল, অন্ততপক্ষে উৎসব-ভাতা ও বকেয়া বেতন দেওয়া হোক। কোরবানির পরও নতুন বেতনকাঠামো বাস্তবায়ন না করে উল্টো বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। শ্রমিকের আন্দোলন মূলত এ কারণে।প্রতিবার শ্রমিক বিদ্রোহের পরপর একই কথা বলা হয়। কারা, কেন এর জন্য দায়ী, তা জানা যায় না। কোনো তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখে না। শ্রমিক আন্দোলনকে দাবিয়ে রাখতে বিদেশিদের পরামর্শে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করা হয়েছে। অস্বীকার করা যাবে না, শ্রমিকের মধ্যে অসন্তোষ বিদ্যমান। প্রশ্ন হলো, কেন অসন্তোষকে জিইয়ে রাখা হচ্ছে? কোনো গ্রহণযোগ্য সমাধানের পথে কেন পা বাড়ানো হচ্ছে না?বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা, প্রতিবাদের গণতান্ত্রিক অধিকারের কথা বারবার বলা হচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করার কারণে শ্রমিকনেতা কমরেড মোশরেফা মিশুর গ্রেপ্তার দুঃখজনক। একজন প্রগতিশীল শ্রমিকনেতার প্রতি এ আচরণ অগ্রহণযোগ্য ও ঘৃণ্য। সরকারের উচিত শ্রমিকনেতাদের মুক্তি দিয়ে তৈরি পোশাকশিল্পে সুষ্ঠু ও শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।হাসান তৌফিক ইমামশিক্ষার্থী, আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়।প্রতিবন্ধীরা কেন বঞ্চিত থাকবে১৯৯৫ সালের জাতীয় প্রতিবন্ধীবিষয়ক নীতিমালা, ২০০১ সালের প্রতিবন্ধীকল্যাণ আইন, বাংলাদেশ সরকারের ১৯৯৮ সালের জাতীয় ক্রীড়ানীতি, বাংলাদেশের সংবিধানের ৭, ১৫, ১৭, ১৯, ২৩ ও ২৭ অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের ক্রীড়া, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতকরণের আইনি অধিকারের কথা রয়েছে।প্রতিবন্ধী ব্যক্তিরা হতাশায় নিমজ্জিত হয়ে নানা রকম শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন। প্রত্যেক মানুষের প্রয়োজন শরীর ও আত্মাকে মানসিক চাপ ও রোগ থেকে মুক্ত রাখার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা। তার জন্য প্রয়োজন শারীরিক ব্যায়াম, খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ। অনুকূল পরিবেশ, অনুপ্রেরণা, সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে তারা ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করতে পারছে না। যদিও প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা, প্রতিভা ও সক্ষমতা রয়েছে। তাদেরকে মূলধারার ক্রীড়া ও বিনোদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মধ্য দিয়ে প্রতিভার বিকাশসাধন সম্ভব। এ ব্যাপারে সরকার, সমাজ ও পরিবারকে যেসব পদক্ষেপ নিতে হবে তা হলো:১. সচেতনতা সৃষ্টির মাধ্যমে শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মৌলিক অধিকার অর্জনের মাধ্যমে তারা তৃণমূল পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে, বিশেষ করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সম-অধিকার ও সমসুযোগ নিশ্চিত করতে পারবে। এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।২. সামাজিক, শারীরিক, মানসিক বাধা ও হীনম্মন্যতা দূর করে তাদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা যে সমাজ ও পরিবারে বোঝা নয়, সে সম্পর্কে সমাজে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার।৩. সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, যাতে তারা আর সব সাধারণ শিশুর মতো নিজেদের ভাবতে শেখে এবং উপযুক্ত পরিবেশে নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়। ৪. শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করলে তা ক্রীড়া ও সাংস্কৃতিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম উন্নয়নের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রয়োজন। একই সঙ্গে বর্তমান ক্রীড়ানীতি পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করতে হবে।৫. সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নের জন্য কাজ করা যেতে পারে। এ বিষয়ে করপোরেট সেক্টরগুলোকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসতে হবে। ৬. সরকারি ও বেসরকারি পর্যায় থেকে শিশুসহ প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী ও পর্যাপ্ত উপকরণ সরবরাহ করতে হবে।৭. প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করা হলে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করতে পারবে এবং শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগও সৃষ্টি হবে।৮. প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কর্মসংস্থানের উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা বাঞ্ছনীয়।মো. হাফিজুর রহমানব্লাইন্ড ক্রিকেটার বি-২, ক্যাপ্টেন, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিম, প্রকল্প সমন্বয়কারী, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি।বেবিদের পরিচালকেরা বেবি নন২২ ডিসেম্বর প্রথম আলোয় ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস’ শীর্ষক লেখাটি পড়লাম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্থায়ী ক্যাম্পাস করার যে শর্ত দিয়েছে, তা নিয়ে লেখক আলোচনা করেছেন। তিনি প্রাথমিকভাবে মঞ্জুরি কমিশনের এ শর্তকে গ্রহণযোগ্য বললেও পরবর্তী সময়ে তাঁর আলোচনায় প্রকারান্তরে এর বিরোধিতা করেছেন।তাঁর প্রধান যুক্তি, বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ক্যাম্পাস থাকতে হবে, এটি নাকি ঔপনিবেশিক ধারণা। বাংলাদেশ যেহেতু ঘনবসতিপূর্ণ দেশ, তাই হাটবাজার, রাস্তা এসবের মধ্যেই শিক্ষাকার্যক্রম চালাতে হবে। কথাগুলো শুনতে ভালো, কিন্তু কার্যকর নয় মোটেই। কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ক্যাম্পাস ঔপনিবেশিক ধারণা—এটি তিনি কীভাবে বলেছেন? এটি তো একটি বৈশ্বিক ধারণা। দ্বিতীয়ত, একটি বিশ্ববিদ্যালয়ের জন্য এক একর জায়গা মোটেই বড় নয়। হোক তা বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে শিক্ষাব্যবস্থার সঙ্গেও ছাড় দিতে হবে, এটা কেমন কথা? জানি, এভাবেই বাংলাদেশের অনেক স্কুল-কলেজ চলে। সেটা চলে বাধ্য হয়ে। অথচ যাদের সাধ্য আছে নিজস্ব ক্যাম্পাস করে এ পরিবেশ থেকে দূরে সরে যাওয়ার, তারা কেন যেতে চাইবে না? পোশাক কারখানার ওপর কিংবা শপিং কমপ্লেক্সের বেজমেন্টে ক্লাস হবে, শিক্ষার আনুষঙ্গিক উপাদান থাকবে না আর সেই শিক্ষাকে মানসম্পন্ন উচ্চশিক্ষা দাবি করা হবে কিংবা বাংলাদেশের জনসংখ্যার কথা উল্লেখ করে নিজস্ব ক্যাম্পাসে যাওয়া যাবে না—এমন যুক্তি একদমই গ্রহণযোগ্য নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকেরা জনসংখ্যার কথা চিন্তা করে বড় বাড়ি করা থেকে বিরত থেকেছেন কিংবা ট্রাফিক জ্যামের কথা চিন্তা করে গাড়ি কেনা থেকে? তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য জমি কেনার সময় গড়িমসি কেন?লেখক সরকারি খাসজমির সুবিধা নেওয়ার কথা বলেছেন, সেটা ভালোই। যদি তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অতিরিক্ত সুবিধা চেয়ে বসেন, তাহলেই সমস্যা। সুবিধা নেওয়ার সময় শিক্ষাপ্রতিষ্ঠান আর ছাত্রদের কাছ থেকে উচ্চ বেতন নেওয়ার সময় বাণিজ্যিক প্রতিষ্ঠান; এই স্ববিরোধিতা চলতে পারে না।লেখকের আরেকটি যুক্তি হচ্ছে, যদি এসব ক্যাম্পাসবিহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়, তবে অনেক ছাত্র বিদেশের অখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পড়তে চলে যাবে। এতে দেশের টাকা বিদেশে চলে যাবে। খুবই মহৎ উদ্দেশ্য, সন্দেহ নেই। কিন্তু দেশের টাকা দেশেই রাখা হবে, অথচ শিক্ষার মান নিশ্চিত করা হবে না, তাহলে উদ্দেশ্য কী দাঁড়ায়, টাকা, না শিক্ষা?ওপরের আলোচনা থেকে কেউ যদি মনে করেন, উচ্চশিক্ষার জন্য নিজস্ব ক্যাম্পাসই সবচেয়ে জরুরি, তা ভুল। তবে বিশ্ববিদ্যালয়ের ধারণার প্রাথমিক শর্তগুলোর একটি হচ্ছে উন্মুক্ত ক্যাম্পাস। প্রাথমিক বিষয়গুলো নিশ্চিত করার পরই আসে গৌণ বিষয়। বিশ্ববিদ্যালয় একটি বৈশ্বিক ধারণা, এর মানও নির্ধারিত হয় আন্তর্জাতিক মাপকাঠিতে। সেই মাপকাঠিতে বাংলাদেশ দরিদ্র কি ধনী, বেশি জনসংখ্যা না কম, তা আলোচিত হবে না; সেখানে গুরুত্ব পাবে শুধু শিক্ষার মান। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে লেখক বেবি হিসেবে সম্বোধন করলেও এই বেবিদের পরিচালকেরা মোটেই বেবি নন। সুতরাং নিজেদের শিক্ষাকে মানোত্তীর্ণ দাবি করতে হলে আগে তাঁদের শিক্ষার মৌলিক শর্তগুলো পূরণ করতেই হবে।দিগ্বিজয় দেগবেষণা শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected]ভাসানী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কত দিনটাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি অনার্স ইন ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স প্রোগ্রামটিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ফুড টেকনোলজি প্রোগ্রামে রূপান্তর করার দাবিকে কেন্দ্র করে সেখানে সংঘাত ও অচলাবস্থাও চলছে। গত ২১ সেপ্টেম্বর ডিগ্রি পরিবর্তনের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলরের কার্যালয় অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করেন। ধর্মঘট প্রত্যাহারে শিক্ষার্থীরা সাড়া না দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের পুলিশ দিয়ে উচ্ছেদ করে। পুলিশ শিক্ষার্থীদের বেধড়ক পিটুনি দেয় এবং অনেককে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট বিষয়ের ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।ডিগ্রি পরিবর্তনের দাবি যদি যুগোপযোগী ও যৌক্তিক হয়, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি কয়েকটি ইঞ্জিনিয়ারিং বিষয় অন্তর্ভুক্ত করে তাঁদের ডিগ্রিকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে পরিবর্তন করতে পারত না? এ জন্য বল প্রয়োগ করে, রক্ত ঝরিয়ে, মামলা দিয়ে হয়রানি করার কি কোনো প্রয়োজন ছিল?পাঠ্যক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। যুগের প্রয়োজনে এবং শিল্প-কারখানার চাহিদার কথা বিবেচনা করে পাঠ্যক্রম পরিমার্জন, সংযোজন ও বিয়োজন হতে পারে। এ বিভাগের শিক্ষার্থীরা ফুড টেকনোলজিতে বিএসসি অনার্স প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন। এখন যদি তাঁরা হঠাৎ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ঘোষণার দাবিতে তাঁদের মূল্যবান ক্লাস বর্জন করেন, অবস্থান ধর্মঘট কর্মসূচি গ্রহণ করেন, তবে তা সমর্থন পেতে পারে না। এর জন্য প্রয়োজন ছিল শুধু, কর্তৃপক্ষের দায়িত্বশীল এবং আন্তরিকতাপূর্ণ আচরণ এবং সেটা তারা করতে ব্যর্থ হয়েছে।শিক্ষার্থীদের দাবি যদি যৌক্তিক হয়, তবে তা মেনে নিতে হবে এবং সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তাঁদের ক্লাসে ফিরিয়ে আনতে হবে। এ ছাড়া বিচার বিভাগীয় তদন্ত করে ওই ঘটনার মদদ দানকারী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতির কাছে নিবেদন, শিক্ষার্থীরা যেন যত দ্রুত সম্ভব ক্লাসে ফিরে যেতে পারেন এবং সমস্যাটির একটি সম্মানজনক নিষ্পত্তি ঘটে, সে ব্যাপারে তিনি যেন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।তুষার কান্তি চৌধুরীহাজি আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি, টাঙ্গাইল।[email protected]