চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে স্থানীয় সাংসদের মারধর করার অভিযোগটিকে আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের উভয়ের গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। এটা দেখার বিষয় যে একজন সাংসদের বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপের বিশ্বাসযোগ্য অভিযোগ কী উপায়ে নিষ্পত্তি ঘটে।
কারণ, নির্বাচন কর্মকর্তাকে পেটানোর অভিযোগে বাঁশখালীর ১৪টি ইউপির সব কটির নির্বাচন স্থগিত করার এক দিন পর অভিযুক্ত সাংসদ মোস্তাফিজুর রহমান দাবি করেছেন যে তিনি প্রহার করেননি, তবে তাঁর কর্মীদের সঙ্গে ‘হাতাহাতির’ ঘটনা ঘটেছে। আর তাঁর সমর্থকেরা বলছেন, এই অভিযোগ সাজানো। শুধু তা-ই নয়, ভুক্তভোগী যাতে এজাহার দায়ের করতে না পারেন, সে জন্য ওই সমর্থকদের তৎপর থাকতে দেখা যায়।
ঢাকায় নির্বাচন কমিশন দিনের দ্বিতীয় ভাগে পুলিশ প্রশাসনকে নিরাপত্তা প্রহরী দিয়ে এজাহার দায়ের করানোর মৌখিক ব্যবস্থা গ্রহণের দিকনির্দেশনা দিলেও তাতে সুফল মেলেনি। কমিশন আগের মতোই গা-বাঁচিয়ে চলার নীতি না নিলে মামলা দায়েরে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আবার, ইসির মতো পুলিশও গা বাঁচাতে চেয়েছে, কারণ তারা হয়তো ভেবেছে এজাহার দায়েরে আগ বাড়িয়ে তারা সহায়তা দিলে তাদের ভুল বোঝা হতে পারে!
আওয়ামী লীগের নিজেরই উচিত অভিযুক্ত সাংসদকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা। এটা উদ্বেগজনক যে ক্ষমতাসীন দলের সাংসদদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে অসদাচরণের অভিযোগ উঠছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা দুর্ভাগ্যজনকভাবে একধরনের অলিখিত দায়মুক্তি ভোগ করে চলছেন বলেই প্রতীয়মান হচ্ছে। কতিপয় সাংসদের বিরুদ্ধে অসদাচরণের দায়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রধানত সংসদের একটি দায়িত্ব হিসেবে গণ্য হওয়া উচিত। কিন্তু পরিতাপের বিষয়, সংসদ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই ধরনের দায়দায়িত্ব পালনে কোনো ধরনের আগ্রহ দেখাচ্ছে না। বাঁশখালীতে ইউএনওর দপ্তরেই নির্বাচন কমিশনের ক্যাডার কর্মকর্তাকে প্রহারের ঘটনা অমার্জনীয়। উন্নত গণতান্ত্রিক সমাজ হলে পছন্দমতো কর্মকর্তা চেয়ে সাংসদের চিঠি প্রদানই গুরুতর অসদাচরণ বলে গণ্য হতো।