অভিযুক্তদের বিচার ও শাস্তি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক গোয়েন্দারা সোনা চোরাচালানকারীদের গ্রেপ্তার করলেও শেষ পর্যন্ত মামলার নিষ্পত্তি না হওয়ায় একশ্রেণির অপরাধী চক্র দুর্দমনীয় হয়ে উঠছে। বাংলাদেশ হয়ে উঠেছে খুব অল্প ঝুঁকিতে সোনা চোরাচালানের আকর্ষণীয় রুট। গত বছরের ১২ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজিরও বেশি সোনা চোরাচালানের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হওয়ার পর আট মাস চলে গেছে, কিন্তু মামলার অগ্রগতি না থাকায় তা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
বিমানের পরিচালনা পর্ষদ চেয়ারম্যানের কথিত ধর্মপুত্র হচ্ছেন ওই চোরাচালানের অন্যতম আসামি। তিনি ‘ধর্মপিতার’ নাম ভাঙিয়ে বিমানের ঠিকাদার হিসেবে নিয়োগ ও বিমানবন্দরে কার্যত রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েছে। বিমানের
কিছু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় গড়ে তুলেছিলেন সোনা চোরাচালানের একটি চক্র। এই এক ব্যক্তিকে জেরা করেই যেখানে পুরো অপরাধী গোষ্ঠীকে চিহ্নিত করা সম্ভব, সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে কেন তদন্ত থেমে আছে, সে প্রশ্ন এখন সামনে এসেছে। এখানে উল্লেখ করা জরুরি যে ‘ধর্মপিতা’ এখনো বিমানের চেয়ারম্যান পদে বহাল আছেন।
আদালতে আসামিদের জবানবন্দিতে চোরাচালানের সঙ্গে জড়িত ৬৯ জনের নাম এসেছে, যাদের মধ্যে ৬৪ জনই বিমান ও সিভিল এভিয়েশনের কর্মকর্তা-কর্মচারী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অথচ তথ্য-প্রমাণ পাওয়া গেলে একজন তদন্তকারী কর্মকর্তা অনায়াসে অভিযুক্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এ জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনের প্রয়োজন পড়ে না।
এর আগেও যেসব বড় বড় সোনা চোরাচালানের ঘটনা ধরা পড়েছে, তার কোনোটিরই বিচার সম্পন্ন হয়নি কেন, কেন সোনা চোরাচালানিদের নেপথ্য নায়কেরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, সেদিকে নজর দিতে হবে। যেকোনো মূল্যে এসব চক্রকে চিহ্নিত ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সরকার ও কর্তৃপক্ষের জরুরি দায়িত্ব। অপরাধী চক্রের প্রতি কোনো রকম আনুকূল্য দেখানো গুরুতর অপরাধ, এটা মনে রাখতে হবে।