হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সম্পত্তি দখল করছেন বা দখল করার চেষ্টা চালাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রশাসনের লোকজন। এদের মধ্যে মন্ত্রী–সাংসদও আছেন। এর সমর্থনে সংখ্যালঘুদের সংগঠনটি বেশ কিছু তথ্য-প্রমাণও তুলে ধরেছে। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ।
রাষ্ট্রের সংখ্যালঘু নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় সরকার ব্যর্থ হলে খোদ রাষ্ট্রব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়। যখন সরকারের উচ্চ পদে আসীন ব্যক্তিরা ও সরকারি দলের নেতা-কর্মীরাই এমন দখলবাজি চালান বা তাকে প্রশ্রয় দেন, তখন সংখ্যালঘুরা কার কাছে প্রতিকার চাইবে? এটা বিশেষভাবে গ্লানিকর যে এসব ঘটছে আওয়ামী লীগ সরকারের আমলে, যে দলটি নিজেকে অসাম্প্রদায়িক বলে দাবি করে, যে দলের রয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের গৌরব।
এটা উদ্বেগজনক যে মুক্তিযুদ্ধের চেতনার ধারক–বাহক হিসেবে দাবিদার দল আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সংবাদ সম্মেলন ডেকে জাতিকে জানাতে হচ্ছে যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করা হচ্ছে। এবং এসব জবরদস্তি ও ভয়ভীতি প্রদর্শনসহ যাবতীয় অন্যায়-অবিচারের অভিযোগ উচ্চারিত হচ্ছে সরকারি দলের নেতা ও আইনপ্রণেতার বিরুদ্ধে!
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা যেসব আইনপ্রণেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যথারীতি তাঁরা তা অস্বীকার করেছেন। কিন্তু প্রকৃত ঘটনা কী, সেটি খুঁজে বের করা দরকার। এ ব্যাপারে আমরা বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানাচ্ছি।
পৃথিবীর সব দেশেই সংখ্যালঘুরা বৈষম্যের শিকার। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। পাকিস্তান আমলে জারিকৃত শত্রু সম্পত্তি আইনটি বাতিল হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এমনকি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সুযোগলাভেও তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এই অভিজ্ঞতা লজ্জাজনক। অভিযোগ ওঠার পর যখন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা ক্ষমতাবানদের চাপে ‘মুচলেকা’ দিতে বাধ্য হন, তখন বুঝতে অসুবিধা হয় না যে তাঁরা কতটা অসহায়।
সংখ্যালঘুদের ওপর সব ধরনের অন্যায়-অবিচার ও জবরদস্তি বন্ধ হোক।