অভিশপ্ত বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় বিশেষ বিধানের আওতায় মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ১৬ বছরে নামানোর সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক চলছে, তার অবসান হওয়া দরকার। বিষয়টি এতটাই জরুরি যে এখানে নেতৃত্বের দূরদর্শিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয়, সাংস্কৃতিক বা আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যাকে বিবেচনায় না নিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ও চিকিৎসাশাস্ত্রের দিক থেকে দেখলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ। বাল্যবিবাহবিরোধী প্রচার-প্রচারণায় মেয়েশিশুর গর্ভধারণ কী সমস্যা তৈরি করে, সেটা ভালোভাবে তুলে ধরতে পারলে জনমত গঠনে বিরাট ভূমিকা রাখতে পারত। কিন্তু বাস্তবে এ ধরনের তৎপরতার ঘাটতি লক্ষ করা যায়।
২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সামাজিক প্রতিরোধ কমিটি যথার্থ মন্তব্য করেছে যে মেয়েদের বিয়ের বয়স ১৬ করা হবে আত্মঘাতী, এটা প্রকারান্তরে শিশুহত্যা এবং বৈবাহিক ধর্ষণকে প্ররোচিত করার শামিল। আপাতদৃষ্টিতে অনেক সময় ‘জনপ্রিয়’ সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য সাময়িকভাবে অনুকূল মনে হলেও সমাজ ও রাষ্ট্রের জন্য তা হিতকর না–ও হতে পারে। বাল্যবিবাহ নিরোধ করার লক্ষ্যে আইন তৈরি করা আর একই সঙ্গে সেখানে শিশুবিবাহের জন্য বিশেষ বিধান আনা পরস্পরবিরোধী এবং প্রহসনমূলক বটে।
জাতিসংঘের স্বীকৃত আইনে ১৮ বছরের নিচে বিয়েকে বাল্যবিবাহ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ১০টি শীর্ষ বাল্যবিবাহের দেশের তালিকায় বাংলাদেশ ছাড়া আরও রয়েছে আফ্রিকার নয়টি দুর্দশাগ্রস্ত দেশ। গিনি, মোজাম্বিক, মালি, বুরকিনা ফাসো, দক্ষিণ সুদান ও মালাওয়ির চেয়েও এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা করুণ। ১৮ বছরের নিচে বিয়ে নিষিদ্ধ করার রক্ষাকবচ তৈরির পরও বাংলাদেশের অবস্থা এতটা শোচনীয় হয়েছে।
জাতিসংঘ এর আগে বলেছে বিশ্বে বাল্যবিবাহ রোধ করতে না পারলে পাঁচ বছরের নিচে মৃত্যুহার দুই-তৃতীয়াংশ এবং মাতৃমৃত্যুর হার তিন-চতুর্থাংশ হ্রাস করার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। বাংলাদেশ বাল্যবিবাহ রোধে অন্য যেসব পদক্ষেপ নিয়েছে, তা খুবই ইতিবাচক। এখন তাদের উচিত হবে মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর করার চিন্তাটি একেবারে ঝেড়ে ফেলা।