অভ্যুত্থান অপচেষ্টা অথবা অশান্তি সৃষ্টির অপপ্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক ও ব্যক্তিগত নানা ঝামেলার কারণে লেখালেখি কয়েক সপ্তাহ বন্ধ ছিল। তার পরও মনের কাহনে নানা ধরনের ভাবনা থেমে থাকেনি। সেই ভাবনায় ছিল কেমন গেল গত বছরটি আর কেমন যাবে নতুন বছর। বছর বলতে আমরা অতীতে ইংরেজি তথা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করতাম। এরই মাঝে আবার ১/১১ বছরপূর্তিও একটুখানি উঁকি মেরেছে। বর্তমান সরকারের বিগত বছরের কার্যাবলির আমলনামা আর নতুন বছরের সূচনাপর্বের একটি ঘটনা সব হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়েছে। আজ শুধু সেটিই আলোচনা করব।সামরিক বাহিনীতে একটি ঘটনা সংঘটিত হয়নি, কিন্তু হলে কী হতে পারত? বছরের শুরুতে সংবাদপত্রের খবরে আর টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের আলোচনায় এ নিয়ে যা জেনেছি, সেই জানা কেন জানি যথেষ্ট মনে হয়নি। সাধারণভাবে অথবা একটুখানি স্বচ্ছ যে ধারণা দেওয়া হয়েছে, দেশি-বিদেশি বিভিন্ন মহলে যা এককথায় আলোচিত হয়েছে তা হলো, ‘বাংলাদেশে একটি সামরিক অভ্যুত্থান-চেষ্টা নস্যাৎ করা হয়েছে।’ কী ধরনের চেষ্টা বা অপচেষ্টা, কী ছিল তার আদি-অন্ত উদ্দেশ্য, পরিষ্কারভাবে এখনো বোঝা যায়নি। তবে ঘটনাটি নিয়ে প্রকাশ্যে যেখানেই, যেভাবে যেটুকু ঘটতে পারত, কিন্তু ঘটেনি; তা অতীতের এমন অনেক প্রচ্ছন্ন ঘটনার মতো গোপন করা হয়নি। এবার জনগণ কিছু না কিছু জেনেছে, কারও কারও মতে জানানো হয়েছে।যা-ই হোক, যা ঘটতে পারত কিন্তু ঘটেনি; তা অতীতে এ দেশে বর্তমানকালে ও পাকিস্তানি জমানায়ও ঘটেছে। অতীতে এ ধরনের ঘটনাবলি নিয়ে অনেক ‘কানাকানি’ হয়েছে, ক্ষণিকের গুজবের উৎপত্তি ঘটেছে, কিন্তু এত প্রকাশ্য আলোচনা হয়নি। পত্রিকায় লেখা হয়েছে কিছুদিন ফলাও করে, এখন স্তিমিত আকারে। টেলিভিশনের টক শোতে বিশ্লেষণ হয়েছে, বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, আরও কত কী! অথচ অতীতে এ ধরনের ঘটনা নিয়ে গুজব রটেছে, জনগণের মধ্যে ফিসফিসানি হয়েছে। গণমাধ্যম এ ধরনের ঘটনাবলি নিয়ে বিস্তারিত খবর প্রকাশ বা আলোচনা সযত্নে এড়িয়ে গেছে। কিছু আভাস দিয়েছে একটি অর্থবোধক শব্দের মাধ্যমে, তা হলো ‘উত্তরপাড়া’। সাধারণ মানুষ ভুরু উল্টিয়ে, চোখ ঘুরিয়ে বলেছে, ‘ওনারা’ নাকি উত্তরপাড়ায় একটি ঘটনা ঘটাতে চেয়েছিলেন।ভূমিকা থাক, আসল কথায় আসি। পাকিস্তানি শাসনামলে ‘ওনারা’ ছিলেন সাধারণ্যে আলোচনার ঊর্ধ্বে। তাঁদের বরাত দিয়ে শুধু খবরটি ছাপা হতো। বলা হতো, ‘ক্যু’ হয়েছে। ক্যু কথাটি সেই পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। পুরো কথা হচ্ছে, ক্যু-দে-তা। ফরাসি শব্দাবলি, অক্সফোর্ড ইংরেজি অভিধান অনুযায়ী অর্থ হচ্ছে, ‘সংঘর্ষ ও সংঘাত তথা শক্তি প্রদর্শন করে ক্ষমতা দখল।’ সেই সব দখলদারি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায়। ওই সব দেশের ইতিহাস পর্যালোচনা করতে হলে সাতকাণ্ড ইতিহাস লিখতে হবে। তার চেয়ে নিজের জীবিতকালের পাকিস্তানি অতীত আর বর্তমানের বাংলাদেশের ঘটনাবলি নিয়ে আলোচনা সীমাবদ্ধ রাখব।ভারত ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টির পর পঞ্চাশের দশকের দ্বিতীয় সালে প্রথম জানতে পারলাম, পাকিস্তান একটি সামরিক অভ্যুত্থান তথা ‘ক্ষমতা দখলের’ ঘটনা ঘটাতে যাচ্ছিল। ১৯৫১ সালে তৎকালীন পাকিস্তানের সেনাঘাঁটি রাওয়ালপিন্ডিতে কতিপয় সেনা কর্মকর্তা অস্ত্রবলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, কিন্তু কেন জানি পারেননি। ‘রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র’ নামে একটি মামলাও হয়েছিল। ওই মামলার পরিণতি কী হয়েছিল মনে পড়ছে না। সাধারণ পাকিস্তানি জনগণ তখনো ‘শিশু রাষ্ট্রের’ গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিয়ে উদ্বেল হয়ে ওঠেনি। তাই কালক্রমে ‘অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখলের আলোচনা’ সময়ের কবলে হারিয়ে গেল।অতঃপর ‘সামরিক অভ্যুত্থান’ তথা ‘ক্যু’ করার সঙ্গে পরিচিতি ঘটল, যখন কয়েক বছর পর ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানি সামরিক বাহিনী তথা একজন উর্দি পরা কর্মকর্তা সত্যিই ক্যু করলেন। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন পাকিস্তানের সামগ্রিক রাজনৈতিক অঙ্গনে একটি অস্থিরতা বিরাজ করছিল। পাকিস্তানের কেন্দ্রীয় শাসকগোষ্ঠী, যার সঙ্গে কয়েকজন পূর্ব পাকিস্তানি রাজনীতিবিদও জড়িত ছিলেন। এই অস্থিরতাকে অজুহাত দেখিয়ে জনপ্রতিনিধিদের হটিয়ে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আইয়ুব খান রাষ্ট্রের কর্ণধার বনে গেলেন। বর্তমান ও অতীতের এমন ধরনের উর্দিধারীদের ক্ষমতা বা রাষ্ট্রীয় কর্তৃত্ব দখলের ঘটনার সঙ্গে প্রতিবারই এই ‘অস্থিরতা’ অজুহাতটি জড়িত হয়েছিল। বস্তুত রোববারের প্রথম আলোর প্রথম পাতায় ‘অস্থির সময়ের রাজনীতি’ মূল শিরোনামটি পড়ে এসব কথাই মনে পড়ছে।অতীতে গোপনে, জনগণের অজান্তে, দীর্ঘকালীন পরিকল্পনায় সেনানায়কেরা যা ঘটাতেন, এসব কখনো সাধারণ্যে বা গণমাধ্যমে আলোচিত হতো না। বর্তমানে এমন একটি গণতান্ত্রিক সরকার দেশে বিদ্যমান, যখন সব বিষয়ে জনগণ ও গণমাধ্যম খোলামেলা আলোচনা করতে পারছে। অতি সহনশীল আমাদের সরকারটিকে ধন্যবাদ জানাই ‘ঘটতে যাচ্ছিল বা ঘটতে পারত এমন একটি ঘটনা’ তাঁরা যত দূর সম্ভব স্বচ্ছতার সঙ্গে জনসাধারণ্যে প্রকাশ করেছেন। তবে এই প্রকাশনা কারও কারও মতে একটু ‘বেশিই হয়েছে’, যে কারণে ঘটনাটি নিয়ে কিছু বিভ্রান্তির রেশ রয়ে গেছে। আশা করছি বর্তমান সরকার আগে অনেক সত্য ‘প্রকাশ’ করে এই বিভ্রান্তি দূর করবে।সাম্প্রতিক ঘটনাটি আলোচনায় নিকট অতীতকে এবার বর্তমানে নিয়ে আসি। পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল কারা? কী ছিল ১৫ আগস্টের ঘটনাটি? সেটিও একটি ‘ক্যু’ ছিল। অথচ বিভিন্ন মহল থেকে বারবার বলা হয়, ‘কতিপয় বিপথগামী সেনাসদস্য’ একটি নির্মম ঘটনা ঘটিয়েছিল। হত্যা ঘটনার মাধ্যমে ক্ষমতা দখলে প্রত্যক্ষ অংশগ্রহণকারীদের কারও কারও ফাঁসি হয়েছে, তথাকথিত বিপথগামীদের কারও কারও ফাঁসি হয়েছে, বেশ কয়েকজন নিখোঁজ বা পলাতক। কিন্তু কারা তাঁদের বিপথগামী করেছিলেন, তা বিভিন্ন মহলে সময়ে-সময়ে আলোচিত হয়েছে। ক্ষমতা দখলের জন্য নিষ্ঠুর হত্যাকাণ্ডের পটভূমি তার পরও রহস্যের ঘেরাটোপের আড়ালেই রয়ে গেছে।এবার কী ঘটতে যাচ্ছিল? ‘অস্থির সময়ে রাজনীতি’ দোহাই দিয়ে একটি গণতান্ত্রিক সুস্থির অবস্থাকে কি একইভাবে একদল বিপথগামী সেনাসদস্য ও সেনা কর্মকর্তা একই ধরনের অপচেষ্টার উদ্যোগ নিয়েছিলেন? অথবা ঘটনাটি ছিল অভ্যন্তরীণ বিরোধ অথবা বিক্ষোভের প্রকাশ? এসব প্রশ্নের উত্তর সাম্প্রতিক ঘটনাটির আদি-অন্ত যখন রহস্যের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসবে, তখন বলা যাবে। তবে যা-ই ঘটুক জনগণ স্বস্তি পেয়েছে। কারণ আমাদের ব্যাপকভাবে সুশৃঙ্খল সেনা কর্মকর্তা ও জওয়ানেরা সেই কথিত তথা নানাভাবে অভিযুক্ত ‘বিপথগামী’দের অভ্যুত্থান প্রচেষ্টা, বিদ্রোহ কিংবা প্রতিরক্ষা বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস কৃতিত্বের সঙ্গে নস্যাৎ করে দিয়েছেন। তার পরও একটুখানি ভাবতে হয়েছে, যা ঘটেনি বা ঘটতে পারত, তা নিয়ে অনেক প্রচার হয়েছে; অনেক ক্ষেত্রে যা অবান্তর অথবা অতিকথন মনে হয়েছে। সব ছাপার অধিকার পেয়ে কেন অনেক নামধাম নিয়ে নানা কাহিনি ফেঁদেছে গণমাধ্যম। সাংবাদিকতার সংজ্ঞায় বলতে হচ্ছে ঘটনাটি নিয়ে চলছে ‘ট্রায়াল বাই মিডিয়া’, অর্থাৎ গণমাধ্যমে একতরফা বিবরণী প্রকাশ। অতঃপর যা ঘটে গেল বা ঘটতে পারত, তা নিয়ে ভাবনায় আসতে পারে মধ্যমসারির অথবা একটুখানি উঁচুস্তরের কতিপয় সেনা কর্মকর্তার পক্ষে কি ইচ্ছা করলেই রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন অথবা সর্বোচ্চ ক্ষমতা দখল সম্ভব হতো? যাঁদের প্রতিরক্ষা অথবা সেনা কর্মকাণ্ড তথা সশস্ত্র বাহিনী পরিচালনা-পদ্ধতি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, তাঁরাই এই প্রশ্নের জবাব দিতে পারবেন। ১৫ আগস্টের ঘটনা এক রাতে কয়েকটি ট্যাংক রাস্তায় নামিয়ে অথবা একজন রাষ্ট্রপতিকে হত্যা করা নিছক ঘটনা ছিল না। বিচারপতি সাত্তারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না। অথচ এসব নিয়ে কোনো অনুসন্ধান হয়নি, রাষ্ট্রীয় পর্যায়ে প্রকাশ্য তদন্ত হয়নি।তারপর বাংলাদেশে বিভিন্ন সময়ে ‘সামরিক অভ্যুত্থান’ তথা উচ্চাভিলাষী সেনানায়ক বিশেষের ক্ষমতা দখলের সাম্প্রতিক ঝড় তোলা ঘটনাটি বিস্তৃত প্রেক্ষাপটে আলোচনা করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ঘটনাবলি বিশ্লেষক তথা ‘অ্যানালিস্টদের’ মতানুসারে, গত ৪০ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক কিছুই ঘটেছে। অর্ধশতাধিক বিক্ষোভ প্রদর্শন, বিশৃঙ্খলা সৃষ্টি, ছোটখাটো বিদ্রোহ এমনকি উচ্চাভিলাষী সেনানায়কের ক্ষমতা দখল শুধু ‘কতিপয় বিপথগামী সেনা’ ঘটায়নি। সাম্প্রতিক ঘটনাটির অর্থাৎ কতিপয় ‘সেনাসদস্যের’ হঠাৎ করে অশুভ তৎপরতার প্রকাশিত ও প্রচারিত অথবা গণমাধ্যমে ‘ফাঁস করে দেওয়া’ সাংবাদিকতার ভাষায় ‘ফিড করা’, খবরাদিতে সব তথ্য বা সত্যটি পুরোপুরি জানা যায়নি। জানা যায়নি, তবে অনেক জানাজানি হচ্ছে।আমি নিবন্ধটির শুরুতে প্রশ্ন করেছিলাম, ‘কী ঘটতে যাচ্ছিল, কী ঘটতে পারত?’ শুধু তা-ই নয়, ঘটে যাওয়ার পর দেশে কী পরিস্থিতির উদ্ভব হতো? অতঃপর একটি জটিল প্রশ্ন করা যেতে পারে, সম্ভাব্য ঘটনাটির প্রকাশ ও প্রচারণায় কেন অদ্ভুতভাবে ‘রাজনীতি’ জড়িত হয়ে পড়েছে। কেন ঘটনাটি নিয়ে রাজনৈতিকীকরণ এ-ও এক রহস্য মনে হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ জাতি ও দেশের জন্য সংকটময় ও দুর্যোগপূর্ণ ঘটনা ‘ঘটেনি অথচ ঘটাতে পারত’ বিষয়টি নিয়ে দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে ব্লেম গেম তথা দোষারোপের কাদা ছোড়াছুড়ি ও কুটিল রাজনীতি ঢুকে পড়েছে। ঘটনাটি যদি নিছক একটি সেনা অভ্যুত্থান অথবা সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারই হবে, তবে এ নিয়ে দুটি দলের নেতানেত্রীরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন? বরং দেশের সার্বভৌমত্ব, প্রতিরক্ষাব্যবস্থায় সংকট সৃষ্টি, দেশরক্ষা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতৈক্যের আলোচনাই প্রাধান্য পাওয়া ছিল যুক্তিসংগত।সবশেষে বলছি, সবকিছুর মধ্যে আমি একটি শুভসংকেত পেয়েছি, একটি সেনাসংশ্লিষ্ট ঘটনা নিয়ে খোলামেলা আলোচনা হচ্ছে, যা অতীতে কখনো হয়নি অথবা নাজুক ও সাধারণ্যের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে প্রকাশ্যে ছড়িয়ে পড়েনি। তার পরও মতিউর রহমান চৌধুরী সঞ্চালিত টক শোতে আমি সন্তোষ প্রকাশ করে বলেছি, ঘটনাটি আমাদের প্রতিরক্ষা পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকতে পারত, আমাদের উচ্চতম নীতিনির্ধারক ও শৃঙ্খলাবদ্ধ সামরিক নেতৃত্বের কৃতিত্বে ও সময়োচিত হস্তক্ষেপ, দায়িত্বশীল মহলের সময়োচিত পদক্ষেপের কারণে একটি অপচেষ্টা নস্যাৎ হয়ে গেছে। এ তথ্যটি সাধারণ নাগরিক জানতে পেরেছেন এবং প্রকাশ্যে আলোচনা ও বিশ্লেষণ করছেন—এ নিয়ে অনেকের সঙ্গে কথা বলে এমনটিই মনে হয়েছে।আজকে দুই প্রধান রাজনৈতিক দলের দ্বন্দ্ব, অর্থনীতির বেহাল অবস্থা ঠেকাতে ক্ষমতাসীনদের ব্যর্থতা, দুর্নীতির বিস্তার, দখলদারির প্রসার, জনগণের দৈনন্দিন জীবনের দুর্গতি, অস্থিরতা নিয়ে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের দেশরক্ষা বাহিনীকে যেন তা প্রভাবান্বিত না করে। অতীতে আমাদের দেশরক্ষা বাহিনীর কয়েকটি শাখায় নানা ধরনের ঘটনায় সংঘর্ষ, হত্যা, অসন্তোষ সৃষ্টি ও ক্ষমতার দ্বন্দ্বের কারণে দেশের সামগ্রিক প্রতিরক্ষাব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। জেনারেল জিয়ার আমলে বিমানবাহিনীকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছিল। এরশাদের আমলে আমাদের অনেক মেধাবী মুক্তিযোদ্ধা সেনারত্নকে হারিয়েছি। সেনা অভ্যুত্থানের অপচেষ্টার দোহাই দিয়ে কত শত সেনা কর্মকর্তা বা জওয়ানকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, ব্রাশফায়ার করে হত্যা করা হয়েছে, এর কোনো হিসাব নেই।উপরিউক্ত প্রেক্ষাপটে সাম্প্রতিক সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকে অতি গুরুত্ব দিয়ে বলব, যেসব বিয়োগান্তুক ঘটনার কথা বলেছি, তার যেন পুনরাবৃত্তি না হয়। গত ৪০ বছরে অভ্যুত্থান, অশান্ত পরিবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস, ক্যু আর অভ্যুত্থান এবং পরবর্তী প্রশ্নভুক্ত নির্বিচার হত্যাকাণ্ড-ফাঁসি, এ সবই ছিল আমার মতে, আমাদের প্রতিরক্ষাব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র বা অপপ্রয়াস। এবার হয়তো সে রকম একটি অপপ্রয়াস নস্যাৎ করা হয়েছে। এসবের পুনরাবৃত্তি রোধ করতে আমাদের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ব্যবস্থায় যে অস্থিরতা বিরাজ করছে তার অপচ্ছায়া থেকে প্রতিরক্ষা বাহিনীকে দূরে রাখতে হবে।এবিএম মূসা: সাংবাদিক ও কলাম লেখক।