মাছের প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য গড়ে তোলা হয় অভয়াশ্রম। কিন্তু সেই অভয়াশ্রমই যদি মাছ শিকারিদের হাত থেকে রক্ষা না পায়, তা হলে মাছ রক্ষা হবে কীভাবে। শরীয়তপুরের পদ্মার বিভিন্ন অভয়াশ্রমে এখন ঠিক এ ধরনের ঘটনাই ঘটছে।
বুধবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ইলিশের বেড়ে ওঠার জন্য শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর থেকে ভেদরগঞ্জের তারাবনিয়া পর্যন্ত ২০ কিলোমিটার নদী ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমে সব ধরনের জাল ফেলা নিষেধ ঘোষণা করেছে সরকার। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভয়াশ্রমের বিভিন্ন স্থানে বেড়া দিয়ে অবাধে মাছ শিকার করছেন শিকারিরা। বেড়াগুলো ৫০০ থেকে ১০০০ মিটার দীর্ঘ। বাঁশের সঙ্গে অবৈধ কারেন্ট জাল যুক্ত করে ছোট-বড় সব ধরনের মাছ ধরছেন তাঁরা। এতে নদীতে নৌযান চলাচল তো বিঘ্নিত হচ্ছেই, সেই সঙ্গে ইলিশসহ দেশি নানা প্রজাতির মাছের বংশবৃদ্ধিও ব্যাহত হচ্ছে।
অতীতে অনেক স্থানে দেখা গেছে, অভয়াশ্রম স্থাপনের ফলে সেসব স্থানে মাছের উৎপাদন বেড়েছে। কিন্তু কিছু মাছ শিকারির কারণে অভয়াশ্রম স্থাপনের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এটা খুবই উদ্বেগের। গত বছরের জুলাই মাসে মাছবিষয়ক তিনটি সংস্থার প্রকাশিত গবেষণার তথ্য অনুযায়ী, পুঁটি, ট্যাংরাসহ ৯১ প্রজাতির দেশি মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। দূষণ ও দখলের কারণে নদী, খালসহ বিভিন্ন জলাভূমিতে দেশি মাছের উৎপাদন কমছে। দেশে এ পর্যন্ত ৩০টি আগ্রাসী প্রজাতির বিদেশি মাছ ঢুকে পড়েছে, যা দেশি ছোট মাছ খেয়ে তাদের সংখ্যা কমিয়ে দিচ্ছে। এ ছাড়া পলি পড়ে নদ-নদী ভরাট হওয়ার কারণেও মাছের বিচরণ কমে আসছে। এর ফলে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। এটা দেশের জন্য অশুভ লক্ষণ। কারণ, আমাদের আমিষের চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হয় মাছ থেকে। গ্রামীণ মানুষের আয়-রোজগারের একটি বড় উৎস হচ্ছে মাছ। মাছ রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। তাই কোনো মাছই বিলুপ্ত হতে দেওয়া যাবে না।
সুতরাং এখনই আমাদের সচেতন হওয়া দরকার। অভয়াশ্রমে যাতে কেউ মাছ শিকার করতে না পারে, সে জন্য মৎস্য অধিদপ্তরকে নজরদারি বাড়াতে হবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাঁরা মাছ শিকার করছেন, তাঁদের শাস্তির আওতায় আনতে হবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের যথেষ্ট প্রণোদনা দিতে হবে।