অমর একুশে গ্রন্থমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারি অমর একুশের মাস, অমর একুশে গ্রন্থমেলারও মাস। ভাষা আন্দোলনের চেতনা ও এর শহীদদের স্মৃতির প্রতি নিবেদিত এই গ্রন্থমেলা বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক উৎসবও বটে। লেখক-পাঠক ও প্রকাশকদের এই মিলনমেলা আক্ষরিক অর্থেই জনসমুদ্রে পরিণত হয়। মাসজোড়া এই উৎসব সার্থক হোক, নিরাপদ হোক।
পৃথিবীর বিভিন্ন দেশে বইমেলা হয় বাণিজ্যের প্রয়োজনে, কিন্তু বাংলাদেশের অমর একুশে গ্রন্থমেলার মূল প্রেরণা ছিল ভাষাশহীদদের স্মৃতি উদ্যাপন এবং বাংলা ভাষার প্রতি অফুরান আবেগের উদ্যাপন। ১৯৭২ সালে মুক্তধারা প্রকাশনীর চিত্তরঞ্জন সাহার উদ্যোগে বাংলা একাডেমিতে চট বিছিয়ে মুক্তিযুদ্ধের বই বিক্রির মাধ্যমে এর শুরু। কিন্তু দিনে দিনে তা ছড়িয়ে পড়তে থাকে। প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমি যখন আনুষ্ঠানিকভাবে এই মেলার আয়োজন শুরু করে, তখন ক্ষমতায় ছিল এরশাদের সামরিক স্বৈরাচার। বলা যায় অবরুদ্ধ সময়ে এই মেলা হয়ে উঠেছিল গণতান্ত্রিক চেতনার শ্বাস-প্রশ্বাসের বিষয়। আজ বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা সারা দেশের বইপ্রেমী শিশু-কিশোর থেকে শুরু করে সব শ্রেণির পাঠকের এক আনন্দঘন উৎসবে পরিণত হয়েছে। ছড়াতে ছড়াতে তা বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে এখন সোহরাওয়ার্দী উদ্যানের বিরাট অংশ পর্যন্ত প্রসারিত হয়েছে। বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলার আয়োজনের আয়তন হচ্ছে আগের যেকোনো সময়ের চেয়ে বড়।
সংগ্রাম আর সংবেদন বইমেলার যুগল স্বর। এই বইমেলার বৃহত্তর প্রাঙ্গণেই লেখক-শিক্ষক হুমায়ুন আজাদকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। গত বছর বইমেলার প্রবেশমুখেই লেখক দম্পতি অভিজিৎ রায় ও বন্যা আহমেদ ভয়ানকভাবে আক্রান্ত হন এবং অভিজিৎ রায় নিহত হন। মাঝে হামলার শিকার হয়েছেন প্রকাশকেরা ও প্রকাশনা সংস্থা। নির্মমভাবে খুন হয়েছেন প্রকাশক ফয়সল আরেফিন দীপন। এসবের প্রভাবে চাপা উৎকণ্ঠা আর শোক ও প্রতিবাদের আবহেই চলবে বইমেলা। পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। এ ব্যাপারে সামান্য গাফিলতি ও ফাঁকফোকর যাতে না থাকে, তা নিশ্চিত করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। জনস্রোতে হিংসা ও আতঙ্ক ভেসে যায়, সেই আহ্বান জনসাধারণের প্রতিও রাখা যায়।
বইমেলা সার্থক ও নির্ভয় হোক।