অমল সেন: একজন বিপ্লবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ১০ বছর আগে ২০০৩ সালের ১৭ জানুয়ারি কমরেড অমল সেন আমাদের প্রিয় বাসুদা এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাঁর বয়স ৯০ ছুঁই ছুঁই হয়েছিল। পরিণত বয়সে তাঁর এই মৃত্যুতে তাই আক্ষেপের কিছু নেই। বরং তাঁকে স্মরণ করাটা গুরুত্বপূর্ণ। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলাদেশের সময় পর্যন্ত তিনি যে উদাহরণ রেখে গেছেন, তা কেবল স্মরণীয় নয়, অনুসরণীয়। কমরেড অমল সেন তাঁর বিপ্লবী জীবন শুরু করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই দিয়ে। সে সময়ের তরুণেরা অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ শাসন থেকে দেশমাতৃকাকে মুক্ত করতে। অমল সেন অবশ্য কিশোর বয়সেই সেই মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। যোগ দিয়েছিলেন যশোর-খুলনা কেন্দ্রীয় সামন্ত জাতীয়তাবাদী বিপ্লবী গোষ্ঠীর সঙ্গে। বিপ্লবের মোহ চেতনা তাঁর জীবনের শেষ পর্যন্ত বহাল ছিল। সেই চেতনা মার্ক্সবাদী-লেনিনবাদী আদর্শে পরিশীলিত হয়ে তাঁকে এক নতুন মানুষে পরিণত করেছিল। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি অবস্থান নিয়েছিলেন সমাজের নিচুতলার মানুষগুলোর মধ্যে। তাদের বিপ্লবের চেতনায় কেবল নয়, লেখাপড়া শেখা থেকে শুরু করে উন্নত জীবনবোধে উন্নীত করেছিলেন?এ দেশের কৃষক আন্দোলনের এক অনন্য অধ্যায় তেভাগার সংগ্রাম। দক্ষিণ বাংলায় এই সংগ্রাম গড়ে উঠেছিল যশোর-খুলনা জেলাকে কেন্দ্র করে। দক্ষিণ বাংলার এই তেভাগা সংগ্রামের মূল অঞ্চল ছিল নড়াইল এলাকা। নড়াইলের এই তেভাগার সংগ্রাম কৃষকের দাবি আদায় থেকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে উন্নীত করেছিল। ব্রিটিশ পুলিশের চরম নিপীড়নের মুখেও তেভাগা সংগ্রামীরা ওই অঞ্চলে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বের রাজনৈতিক কারণে সেই সংগ্রাম পূর্ণাঙ্গ রূপ নিতে পারেনি। কিন্তু সেই আন্দোলন থেকে কমরেড অমল সেন জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ে তুলতে যে বিকল্প শক্তি গড়ে তোলার অভিজ্ঞতা অর্জন করেন, তাই তাঁকে পরিচালিত করেছে সারাটা জীবন। যে কথাটি অমল সেন সম্পর্কে বলার তাহলো এ ধরনের ব্যক্তিত্ব অন্য কোনো দেশে জন্মালে সে দেশের মানুষ তাঁকে চিরস্মরণীয় করে রাখত। কিন্তু এ দেশ অত্যন্ত দুর্ভাগা। সাতচল্লিশের পর এ দেশের মানুষ মনে করেছিল তাদের মুক্তি ঘটবে। কিন্তু সাম্প্রদায়িকতার যে অভিশাপ নিয়ে দেশ ভাগ হয়েছিল, তার পরিণামকাল ভোগ করতে হয়েছিল এ দেশের মানুষকে পাকিস্তানের ২৪টি বছর ধরে। এই ২৪ বছরের ১৯টি বছরই অমল সেনকে পাকিস্তানের কারাগারে থাকতে হয়েছে। এ দেশের মানুষ সংগ্রাম করে ’৫৬-তে, ’৬৯-এ ও ’৭১-এ তাঁকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। কিন্তু বাংলাদেশেও সেই দুর্ভাগ্যের অবসান হয়নি।বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন, স্বাধীন বাংলাদেশেও অমল সেন সেই সংগ্রামের রাজনীতিতে সক্রিয় ছিলেন। অমল সেনের বিশ্বাস ছিল মানুষের প্রতি। তিনি বিশ্বাস করতেন, মানুষের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তার বিকাশ ঘটালে সে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। তার এই বিশ্বাস কেবল শিক্ষণীয়ই নয়, নতুন প্রজন্মের জন্য অমূল্য সম্পদও বটে। তাঁর রেখে যাওয়া ঐতিহ্যের পথ ধরে বর্তমান এই অন্ধকারময় সময় নতুন প্রজন্মের সামনের দিকে তাকানো সম্ভব।অমল সেন ছিলেন একজন ব্যতিক্রম মানুষ। বিপ্লব ও বিপ্লবী মতাদর্শের প্রতি তাঁর যেমন নিষ্ঠা ছিল, তেমনি ছিল মানুষ হিসেবে তাঁর জীবনবোধ, রসবোধ, জীবনকে উপভোগ করার শক্তি। জীবনকে তিনি নিজে ভালোবাসতেন তাই নয়, সেই ভালোবাসার ভাগ দিতেন অন্যদের। তাঁর সংস্পর্শে এলে যেকোনো মানুষই সেই ভালোবাসার আনন্দ পেত। কি বয়স্ক, কি যুবক, কিশোর, শিশু—সবার কাছেই তিনি ছিলেন আকর্ষণীয় ব্যক্তিত্ব। সাধারণ আলাপচারিতা থেকে শুরু করে জটিল তাত্ত্বিক বিষয়ে যাওয়ার মনোযোগ আকর্ষণ করতে পারতেন তিনি। আমাদের দেশের মার্ক্সবাদী নেতা সম্পর্কে এ ধারণাটাই হয় যে, তিনি অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ। সব সময় তত্ত্ব ও প্রয়োগের চিন্তায় ডুবে আছেন। সেখানে কমরেড অমল সেনকে দেখা গেছে অত্যন্ত প্রাণবন্ত মানুষ। যিনি জীবনের অভিজ্ঞতা থেকে ওই তত্ত্ব প্রয়োগের বিষয় হাজির করেছেন খুব সাধারণভাবে।জীবন উপভোগের বিষয়টিও ছিল তাঁর নখদর্পণে। সারা জীবনে বিয়ে করার সময় হয়নি। কিন্তু পরিবার ও পারিবারিক জীবন পরিচালিত হবে কীভাবে, কী হওয়া উচিত, সে বিষয়ে ঘর-সংসারি মানুষের চেয়ে তাঁর অভিজ্ঞতা ছিল বেশি। সে কারণে যে পরিবারের সঙ্গে তিনি থাকতেন তখন তিনি ওই পরিবারেরই একজন হয়ে উঠতেন। তাদের ঘর-গৃহস্থালি থেকে শুরু করে বাচ্চা প্রতিপালন, তাদের লেখাপড়া শেখানো—সবকিছুতেই তাঁর পরামর্শ হয়ে উঠত অমূল্য। বিপ্লবের প্রয়োজনে তাঁর আনুষ্ঠানিক লেখাপড়া শেষ করা হয়ে ওঠেনি। কেমিস্ট্রিতে অনার্সের ছাত্র ছিলেন। কিন্তু অনানুষ্ঠানিক লেখাপড়ায় কেবল মার্ক্সীয় দর্শনই নয়, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান—সব ক্ষেত্রেই তিনি পারদর্শিতা অর্জন করেছিলেন। কিন্তু প্রতিভা তাঁকে আত্মগর্বী করেনি। এই বিনয়ী, নম্র মানুষটি সংগ্রামে ছিলেন দৃপ্তচিত্ত। সে রাজনৈতিক সংগ্রামে হোক, তাত্ত্বিক সংগ্রাম আর মাঠের সংগ্রামেই হোক।কমরেড অমল সেনকে নতুন প্রজন্মের মানুষেরা বিশেষ চেনেন না। তাঁর মৃত্যুর খবরও সংবাদপত্রের পাতায় সেভাবে ফলাও করে প্রচার হয়নি, কিন্তু ঢাকা থেকে নড়াইল এবং তাঁর সমাধিস্থল বাকড়ি পর্যন্ত তাঁর শেষযাত্রায় মানুষের ঢল নেমেছিল। বাকড়ি অঞ্চলে যেখানে ছিল তাঁর সংগ্রামের কেন্দ্র, সেখানে সাড়ে চার কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর শববাহী গাড়ির এক ঘণ্টার ওপর সময় লেগেছিল।বাকড়ির মানুষ তাঁদের নিজেদের এই লোককে বুকে টেনে নিয়েছেন। সেখানে তাঁর স্মৃতিময় স্কুল প্রাঙ্গণেই তাঁর সমাধি হয়েছে। তাঁরা তাঁকে তাঁদের নিজের কাছে রাখতে চেয়েছেন, যেন সেখান থেকেই আগের মতো তিনি তাঁদের পরিচালনা করেন।কমরেড অমল সেনরা চলে যান। কিন্তু তাঁরা যে আদর্শ রেখে যান, তার মৃত্যু ঘটে না। অমল সেনের চলে যাওয়ার মধ্য দিয়েও তাঁর আদর্শের মৃত্যু ঘটেনি। অমল সেন বেঁচে আছেন, থাকবেন—এ দেশের মাটিতে, প্রকৃতিতে, মানুষের অন্তরে। তাদের আনন্দ, বেদনা ও সংগ্রামে। কমরেড অমল সেন লাল সালাম।রাশেদ খান মেনন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য।