বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক সমীক্ষায় দেশে শিশুশ্রম ও শিশুশ্রমিকের যে চিত্র উঠে এসেছে, তা খুবই উদ্বেগজনক। পরিসংখ্যান অনুযায়ী, দেশে সাড়ে ৩৪ লাখ কর্মজীবী শিশু রয়েছে; যার মধ্যে ২৯ লাখ ৪৮ হাজার পূর্ণকালীন ও ৫ লাখ ২ হাজার খণ্ডকালীন কাজ করে। আবার এই কর্মজীবী শিশুদের প্রায় দুই-তৃতীয়াংশ বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় না। আগে বিদ্যালয়ে গেলেও এখন যায় না, এমন কর্মজীবী শিশুর সংখ্যা ২১ লাখ।
এই সামাজিক চিত্র কিসের ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় যে আমরা দেশটাকে এখনো সব শিশুর জন্য বাসযোগ্য করে তুলতে পারিনি। শিশুর বাসযোগ্য করতে হলে বাংলাদেশের প্রতিটি শিশুর মৌলিক চাহিদা, যেমন: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দেশের লাখ লাখ শিশু যখন অমানবিক ও অমর্যাদাকর জীবনযাপনে বাধ্য হয়, তখন সরকারের নীতিনির্ধারকদের মুখে উন্নয়ন ও সমৃদ্ধির গল্প অনেকটা পরিহাসের মতো শোনায়।
আমাদের রাষ্ট্র যদি হতভাগা এসব শিশুর মৌলিক চাহিদা মেটাতে পারত, তাহলে তাদের জীবিকার সন্ধানে দ্বারে দ্বারে ঘুরতে হতো না। ঝুঁকিপূর্ণ কাজ করে অকালে তাদের জীবনী শক্তি হারাতে হতো না। আরও বেদনাদায়ক হলো, এসব শিশুর অনেকে শ্রম দিয়েও মজুরি পায় না। এটি কেবল অমানবিক নয়, অমার্জনীয়ও।
আমাদের উন্নয়ন পরিকল্পনা এমনভাবে সাজাতে হবে, যাতে দেশের প্রতিটি শিশুর মৌলিক চাহিদাগুলো মেটানো যায় এবং তারা নিজেদের যোগ্য ও সুস্থ নাগরিক হিসেবে গড়ার সুযোগ পায়। সেই সঙ্গে শিশুশ্রম বন্ধে যেসব আইন আছে, সেগুলোর যথাযথ প্রয়োগ জরুরি।
গেল শতকের মাঝামাঝি কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি।’ আমরা বিশ্বের কথা না ভাবি, অন্তত এই বাংলাদেশের কথা ভাবতে পারি। আমাদের প্রিয় মাতৃভূমিকে সব শিশুর বাসযোগ্য করতে হলে শিশুর উন্নত জীবনের নিশ্চয়তার পাশাপাশি শিশুশ্রম বন্ধ করতেই হবে।