অমুসলিমদের অধিকার রক্ষায় ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম শুধু মুসলমান নাগরিকদের জানমাল ও সম্মানের অধিকার প্রদান করেনি, বরং অন্যান্য ধর্মাবলম্বী তথা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব অমুসলিম নাগরিকের যথাযথ অধিকার, মর্যাদা ও নিরাপত্তা বিধান করেছে। ইসলাম অমুসলিম নাগরিকদের নিজ নিজ উপাসনালয় তথা মন্দির, গির্জা, প্যাগোডা, গুরুদুয়ারাসহ প্রভৃতির ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার অধিকার প্রদান করেছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) অন্য ধর্মাবলম্বীদের প্রতি অত্যন্ত সহনশীল ও পরধর্মসহিষ্ণু ছিলেন। রাসুলুল্লাহ (সা.) যুদ্ধের তীব্রতার মধ্যেও মুসলমানদের মানসিকতা সুস্পষ্ট করে দিয়ে বলেছেন, ‘শিশুদের হত্যা করবে না। গির্জায় যারা (খ্রিষ্টান ধর্মযাজক) ধর্মীয় উপাসনায় জীবন উৎসর্গ করেছে, তাদের ক্ষতি করবে না, কখনো নারী ও বৃদ্ধদের হত্যা করবে না; কারও গাছপালা, ঘরবাড়ি কখনো ধ্বংস করবে না।’ইসলাম বিজিত দেশগুলোর সংখ্যালঘু অধিবাসীদের সর্বদা ধর্ম পালনের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা প্রদান করেছে, ফলে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে বাধার সম্মুখীন হয়নি। বিভিন্ন ধর্মাবলম্বী যাতে নির্বিঘ্নে তাদের ধর্মকর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে, সেদিকে সরকারকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ইসলামের দ্বিতীয় খলিফা দূরদর্শী হজরত উমর ফারুক (রা.) তাঁর শাসনামলে অমুসলিম নাগরিকদের অধিকার আদায়ের ব্যাপারে সিরিয়ার গভর্নর আবু উবায়দাকে এই নির্দেশ দিয়েছিলেন যে, ‘তুমি মুসলমানদেরকে অমুসলমান নাগরিকদের ওপর কোনো প্রকার অত্যাচার, প্রহার এবং তাদের ধনসম্পদ অবৈধভাবে ভোগদখল করতে নিষেধ করবে।’ মহানবী (সা.) আরব রাষ্ট্রে স্থিতিশীলতা, সামাজিক শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তদানীন্তনকালে মদিনায় বসবাসরত বনু নাজির, বনু কুরাইজা ও বনু কাইনুকা গোত্রের পৌত্তলিক ও ইহুদি নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে কতগুলো নীতিমালার ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ইসলামের ইতিহাসে এটি ‘মদিনার সনদ’ নামে খ্যাত। এ সনদের আলোকেই পৃথিবীতে সর্বপ্রথম আদর্শ ইসলামি সমাজ ও আন্তর্জাতিক শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। মদিনার সনদের উল্লেখযোগ্য দিক ছিল ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিক ও মুসলমানদের সমন্বয়ে একটি সাধারণ জাতি গঠন, যাতে সবার নাগরিক অধিকার ছিল সমান। সব সম্প্রদায় নিজ নিজ ধর্ম পালন করবে। কেউ কারও ধর্মে হস্তক্ষেপ করবে না। কোনো সম্প্রদায় বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সবার সম্মিলিত শক্তি দ্বারা প্রতিহত করবে। এমনিভাবে শান্তির ধর্ম ইসলাম অমুসলিম নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘ধর্মের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই।’ (সূরা আল-বাকারা, আয়াত-২৫৬) মদিনার সনদ রাসুলুল্লাহ (সা.)-এর রাজনৈতিক দূরদর্শিতা, কূটনৈতিক প্রজ্ঞা, ধর্মীয় সহিষ্ণুতা, সমাজ সংস্কার, শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মহানবী (সা.)-এর নেতৃত্বে নিয়ত যুদ্ধরত গোত্রের শহর শান্তিপূর্ণ প্রজাতন্ত্রে পরিণত হয়। তাঁর দেওয়া সংবিধান অনুযায়ী এটা গৃহযুদ্ধ ও অনৈক্যের স্থলে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। তিনি মদিনার প্রত্যেক মানুষের জানমালের নিরাপত্তা বিধান করেন। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে মদিনার এ সনদ সমানাধিকার দান করে এবং আরবের মুসলমান ও অমুসলমানদের মধ্যে আন্তধর্মীয় সম্প্রীতি গড়ে তোলে। এ প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক উইলিয়াম মুর যথার্থই বলেছেন, ‘মদিনার সনদে হজরতের অসাধারণ মহত্ত্ব ও অপূর্ব মননশীলতা শুধু তৎকালীন যুগেই নয়, বরং সর্বযুগের, সর্বকালের মানুষের জন্য শ্রেষ্ঠত্বের পরিচায়ক।’ এভাবে রাসুলুল্লাহ (সা.) আরবের শতধাবিভক্ত বিবদমান অমুসলিম গোত্রগুলোকে সামাজিক শান্তি-শৃঙ্খলা, ঐক্য স্থাপন ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাদের জানমাল ও সম্মানের নিরাপত্তা বিধান করেন। নবী করিম (সা.) চরম সহনশীলতার পরিচয় দিয়ে বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। তিনি চাইলেই মক্কার অমুসলিম পৌত্তলিকদের বিরুদ্ধে নির্মম নিষ্ঠুর প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে চরম শত্রু মক্কার ইসলামবিরোধী নেতাদের পরম মহানুভবতার সঙ্গে উদারভাবে সর্বজনীন ক্ষমা প্রদর্শন করলেন। আপন চাচার হত্যাকারীদেরও নির্দ্বিধায় মাফ করে দিলেন। মানবতাবিরোধী অপরাধে মাত্র ১০-১২ জন যুদ্ধাপরাধীকে শাস্তি দেওয়া হয়। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান প্রভৃতি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষই এক আল্লাহর বান্দা। তাদের একে অন্যকে জানা ও বোঝার চেষ্টা করা উচিত। সে জন্য বিভিন্ন ধর্ম, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও তাদের কর্মদক্ষতা সম্পর্কে সবাইকে জানতে হবে। বিভিন্ন সম্প্রদায় ও গোত্রের মানুষ সৃষ্টির পেছনে স্রষ্টার উদ্দেশ্য নানা সংস্কৃতির মিলনমেলা ঘটানো; মতভেদ আর যুদ্ধবিগ্রহ নয়। ইসলাম শান্তির মর্মবাণী নিয়ে এসেছে, যাতে আল্লাহর অনন্ত ক্ষমা ও সান্ত্বনার বার্তা পৃথিবীতে সুস্পষ্টভাবে প্রকাশ পায়। নবী করিম (সা.) মানুষকে ধর্মীয় মূল্যবোধের প্রতি আহ্বান করেন, যাতে জগতের অধিবাসীরা সহনশীলতা, ক্ষমা ও শান্তি উপভোগ করতে পারে। ইসলাম বিভিন্ন ধর্মের অনুসারী মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সমান অধিকারে বিশ্বাসী এবং তা নিশ্চিত করতে চায়। রাসুলুল্লাহ (সা.) সব ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতার কথা বলেছেন।ইসলামের সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মুসলমানদের জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের প্রতি ভালোবাসা দেখানো উচিত। অমুসলিমদের সঙ্গে ন্যায়সংগত সদাচরণ, অভাবী ও নিরপরাধকে রক্ষা আর অনিষ্টের বিস্তার সাধনকে প্রতিহত করা দরকার। অনিষ্ট বা অপকার মানুষের সামাজিক নিরাপত্তা, আরাম ও শান্তি বিনষ্ট করে। আল্লাহ চান যারা তাঁকে বিশ্বাস করে তারা অবশ্যই বিভিন্ন ধর্মের অনুসারীদের সঙ্গে ভালো ব্যবহার করবে; একে অন্যকে কল্যাণের পথে সহযোগিতা করবে আর সর্বদা পাপকাজকে এড়িয়ে চলবে। অথচ ধর্মের কথা বলে অমুসলিমদের ওপর জুলুম করা চরম অপরাধ। রাসুলুল্লাহ (সা.) মুসলমানদের সতর্ক করে দিয়ে সাবধানবাণী উচ্চারণ করেছেন, ‘তোমাদের কেউ যদি কোনো অমুসলিমের প্রতি অন্যায় করে, তবে আমি কিয়ামতের দিন সেই মুসলমানের বিরুদ্ধে সাক্ষী হব।’ বর্তমানে পৃথিবীর প্রায় সব জায়গায়ই অসংখ্য মানুষ বর্ণবাদ বা জাতিগত সমস্যায় অবিচার ও নিষ্ঠুরতার কারণে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছে। অথচ ইসলামের দৃষ্টিতে বিভিন্ন ধর্মের অনুসারী নাগরিকদের ওপর কোনো জোরজুলুম চলবে না এবং তাদের জীবন, সম্পদ, মানসম্মান, মানবিক অধিকার, ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিটি ব্যাপারে অবাধ স্বাধীনতা দিতে হবে। তাই জাতি-ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য আর্থ-সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ একান্ত বাঞ্ছনীয়। ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।[email protected]