হবিগঞ্জের নারায়ণপুর গ্রামের যজ্ঞেশ্বর গোপ একজন খুনি—এই সত্য আদালতে প্রমাণিত হয়েছে। নিম্ন আদালত তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। কিন্তু আপিলের পর উচ্চ আদালত তাঁর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। প্রাণ রক্ষা পেয়েছে বলে যজ্ঞেশ্বর গোপ ও তাঁর স্বজনদের সন্তুষ্ট থাকাই শোভন ছিল। কিন্তু না, তাঁরা চেষ্টা করছেন কারাদণ্ডও যেন মাফ করা হয়। আর তাঁদের এই চেষ্টা সার্থক করতে উদ্যোগী হয়েছেন হবিগঞ্জের সরকারদলীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জহির। একজন প্রমাণিত ও সাজাপ্রাপ্ত খুনির পক্ষে কারাদণ্ড মওকুফের সুপারিশ করে ডিও লেটার দিয়ে এই আইনপ্রণেতা স্পষ্টতই আইনের শাসনের প্রতি নিজের উপেক্ষার প্রকাশ ঘটিয়েছেন।
যজ্ঞেশ্বর গোপ ১৯৯৭ সালের এক রাতে তাঁর কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে শান্ত গোপ নামে এক মিষ্টি ব্যবসায়ীর ঘরের দরজা ভেঙে ঢুকে পড়েন। তারপর তিনি সবার সামনে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন শান্ত গোপকে। প্রমাণ সাপেক্ষে আদালতের আদেশে দণ্ডপ্রাপ্ত এহেন এক নৃশংস খুনির পক্ষে সাংসদের ওকালতির প্রধান কারণ, খুনি যজ্ঞেশ্বরের ভাই একজন সরকারি কৌঁসুলি। অবশ্য সাংসদ বলেছেন, বাদী-বিবাদীর মধ্যে বোঝাপড়া হয়ে গেছে বলে তিনি বিবাদীর সাজা মওকুফের জন্য ডিও লেটারে সুপারিশ করেছেন। কিন্তু নিহত শান্ত গোপের বোন বলেছেন, বোঝাপড়ার কোনো প্রশ্নই ওঠে না। শান্ত গোপের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আসামির পরিবারের লোকজন তাঁদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। তাঁদের আশঙ্কা, আসামির সাজা মওকুফ হলে এবং তিনি কারাগার থেকে বেরিয়ে এলে শান্ত গোপের গোটা পরিবারের নিরাপত্তাই হুমকির মুখে পড়বে।
সুতরাং সাংসদের সুপারিশ অযৌক্তিক ও বিপজ্জনক: এতে নিহত শান্ত গোপের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। যজ্ঞেশ্বর গোপ যেন সাজার মেয়াদ শেষ হওয়ার আগে জেল থেকে বেরিয়ে আসতে না পারেন এবং মেয়াদ শেষে বেরিয়ে আসার পরে আবারও শান্ত গোপের পরিবারের ওপর চড়াও না হন, এটা নিশ্চিত করা উচিত।