অযৌক্তিক গণপদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনকে রাজনৈতিক, দলীয় ও গোষ্ঠীগত স্বার্থে ব্যবহারের বিষয়টি এখন সর্বজনবিদিত। সম্প্রতি সরকার জনপ্রশাসনে যে ৮৭৩ জন কর্মকর্তার পদোন্নতি দিয়েছে, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমত, কারা, কিসের ভিত্তিতে এ পদোন্নতি পেয়েছেন, তা পরিষ্কার নয়। এ ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতার চেয়ে রাজনৈতিক আনুগত্যই অগ্রাধিকার পেয়েছে বলে প্রতীয়মান হয়। দ্বিতীয়ত, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে যাঁরা নতুন পদোন্নতি পেয়েছেন, তাঁদের আগের পদেই দায়িত্ব পালন করতে হবে। টেবিল, চেয়ার ঠিকই থাকবে, বেতন-ভাতা বাড়বে। এ ধরনের পদোন্নতি ব্যতিক্রম হতে পারে, নিয়মে পরিণত হতে পারে না। পদ ছাড়া পদোন্নতি দেওয়ার এ প্রবণতা জনপ্রশাসনকে পুরো নৈরাজ্য ও বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে।
সংকট রেখেই জনপ্রশাসনে ৮৭৩ কর্মকর্তার পদোন্নতিপ্রকাশিত খবর অনুযায়ী, সরকার একদিকে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ে পদ না থাকা সত্ত্বেও আট শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে, অন্যদিকে নিম্নপর্যায়ে সহকারী সচিবের (মাঠপর্যায়ে সহকারী কমিশনার) বহু পদ খালি রেখে দিয়েছে। যেকোনো দেশের জনপ্রশাসন হওয়া উচিত পিরামিড আকৃতির, নিচের অংশ যত বিস্তৃত ও মজবুত হবে ওপরের অংশ তত সরু হবে। কিন্তু সেই নিয়ম না মেনে সরকার উল্টো পথেই ধাবিত হচ্ছে। এটি সুস্থতার লক্ষণ নয়।
ক্ষমতার বাইরে থাকতে রাজনৈতিক দলগুলো জনপ্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বুলন্দ আওয়াজ তুললেও ক্ষমতায় গিয়ে তা বেমালুম ভুলে যায়। বিএনপি আমলে জনপ্রশাসনের নানা অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সোচ্চার ছিল আওয়ামী লীগ। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারেও দলটি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে জনপ্রশাসনকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছিল। কিন্তু ক্ষমতায় এসেই তারা এর বিপরীত কাজই করে যাচ্ছে। এতে ক্ষমতাসীনেরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে জনপ্রশাসন। এই ক্ষতি কোনোভাবেই বাড়তে দেওয়া যায় না। জনপ্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের এই অভ্যাস রহিত করা এখন জরুরি হয়ে পড়েছে।