দেশের সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী দেশবাসীর ওপর যে লাগাতার হরতাল চাপিয়ে দিল, তার বৈধতা ও যৌক্তিক ভিত্তি কী? যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ার সমালোচনার ভাষা হরতাল হতে পারে না। তাই এই হরতালকে আমরা জনবিরোধী ও অর্থনীতিবিরোধী বলে মনে করি।
একেকটি হরতাল মানে অর্থনীতির অপূরণীয় ক্ষতি, শিশু থেকে পরিণত সব শিক্ষার্থীর শিক্ষাজীবন থেকে দিনগুলো হারিয়ে যাওয়া, সারা দেশের মানুষের আন্তজেলা যোগাযোগে কঠিন ভোগান্তি; হরতাল মানে অশান্তি, মৃত্যু, ক্ষতি। যেখানে জনগণ আর এসব হরতালে সাড়া দেয় না, সেখানে হরতাল ডাকার উদ্দেশ্য কী? এভাবে জনজীবনকে বিপর্যস্ত করার নাম রাজনীতি নয়, জবরদস্তি। হরতাল ডেকে সারা দেশের মানুষকে অন্তহীন ভোগান্তির মধ্যে ফেলার অধিকার কারও নেই। প্রতিবাদের জনসম্পৃক্ত কর্মসূচি দিতে না পারার ব্যর্থতাই হলো অগণতান্ত্রিক ও অযৌক্তিক হরতাল কর্মসূচি চালিয়ে যাওয়া। যে কৃষক জাতিকে ভরণপোষণ করেন, যে শ্রমিক দেশে বা বিদেশে মেহনত করে দেশকে সমৃদ্ধ করেন, এহেন হরতাল তাঁদের বিরুদ্ধেই চলে যায়!
যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের সমগ্র জনগণের দাবি। বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে পরিচালিত নিকৃষ্ট রকম গণহত্যার প্রতিবিধানের স্বার্থেই এই বিচার। একাত্তরে যে ৩০ লাখ শহীদ জীবন দিয়েছেন, তাঁদের স্বজনের ন্যায়বিচার
পাওয়ার অধিকার আছে। সুতরাং এর বিরুদ্ধে লাগাতার হরতাল আহ্বান এবং হরতালের নামে রাস্তায় গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগ করা সেই ন্যায়বিচারের বিরুদ্ধে চরম আঘাত।
হরতালের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। জামায়াতে ইসলামী আহূত এই হরতাল অযৌক্তিক। কিন্তু যৌক্তিক দাবিতেও হরতাল কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। দুর্ভাগ্যজনক যে এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো বরাবর দ্বৈত নীতি গ্রহণ করে আসছে। ক্ষমতায় থাকতে যারা হরতালের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, বিরোধী দলে গেলে তারাই সেই হরতালকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। দেশ ও জনগণকে জিম্মি করার এই হরতাল চিরতরে বন্ধ হোক।