যুদ্ধাপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড দেশের সর্বোচ্চ আদালত বহাল রাখার প্রতিবাদে জামায়াতে ইসলামী আজ সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে। তাদের এই হরতাল কেবল অগণতান্ত্রিক ও অযৌক্তিক নয়, আদালতকেও চ্যালেঞ্জ করার শামিল।
উল্লেখ্য, মাননীয় আদালত, জামায়াতে ইসলামীর মহাসচিব হিসেবে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেননি, দিয়েছেন একাত্তরে সংঘটিত গুরুতর অপরাধ তথা বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও সহযোগিতার দায়ে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ (ট্রাইব্যুনাল) আইনে তাঁর শাস্তি হয়েছে বিচারের সব প্রক্রিয়া সম্পন্ন করেই। অন্যান্য দেশে এ ধরনের অপরাধের মামলায় আপিলের সুযোগ না থাকলেও বাংলাদেশে প্রতিটি বিচারের ক্ষেত্রে আপিলের সুযোগ ছিল। আলী আহসান মোহাম্মাদ মুজাহিদও সেই সুযোগ নিয়েছেন। আপিল বিভাগের রায়ের পর তাঁর আইনজীবী রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন।
একদিকে উচ্চ আদালতে রিভিউর আবেদন করা, অন্যদিকে জনগণের ওপর হরতাল চাপিয়ে দেওয়ায় দলটির স্ববিরোধী চরিত্রেরই বহিঃপ্রকাশ। এর আগেও জামায়াতে ইসলামীর নেতারা যখনই যুদ্ধাপরাধের দায়ে শাস্তির মুখোমুখি হয়েছেন, দলটি জনগণের ওপর অন্যায় হরতাল চাপিয়ে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না, তাদের এসব হরতাল কখনোই অহিংস থাকে না। হরতালের নামে তারা জনগণের ওপর জবরদস্তি চাপিয়ে দেয়। আইন-আদালতের বিষয় নিয়ে রাস্তায় মাস্তানি চলতে পারে না।
তবে জামায়াতে ইসলামী এককভাবে হরতাল ডাকলেও এই সাহস তারা পেয়েছে জোটবদ্ধ রাজনীতির কারণে। কেননা, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে গঠিত ২০-দলীয় জোটের শরিকও এই দলটি। মৌলবাদী হিসেবে চিহ্নিত জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট বাঁধা নিয়ে দেশের ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ারও পরামর্শ দিয়েছে। এ অবস্থায় বিএনপির উচিত এই মৌলবাদী দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।
আর জামায়াতে ইসলামীর অন্যায় হরতালকে দেশবাসী প্রত্যাখ্যান করবে আশা করি।