অরক্ষিত উপকূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু দিক থেকেই প্রায় অরক্ষিত বাংলাদেশের সমুদ্রসীমা। দলে দলে বিদেশি জেলেরা সুযোগ পেয়ে ধরে নিয়ে যাচ্ছে টন টন মাছ। তাদের দাপটে দেশীয় জেলেরাও অতিষ্ঠ। অথচ বাংলাদেশ কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর যা করণীয়, তা তারা করছে না। এদিকে সরকারের দৃষ্টি নিবদ্ধ হওয়া জরুরি, অর্থনৈতিক ও নিরাপত্তার কারণেই।
নতুন করে সমুদ্রসীমা বেড়ে গেলেও সমুদ্র প্রহরার আওতা না বেড়ে বরং কমেছে। উন্মুক্ত সমুদ্রে বহু ধরনেরই বিপদ ও উপদ্রব ঘটতে পারে। তবে আশু সমস্যা হিসেবে দেখা দিয়েছে ভারতীয়, শ্রীলঙ্কান ও থাই জেলেদের উপদ্রব। দক্ষিণ উপকূলের জেলেদের অভিযোগের ভিত্তিতে শনিবারের প্রথম আলোয় সংবাদও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের মূল মৎস্য প্রজনন এলাকাসহ ইলিশের প্রধান বিচরণক্ষেত্রটিতে বাংলাদেশের জেলেরা জায়গা পাচ্ছেন না, এর চেয়ে বিরক্তিকর ঘটনা আর কী হতে পারে? ভারতীয় জেলেরা সুন্দরবনের উপকূল থেকে পটুয়াখালী উপকূল পর্যন্ত অনায়াসে মাছ ধরে নিয়ে যেতে পারছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অবহেলার কারণে।
বিদেশিদের অবৈধ প্রবেশ, দেশি জেলেরা কোণঠাসামুখ্যত এই দায়িত্ব কোস্টগার্ডের। কিন্তু বর্ধিত সমুদ্রসীমা প্রহরার মতো উপযুক্ত লোকবল ও প্রযুক্তি তাদের আছে কি না সন্দেহ। তাই বলে উপকূলের কাছাকাছি এলাকায়ও তারা পাহারা দিতে পারবে না, এটা হতে পারে না। যেখানে ঝড়ের কবলে পড়ে ভারতীয় সমুদ্রসীমায় বাংলাদেশের জেলে নৌকা চলে গেলে নিশ্চিত কারাদণ্ড হয়, সেখানে বাংলাদেশি জেলেরা নিজের উঠানেই হুমকিগ্রস্ত হচ্ছেন! এ ব্যাপারে কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলীয় কমান্ডার উপদ্রব বেড়ে গেলে অভিযান চালানোর কথা বলেছেন। আর কতটা হলে তাঁদের টনক নড়বে?
কেবল মাছের প্রজনন এলাকা রক্ষা এবং মৎস্য সম্পদের লুণ্ঠন ঠেকানোই নয়; সুমদ্র প্রতিরক্ষা জাতীয় নিরাপত্তার অংশ। সমুদ্রপথে মানব পাচার, চোরাচালান, অস্ত্র ও মাদক-বাণিজ্যের মতো অবৈধ কার্যকলাপ চলে। তা ছাড়া প্রহরার দুর্বলতার কারণে এই এলাকা জঙ্গিগোষ্ঠীগুলোর জন্যও সুযোগ করে দিতে পারে। এসব ঠেকাতে বাংলাদেশ প্রস্তুত আছে তো?