অরক্ষিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ছিনতাই, ডাকাতিসহ অপরাধী চক্রের যেসব অপরাধমূলক কর্মকাণ্ডের খবর প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা সত্যিই উদ্বেগজনক।
প্রকাশিত খবর অনুযায়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলের সময় বেশির ভাগ সময় ফেরিগুলো অরক্ষিত থাকে। এ কারণে যাত্রীরা প্রায়ই নানা ধরনের বিপদে পড়েন। মাঝেমধ্যে পাটুরিয়া ঘাট ছেড়ে ফেরি মাঝনদীতে পৌঁছার আগেই ইঞ্জিনচালিত ছোট ট্রলারে করে এসে দুর্বৃত্তরা ফেরিতে উঠে জুয়ার আসর বসায়। যাত্রীদের জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করে তারা তাঁদের সবকিছু কেড়ে নেয়। কোনো কোনো সময় আবার চক্রের সদস্যরা ঢাকা বা পাটুরিয়া ঘাট থেকে যাত্রীবেশে দূরপাল্লার বাসে ওঠে। এসব বাস ফেরিতে ওঠামাত্র তারা যাত্রীদের মূল্যবান জিনিস কেড়ে নেয় বা পকেট কাটে।
উভয় ঘাটে নৌ-পুলিশের ফাঁড়ি ও স্পিডবোট থাকলেও পর্যাপ্ত সদস্য এবং স্পিডবোটের তেলের অভাবে নিয়মিত অভিযান চালানো সম্ভব হয় না। প্রতিটি স্পিডবোটের জন্য মাসে মাত্র ২০০ লিটার ডিজেল বরাদ্দ দেওয়া হয়। নিয়মিত টহল চললে এই তেলে সর্বোচ্চ এক সপ্তাহ চালানো সম্ভব। ফলে এ নৌপথ অরক্ষিত থাকছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এ নৌপথের নিরাপত্তা বিধানে তেমন কোনো উদ্যোগ নেই।
দেশের গুরুত্বপূর্ণ এ নৌপথে প্রতিদিন ১৬টি ফেরিতে কয়েক শ যানবাহন ও কয়েক হাজার যাত্রী পারাপার করে থাকেন। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা দশার এই হচ্ছে হাল! তবে শুধু দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথই নয়, দেশের অন্যান্য নৌপথেও একই অবস্থা বিরাজ করছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রাথমিক দায়িত্ব হচ্ছে নৌপথের যাত্রীদের নিরাপত্তা বিধান এবং নৌযানগুলোর চলাচলের নিশ্চয়তা বিধান করে নাবিকদের স্বার্থ সংরক্ষণ করা। কিন্তু বাস্তবতা হচ্ছে, নৌপথের কোনো নিরাপত্তা নেই। ঝুঁকিপূর্ণ নৌপথগুলোতে কোস্টগার্ড ও পুলিশের টহল নেই বললেই চলে। ফাঁড়িগুলোতে পুলিশ ও টহল স্পিডবোটের সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নিতে হবে।