বাংলাদেশের রেলপথগুলো কতটা অরক্ষিত এবং এর নিরাপত্তাব্যবস্থা যে কত ঠুনকো, তার এক মর্মান্তিক দৃষ্টান্ত হলো গাজীপুরের কালিয়াকৈরে গত রোববারের দুর্ঘটনা।
প্রথমআলোর খবর অনুযায়ী, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান গ্রামে খেয়াল না করে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর উঠে পড়ে একটি প্রাইভেট কার। দ্রুতগতিতে এগিয়ে আসা ভারতের কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের সামনের অংশে আটকে যায় গাড়িটি। এরপর গাড়িটিকে ঠেলে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার। সেখানে সেতুর ওপর ওঠার পর গাড়িটি সেতুর ফাঁকা দিয়ে নদীতে পড়ে যায়। নিহত হন একই পরিবারের চারজন এবং গাড়িচালক। ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান ছিলেন না। ফলে প্রতিবন্ধক বারও কেউ ফেলেনি। এর ফলে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার দায় কার?
রেলওয়ের সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে ২ হাজার ৮৩৫ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং আছে ২ হাজার ৫৪১টি। এর মধ্যে ১ হাজার ৪১৩টি রেলওয়ের অনুমোদিত। বাকি ১ হাজার ১২৮টি ক্রসিং অনুমোদনহীন। গতকালের আরেক প্রতিবেদন জানাচ্ছে, অনুমোদিত ও অনুমোদনহীন মোট রেলক্রসিংয়ের মধ্যে আবার ২ হাজার ১৭০টিতে কোনো গেট নেই, যান নিয়ন্ত্রণের লোক বা কোনো সংকেত–বাতি নেই। মানে ৮৫ ভাগ ক্রসিংই অরক্ষিত!
এটা বিস্ময়কর যে রেলওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ পরিবহনব্যবস্থা এভাবেই চলছে। এটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ছাড়া আর কী! ফলে মাসে অন্তত ১২ জনের মৃত্যু আমাদের মেনে নিতে হচ্ছে।
রেলের উন্নয়নে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কিন্তু জননিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই দিকটিতে কোনো নজর নেই। আমরা রেলপথ সম্প্রসারণ করব, ট্রেনের সংখ্যা বাড়াব কিন্তু মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেব না, এটা তো হতে পারে না। রেলওয়ের নীতিনির্ধারকদের কাছে যদি মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব না পায়, তবে রেলের ‘উন্নয়ন’–এর সঙ্গে সঙ্গে মানুষের জীবন বিপন্নের হার আরও বাড়তে থাকবে।
অবিলম্বে অবৈধ লেভেল ক্রসিং বন্ধ এবং যারা এসব গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সামগ্রিকভাবে ক্রসিং–ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। এর আগ পর্যন্ত প্রতিটি ক্রসিংয়ে গেটম্যান ও প্রতিবন্ধক বার নিশ্চিত করতে হবে।