অর্থ পাচার রোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে গত ১০ বছরে যে অর্থ পাচার হয়েছে, তা এবারের জাতীয় বাজেটের চেয়েও এক লাখ কোটি টাকা বেশি। অর্থ পাচার একটি বৈশ্বিক সমস্যা, কিন্তু বাংলাদেশ থেকে যে মাত্রায় অর্থ পাচার হচ্ছে, তা এককথায় মাত্রাছাড়া। এত টাকা বিদেশে পাচারের পেছনে যে বাস্তবতা ও কারণ কাজ করে সে ব্যাপারে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ হচ্ছে; নির্বাচনের আগে টাকা পাচার বাড়ে, রাজনৈতিক অনিশ্চয়তা টাকা পাচার উৎসাহিত করে এবং যথাযথ বিনিয়োগের পরিস্থিতি না থাকায় টাকা বাইরে চলে যাচ্ছে। অর্থ পাচার রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প  নেই। শনিবার এ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির উদ্যোগে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় দেশের অর্থনীতিবিদ, ব্যাংকার ও ব্যবসায়ীদের তরফে যেসব পরামর্শ এসেছে, তা বিবেচনায় নেওয়া জরুরি।

 সভায় টাকা পাচার রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমন্বয়ের জন্য একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব এসেছে। বলা হয়েছে অর্থ পাচার রোধে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর কথা। জিএফআই তথ্য অনুযায়ী মোট পাচার হওয়া অর্থের ৮৫ থেকে ৯০ শতাংশই হয় আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। ফলে এই দিকটিতে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অর্থ পাচার রোধের ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা। একই সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে না পারলে অর্থ দেশে রাখার ব্যাপারে সম্পদশালীরা আস্থা ফিরে পাবে না।