অর্থদণ্ড শোধের নতুন নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফুলকোর্ট ১৩৬ বছরের প্রাচীন একটি ঔপনিবেশিক রীতির পরিবর্তন ঘটিয়ে যে প্রশাসনিক পরিবর্তন এনেছেন, তা যথার্থ। কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত ব্যক্তিদের এ–যাবৎ​ নির্দিষ্ট কারাবাসের পরে জরিমানা দিতে হতো। প্রক্রিয়াটি ভোগান্তিপূর্ণ। বিশেষত যাঁদের স্বজন নেই, তাঁদের পক্ষে কারা ভোগরত অবস্থায় আদালতের আগাম অনুমতি নিয়ে জরিমানার অর্থ শোধ করা কঠিন। এখন প্রক্রিয়াটি সহজ হলো।

১৮৮০ সালে বিধান করা হয়েছিল, আদালতের আগাম অনুমতি ছাড়া কোনো দণ্ডিত ব্যক্তি অর্থদণ্ডের টাকা সরকারি কোষাগারে জমা দিতে পারবেন না। এখন আদালতের অনুমতির প্রয়োজন হবে না, দণ্ডিত ব্যক্তি বা তাঁর পক্ষে কেউ কারাভোগের মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে টাকা জমা দিতে পারবেন।

একটি অতীব প্রয়োজনীয় সংস্কারকাজ, যা আরও কয়েক দশক আগেই বাস্তবায়িত হতে পারত, সেটা হয়নি। অথচ এটা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তেমন কাঠখড় পোড়াতে হয়নি। শুধু মানুষের প্রতি ভালোবাসা এবং আইনের শাসনের মূল চেতনা জাগ্রত করার অভিপ্রায় থেকে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট বিনা ক্লেশে একটি নীরব বিপ্লব ঘটিয়ে দিলেন। কারা কর্তৃপক্ষ, যারা জরিমানার অর্থ পরিশোধ সহজ করতে সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছিল, আমরা তাদেরও ধন্যবাদ জানাই।

আশা করব, এই ঘটনার অনুসরণে আরও যেসব ক্ষেত্রে সামান্য উদ্যোগেই সংস্কার আনা সম্ভব, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বেশি সক্রিয় ও আন্তরিক হবেন। সংস্কার দুরূহ বটে। কিন্তু সদিচ্ছা থাকলে শতাব্দী-প্রাচীন একটি বিধানে কত সহজে ও দ্রুতই পরিবর্তন আনা যায়, এটি তার ভালো নজির হয়ে থাকবে।