গত এক মাসের টানা অবরোধ-হরতালের মধ্যেও পণ্য রপ্তানি আয় বৃদ্ধির খবরটি নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশের পণ্য রপ্তানি আয় গত বছরের এই সময়ের চেয়ে ২ শতাংশ বেশি হয়েছে। কিন্তু অচলাবস্থা চলতে থাকলে বৃদ্ধির এই হার ধরে রাখা কঠিন। কারণ, তৈরি পোশাকশিল্প খাতের ক্রেতারা আসছেন না, শিল্পমালিকেরা বিদেশে গিয়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে কিছু ক্রয়াদেশ আনছেন। এভাবে জোড়াতালি দিয়ে বেশি দিন চলবে না। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) হিসাব অনুযায়ী, এক দিনের হরতাল-অবরোধে দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয় ২ হাজার ২৭৭ কোটি টাকা।
তবে একটি বিপরীত চিত্রও দেখা যায়। এত ভয়ভীতি ও নাশকতার আশঙ্কার মধ্যেও গত বুধবার থেকে রাজধানীতে পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতির সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। চার দিনব্যাপী এই প্রদর্শনীতে ৩৩টি দেশের ৮৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রানা প্লাজা ধসের পর শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি জরুরি হয়ে উঠেছে। সে জন্য দেশীয় অনেক উদ্যোক্তা আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় ব্যবস্থায় উৎপাদন করে নিরাপত্তাঝুঁকি কমানোর দিকে নজর দিয়েছেন। নতুন এই চাহিদাই বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতির উৎপাদনকারীদের ঢাকার এই প্রদর্শনীতে টেনে এনেছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের উদ্যোক্তাদের পরিচয় ঘটিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। এই ঘটনা প্রমাণ করে, নাশকতার ভীতির চেয়েও বাজার অর্থনীতির শক্তি অনেক বেশি।
অন্যদিকে, কৃষি ব্যাংকের অর্ধেক আমানতকারী ১০ টাকার ব্যাংক হিসাবে লেনদেন করেন এবং এঁদের সংখ্যা ৩৫ লাখ। কৃষকেরা সহজে কৃষিঋণ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে ৩৪৯ কোটি টাকা শহরাঞ্চল থেকে গ্রামের দিকে যাচ্ছে। এভাবে অবরোধের মধ্যেও গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে।
আমাদের অর্থনীতি বাধাবিপত্তির মধ্যেও মোটামুটি সচল থাকার শক্তি রাখে। কিন্তু এরও একটা সীমা আছে। এ অবস্থায় হরতাল-অবরোধ প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সরকার ও রাজনৈতিক দলগুলোর এক নম্বর দায়িত্ব।