মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯৯৩-০১ মেয়াদের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটা উক্তি বিশ্বখ্যাতি অর্জন করেছে, তা হলো: ‘It is the economy, stupid.’ উক্তিটার সারকথা হলো, রাজনীতিতে বাজিমাত করতে হলে অর্থনীতির সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। অন্য যত অর্জনই থাকুক তাতে কাজ হবে না, যদি অর্থনীতি সংকটগ্রস্ত হয়ে পড়ে। ইরাক যুদ্ধজয়ী প্রেসিডেন্ট বুশ (সিনিয়র বুশ) ১৯৯২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্লিনটনের কাছে ধরাশায়ী হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওপরের উক্তিটি করা হয়েছিল। গত ১ ডিসেম্বর একটা সংবাদ সম্মেলন করে একটি সুলিখিত ভাষণ পাঠ করে আমাদের বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছেন, ক্ষমতাসীন মহাজোট সরকার (প্রধানত আওয়ামী লীগ) এ দেশের অর্থনীতিকে ‘দেউলিয়া’ করে ফেলেছে। তাঁর দলের ‘থিংক ট্যাংকের’ অন্তর্ভুক্ত কোনো অর্থনীতিবিদের লিখিত ওই ভাষণে এ দেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনীতির গতি-প্রকৃতি এবং প্রবণতা সম্পর্কিত অনেক তথ্য-উপাত্ত উপস্থাপিত হয়েছে। তথ্য-উপাত্তগুলো উদ্বেগজনক, কিন্তু অর্থনীতি দেউলিয়া হয়ে যাচ্ছে—এ ধরনের আতঙ্ক সৃষ্টিকারী অনুসিদ্ধান্তে ওগুলোর ভিত্তিতে পৌঁছানো যায় কি? ওটা তো রাজনৈতিক ‘স্টান্ট’ হয়ে গেল। স্বীকার করতে বাধা নেই, সাম্প্রতিক মাসগুলোয় সামষ্টিক অর্থনীতিতে বেশ কিছু ঝুঁকির সৃষ্টি হয়েছে, যেগুলোকে উদ্বেগজনক অভিহিত করলে আপত্তির অবকাশ থাকত না। কিন্তু অর্থনীতি সম্পর্কে জনমনে আতঙ্ক (Panic) সৃষ্টি করা কি সমীচীন হচ্ছে? ‘দেউলিয়া’, ‘পোড়ামাটিনীতি’, ‘শূন্য কোষাগার’, ‘সর্বগ্রাসী সংকট’—এসব অহেতুক অতিকথন বেগম জিয়ার ভাষণটাকে রাজনৈতিক আক্রমণের পর্যায়ে নামিয়ে এনেছে। তবুও তাঁকে সাধুবাদ জানাই অর্থনীতির সাম্প্রতিককালের ঝুঁকিগুলোর দিকে জাতির এবং ক্ষমতাসীন মহলের দৃষ্টি আকর্ষণের জন্য। কারণ, সংশোধনমূলক নীতিমালা গ্রহণই এখন সময়ের দাবি। জনগণের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অব্যাহত উচ্চ মূল্যস্ফীতির বিষয়টি। শীতের মৌসুমে ধান-চাল, তরিতরকারী ও মাছ-মাংসের দাম বৃদ্ধি কিছুটা কমবে। কিন্তু অভ্যন্তরীণ অর্থনীতিতে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে দামের এই সাময়িক স্বস্তির বিপরীতে অস্থিরতা সৃষ্টি করবে আমদানি পণ্যের মূল্যস্ফীতির প্রচণ্ড চাপ। অর্থনীতিতে সাম্প্রতিক মাসগুলোতে সবচেয়ে বেশি উদ্বেগজনক ঝুঁকির সৃষ্টি হয়েছে বৈদেশিক বাণিজ্য ও লেনদেনের ভারসাম্য। গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো লেনদেনের ভারসাম্যের চলতি হিসাবে (Current account of the balance of payments) ঘাটতি অবস্থার সৃষ্টি হয়েছে। সহজ ভাষায়, বিষয়টিকে ব্যাখ্যা করা যায় এভাবে—রপ্তানি আয়ের প্রবৃদ্ধি পরিমাণগতভাবে যতখানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে আমদানি ব্যয়ের পরিমাণ। গত ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৩ বিলিয়ন ডলারে, কিন্তু আমদানি ব্যয় আরও বেশি হারে বেড়ে ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তাতে বাণিজ্য ভারসাম্যে ঘাটতি বেড়ে ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্স ২০১০-১১ অর্থবছরে ছিল প্রায় ১১ দশমিক ৬২ বিলিয়ন ডলার, কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে প্রেরিত রেমিট্যাক্স প্রবাহ বাদ দিয়ে দেশে আসা রেমিট্যান্স দেশের বাণিজ্য ভারসাম্যের ঘাটতি মেটানোর জন্য নিকট অতীতে যথেষ্ট হলেও এবার ওই ঘাটতি মেটাতে পারেনি। বৈদেশিক ঋণ ও অনুদানের প্রবাহও সাম্প্রতিক সময়ে একেবারেই অপ্রতুল হয়ে গেছে। প্রথম আলো ১৯ ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত সংবাদে জানিয়েছে, জুলাই-নভেম্বর ২০১১—এই পাঁচ মাসে বাংলাদেশ সুদাসলে পরিশোধকৃত বৈদেশিক ঋণ বাদ দিয়ে মাত্র পাঁচ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ ও অনুদান নিট হিসেবে পেয়েছে। উপরোল্লিখিত তথ্য-উপাত্তগুলোর যোগ-বিয়োগের ফলাফল হলো, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ১৫ মাসে ১১ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে কমে ১৩ ডিসেম্বরে ৯ দশমিক ৩ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। রিজার্ভের এই দ্রুত হ্রাস পাওয়ার প্রবণতা রুখতেই হবে। তবে এটাকে আতঙ্কজনক বলাটা অনুচিত, দেশ দেউলিয়া হয়ে গেছে বলাটা মিথ্যাচার। বিরোধী দলের নেতাকে স্মরণ করিয়ে দিতে চাই, ২০০৬ সালের অক্টোবরে তিনি ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমান পর্যায়ের অর্ধেক ছিল। রিজার্ভের স্ফীতি ২০০৭-১০ পর্বেই ঘটেছিল দ্রুত হারে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটা স্বস্তিকর অবস্থায় থাকলে অর্থনীতি সম্পর্কে দেশে-বিদেশে আস্থা বাড়ে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। এ ক্ষেত্রে যে বিষয়টি সরকারি নীতি-প্রণেতাদের অনুসন্ধান ও বিশ্লেষণ করতে হবে তা হলো, মাঠপর্যায়ের অনুসন্ধান থেকে জানতে পেরেছি, ওভার-ইনভয়েসিংয়ের মাধ্যমে পুঁজি পাচারের হিড়িক পড়েছে। অদূর ভবিষ্যতে দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা এহেন হিড়িকের জন্ম দিয়েছে বলে মনে হচ্ছে। বৈদেশিক মুদ্রার কার্ব মার্কেটে ডলারের দাম ৮৬ ডলারে ওঠে যাওয়াটাও পুঁজি পাচারের হিড়িকের প্রমাণ বৈকি! রাজনৈতিক দুর্নীতি ও আমলাতান্ত্রিক দুর্নীতির রাঘববোয়ালেরা এবং গত বছরের শেয়ারবাজারের লুটেরা ফাটকাবাজেরা দেদার ডলার কিনছেন—এটাও ডলারের চাহিদার স্ফীতির জন্য সরাসরি দায়ী। জমির দাম, প্লটের দাম, অ্যাপার্টমেন্টের দাম গত দুই বছরে দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় কালোটাকার মালিকদের কাছে এখন ডলার এবং স্বর্ণের কদর বাড়ছে স্বাভাবিকভাবেই।এ পর্যায়ে আমি সরকারের নীতি-প্রণেতাদের অনুরোধ করব, দেশের কালো অর্থনীতির আয়তনকে খাটো করে দেখার (Under-estimation) বদখাসলত পরিত্যাগ করুন। কালোটাকাকে পুঁজিবাজারে যেভাবে আকর্ষণ করা হচ্ছে, সেটা বড় ধরনের ভুল হচ্ছে। কারণ, পুঁজিবাজারকে এভাবে কৃত্রিমভাবে ফাঁপানো হলে তা টেকসই হবে না, বেলুন চুপসে যাবে বরং বলা উচিত, ধুরন্ধর লুটেরা মহলগুলো পুঁজিবাজারকে আবারও লুটে নেওয়ার মওকা পেয়ে যাবে। শেয়ারবাজারের ফাটকা কারবারি হওয়া কারও প্রধান পেশা হলে ওটাকে ক্যাসিনো পুঁজিবাদের ‘আসর’ হিসেবে বিবেচনা করতে হবে। পাশ্চাত্যের চলমান অর্থনৈতিক মন্দা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এ ব্যাপারে। পুঁজিবাজারের ধস নামানোর জন্য যে মহারথীরা খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে সুস্পষ্টভাবে চিহ্নিত হয়েছে, তাঁদের ছত্রচ্ছায়া প্রদানের সরকারি নীতি আর কত দিন বহাল থাকবে? তাঁদের বিরুদ্ধে বিচারিক শাস্তি প্রদান আইনি দুর্বলতার কারণে বিলম্বিত হলেও রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁদের প্রদত্ত পৃষ্ঠপোষকতা ও মর্যাদা প্রত্যাহার করা হলে অসুবিধা তো দেখছি না। এই লুটেরারা অর্থনীতির একটা বিকাশমান প্রতিষ্ঠান ধসিয়ে দিয়ে দেশদ্রোহিতামূলক অপরাধ করেছে। এর পরও তাঁরা তিরস্কৃত না হয়ে ‘পুরস্কৃত’ থাকবেন কেন?ব্যাংকিং-ব্যবস্থায় পুঁজিবাজারের ধস যে সংকট সৃষ্টি করেছে, সেটাও অর্থনীতির জন্য বড়সড় ঝুঁকির আলামত বহন করছে। অনেকগুলো ব্যাংক তাদের ক্রীত শেয়ার বিক্রি করতে পারেনি পুঁজিবাজারের ধসের কারণে। স্থায়ী আমানত ও সঞ্চয়পত্রগুলোর আকর্ষণ সরকারি নীতির কারণেই কমে গেছে। ‘গোদের ওপর বিষফোঁড়া’ হিসেবে যোগ হয়েছে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের হিড়িক। জ্বালানি আমদানির প্রবল স্ফীতি এবং ভর্তুকি হ্রাসের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব সরকারকে বড় ধরনের বেকায়দায় ফেলেছে, বোঝা যাচ্ছে। কিন্তু সরকারের কয়লানীতি ঘোষণায় আর কত টালবাহানা হবে? রাশেদ খান মেননের প্রস্তাব সংসদে গ্রহণ করা হোক। কয়লা রপ্তানি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলে লুটেরা বহুজাতিক কোম্পানিগুলো কয়লা খাত থেকে হাত গুটিয়ে নেবে। তখন ‘ওপেন পিট মাইনিং’ বনাম ‘সুরঙ্গ পদ্ধতির’ বিতর্কটা স্বচ্ছতার ভিত্তিতে সমাধানের বাতাবরণ সৃষ্টি হবে। বিদ্যুৎ সমস্যার সমাধান চাইলে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যেতেই হবে আমাদের। প্রস্তাবিত কয়লানীতি সংসদে পেশ করে খোলামেলা জাতীয় পর্যায়ের আলোচনা-বিশ্লেষণের ভিত্তিতে জাতীয় কয়লানীতি প্রণয়নের ব্যবস্থা করার জন্য সরকারের নীতি-প্রণেতাদের কাছে আহবান জানাচ্ছি। পেট্রোবাংলা থেকে ‘কোল বাংলা’ আলাদা করা হোক। পেট্রোবাংলার নেতৃত্বে আরও গতিশীলতা আনতে হবে। এ ব্যাপারে আশু সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনীয় ট্রান্সমিশন লাইন নির্মাণের সিদ্ধান্ত নিতে অহেতুক বিলম্বের কারণে বন্দরনগর চট্টগ্রাম গ্যাসের জাতীয় গ্রিড থেকে যথোপযুক্ত পরিমাণে গ্যাস পাচ্ছে না, এটা সাধারণ মানুষ না বুঝলেও ওয়াকিবহাল মহলের তো জানার কথা! এই প্রকল্পটা গত তিন বছরে বাস্তবায়ন হলো না কার দোষে?আবারও ফিরে আসি মূল ঝুঁকির ইস্যুতে। অবিলম্বে আমদানি প্রবাহের হ্রাস টেনে ধরুন। ওভার-ইনভয়েসিং দমনে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করুন। থাইল্যান্ডের চিপস, মালয়েশিয়ার বিস্কুট-পরোটা, বেকারি প্রোডাক্টস, চীনের শোপিস, চোখ-ধাঁধানো ইলেকট্রনিকস আইটেম, মার্বেল টাইলস, বিদেশি স্যানিটারি ফিটিংস, বিলাসী গাড়ি, কয়েক শ ব্র্যান্ডের এনার্জি ড্রিংক-সফট ডিংক—এগুলোর আমদানি শক্ত হাতে নিরুৎসাহিত করলে হয় না? মুক্তবাজার অর্থনীতির তাণ্ডবে গত তিন দশকে কয়েক লাখ পরিবারের হাতে অঢেল টাকা এবং সম্পদের পাহাড় সৃষ্টি হয়েছে। এটা উন্নয়নের লক্ষণ নয়, এটা বৈষম্যের যমজ ভাই দারিদ্র্য সৃষ্টির প্রামাণ্য নজির। আমাদের সংবিধানে সমাজতন্ত্র রাষ্ট্রীয় নীতি হিসেবে পুনঃস্থাপিত হয়েছে। সরকারের অর্থনৈতিক নীতিতে এই সাংবিধানিক বাস্তবতার প্রতিফলন দেখছি না কেন? দিনবদলের সনদ সমাজ পরিবর্তনের অঙ্গীকারকে ধারণ করতেই হবে। ১ শতাংশ ধনাঢ্য লুটেরা গোষ্ঠীর কবল থেকে সমাজ, অর্থনীতি ও রাজনীতিকে উদ্ধারের সুকঠিন সাংবিধানিক দায়িত্বকে মাথা পেতে নিতেই হবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে। এ বছর খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড সৃষ্টি হয়েছে। কৃষি খাতে পরিবর্তনের সুবাতাস পুরো অর্থনীতিকে উচ্চতর প্রবৃদ্ধির সোপানে উপনীত করেছে। স্বাধীনতার ৪০ বছর পর জাতি একটা যুগোপযোগী শিক্ষানীতি পেয়েছে। ১৯৮১-৮২ অর্থবছরে বৈদেশিক ঋণ ও অনুদান বাংলাদেশের জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশে পৌঁছে গিয়েছিল। এ বছর ওই অনুপাত জিডিপির ১ শতাংশের নিচে নেমে এসেছে। দেশের আমদানি-বিল পরিশোধের জন্য আমাদের আর বিদেশের খয়রাত ভিক্ষা করতে হচ্ছে না। পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ। এগুলো কি দেউলিয়া হওয়ার লক্ষণ?তবে ঝুঁকিগুলো মোকাবিলা করতেই হবে। উচ্চমূল্যস্ফীতির কারণে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে? দুর্নীতি দমনে মোটেও গতি সঞ্চার করা যায়নি। সারা দেশের রাস্তাঘাট, সড়ক-মহাসড়ক ভাঙাচোরা, খানাখন্দে জর্জরিত। এগুলোকে ক্র্যাশ প্রোগ্রামে নিয়ে মেরামত করতেই হবে আগামী কয়েক মাসে। আমদানি প্রবাহের লাগাম টেনে ধরতে হবে শক্ত হাতে। এ দেশের প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের কাছে সরাসরি আবেদন জানান, হুন্ডির মাধ্যমে দেশে রেমিট্যান্স না পাঠিয়ে বৈধ চ্যানেলে পাঠাতে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে উড়াল দিতে প্রস্তুত (take-off)। আপনাদের ঝগড়াটে রাজনীতির দুষ্টচক্রে জাতি আর কত দিন বন্দী থাকবে? জাতিকে মুক্তি দিন। পথের বাধা এক্ষণে লুটেরা রাজনীতি, দুর্নীতির তাণ্ডব আর সংঘাতমূলক ও ধ্বংসাত্মক দলবাজি। আপনারা এই আত্মাঘাতী রাজনীতির কানাগলি থেকে ফিরে আসুন। পথের বাধা সরিয়ে দিন। বিজয়ের মাসে আপনাদের কাছে এটুকুই কামনা। ড. মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি।