অর্থনীতিতে অস্থিরতা আছে, সংকট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোন্দকার ইব্রাহিম খালেদ। জন্ম ১৯৪১ সালের ৪ জুলাই, গোপালগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি ব্যাংকিং পেশায় যোগ দেন। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে অধিষ্ঠিত থাকার পর তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর এই বিশিষ্ট ব্যাংকার বেসরকারি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। গত বছর শেয়ারবাজারের পতনের কারণ অনুসন্ধানে তাঁর নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট ব্যাপক আলোচিত হয়। খোন্দকার ইব্রাহিম খালেদের সঙ্গে আলাপচারিতায় শেয়ারবাজার, ব্যাংকিং খাতসহ দেশের অর্থনৈতিক পরিস্থিতির সার্বিক চিত্র উঠে আসে। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও শওকত হোসেনপ্রথম আলো  সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে একটি নতুন বিভাগ খোলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নামে। এর প্রয়োজন ছিল কি?খোন্দকার ইব্রাহিম খালেদ  আমি মনে করি, এর প্রয়োজন ছিল না। এর আগেও একবার করা হয়েছিল। পরে অপ্রয়োজনীয় মনে করেই তা বিলুপ্ত করা হয়েছিল। যখন একটি নতুন বিভাগ হয়, তখন তাদের ক্ষমতা প্রয়োগের প্রবণতা লক্ষ করা যায়। সরকার ব্যাংকগুলোকে যদি বাণিজ্যিকভাবে পরিচালনা করতে চায়, তাহলে আলাদা বিভাগের প্রয়োজন হয় না, সরাসরি অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করাই শ্রেয়। এটি বেসরকারি ব্যাংকগুলোর জন্য তো বটেই, সরকারি ব্যাংকগুলোর জন্যও মঙ্গলজনক।প্রথম আলো  রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিস্থিতি এত নাজুক হওয়ার কারণ কী? বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব নেই বলে?খোন্দকার ইব্রাহিম খালেদ  বিষয়টি তা নয়। ব্যাংকিং কোম্পানি আইনে কর্তৃত্ব যতটা আছে, তা বাংলাদেশ ব্যাংক প্রয়োগ করার চেষ্টা করে। কিন্তু সরকার তো সর্বোচ্চ সংগঠন। সরকার যদি মনে করে কিছু করতে হবে, বাংলাদেশ ব্যাংকের পক্ষে তা অগ্রাহ্য করা কঠিন। আমার মনে হয়, সমস্যাটি আইনি নয়, কৃষ্টি বা সংস্কৃতিগত। যেমন—ব্যাংক অব ইংল্যান্ডকে কখনোই সরকার কিছু বলবে না, তারা স্বাধীনভাবেই সবকিছু করে। কেবল বাংলাদেশ নয়, অন্যান্য উন্নয়নশীল দেশেও এই সমস্যা আছে।প্রথম আলো  অতীতে বিভিন্ন সরকার বাংলাদেশ ব্যাংকের ওপর খবরদারি করেছে। এখন তা কমেছে বলে মনে হয় না।খোন্দকার ইব্রাহিম খালেদ  ওই যে বললাম সংস্কৃতি। সব সরকারই করে আসছে। তারা মনে করে, ব্যাংকের মালিকানা সরকারের। মালিক হিসেবে তাদের কর্তৃত্ব করার অধিকার আছে। তবে এটি ব্যাংকিং বা কোনো পেশার মানোন্নয়নের সহায়ক নয়।প্রথম আলো  রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দুরবস্থার জন্য অনেকে পরিচালনা পর্যদের অদক্ষতা ও দলীয়করণকে দায়ী করে থাকেন। বর্তমানে পরিচালনা পর্ষদে যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগই দলীয় লোক।খোন্দকার ইব্রাহিম খালেদ  সরকার যদি মনে করে সমমনাদের পরিচালনা দিয়ে পর্ষদ গঠন করবে এবং এতে তাদের কাজ চালাতে সুবিধা হবে, তা দোষের নয়। কিন্তু সেটি পেশাজীবী যেমন—ব্যাংকার, অর্থনীতিবিদদের মধ্য থেকে নিয়োগ দিতে পারত। ব্যাংকিং সম্পর্কে যাঁদের কোনো ধারণা নেই, সেসব লোককে পর্ষদে আনলে সমস্যা হয়। প্রথমত, তাঁরা বিষয়টি বোঝেন না; দ্বিতীয়ত, তারা দলের বা দলের লোকজনের পক্ষে তদবিরের চেষ্টা চালান।প্রথম আলো  বেসরকারি ব্যাংকগুলোতে একসময় মালিক-পরিচালকদের দৌরাত্ম্য ছিল। এখন কি পরিস্থিতির উন্নতি হয়েছে?খোন্দকার ইব্রাহিম খালেদ  আমাদের বেসরকারি ব্যাংকগুলোর মালিকেরা প্রথম প্রজন্মের। তারা মনে করেন, মালিকানা মানেই জমিদারি। তাঁদের মালিকানা ঠিকই আছে, এ জন্য তাঁরা লভ্যাংশ পাবেন। কিন্তু ব্যাংকিং ব্যবসাটিতে যে জনগণের সেবার বিষয় আছে, অনেকেই তা বুঝতে চান না। তবে ১০ বছর আগে পরিস্থিতি যতটা খারাপ ছিল, তার চেয়ে উন্নত হয়েছে। অনেক বেসরকারি ব্যাংক ভালোভাবে চলছে। বাংলাদেশ ব্যাংক মালিক-পরিচালকদের অন্যায় কাজ থেকে নিবৃত্ত করতে পারে—কিছু কিছু তারা করছেও।প্রথম আলো  ব্যাংকগুলোতে সম্প্রতি তারল্যসংকট লক্ষ করা গেছে। এটি কি ব্যাংকিং খাতের সমস্যা, না সার্বিক অর্থনীতির?খোন্দকার ইব্রাহিম খালেদ  নিছক ব্যাংকিং খাতের সমস্যা নয়, অর্থনীতির সার্বিক ব্যবস্থাপনাগত সমস্যারই অংশ। আরও সুনির্দিষ্ট করে বললে, সরকারের নীতির কারণেই এটি হয়েছে। কুইক রেন্টালের জন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণ জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে। আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার এ জন্য ভর্তুকিও দিতে হচ্ছে।কুইক রেন্টালের তেল আমদানির জন্য সোনালী-জনতাসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে সরকার অনেক টাকা ঋণ নিয়েছে। বলতে পারেন, বেসরকারি ব্যাংকের মূলধনে চাপ পড়বে কেন? ব্যাংকিং এমনই একটি খাত, যা একটির ওপর আরেকটি নির্ভরশীল। এ কারণে পুরো ব্যাংকিং খাতই ঝুঁকিতে পড়েছে। আমি শিগগিরই এর সমাধান দেখি না।এ ক্ষেত্রে সরকারের একটি যুক্তি হয়তো আছে—তিন বছর আগে দিনে ১০-১২ বার লোডশেডিং হতো। সেখান থেকে উত্তরণ করতে হলে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে হবে। সরকার কুইক রেন্টালকে সমাধান হিসেবে নিয়েছে। এর বিকল্প ছিল বড় বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন, যাতে পাঁচ বছর সময় লাগত। আমার ধারণা, মানুষ অতটা সময় ধৈর্য ধরত না, রাস্তায় নেমে যেত।প্রথম আলো  আপনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। সে সময় ব্যাংকিং খাতে সরকারি লোকজন তথা ব্যবসায়ীদের চাপ ছিল এবং এখনো আছে। খোন্দকার ইব্রাহিম খালেদ  চাপ ছিল এবং এখনো আছে। প্রশ্ন হলো, চাপটা কীভাবে সামাল দেওয়া যায়। আমি ডেপুটি গভর্নর থাকাকালে গভর্নর ছিলেন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আমরা দুজনে এককাট্টা হয়ে সামাল দেওয়ার চেষ্টা করতাম এবং অনেক ক্ষেত্রে সফলও হয়েছি। তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সাহেব আমাদের কথা শুনতেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করতেন। এখন মনে হয় কিছু কিছু সমস্যা হচ্ছে। প্রথম আলো  ডেপুটি গভর্নর থাকাকালে আপনি বলেছেন ব্যাংকিং খাতে মাফিয়া আছে। এখনো সেই মাফিয়াদের দৌরাত্ম্য আছে বলে মনে করেন? খোন্দকার ইব্রাহিম খালেদ  দুই শ্রেণীর মাফিয়া ছিল। একশ্রেণী হলো, টাকা বা ঋণ নিয়ে ফেরত না দেওয়া। আরেক শ্রেণী হলো, ব্যাংকের ভেতরেই কর্মচারী ইউনিয়নের নামে যা খুশি করা। তাদের উপদ্রব এতটাই বেড়ে গিয়েছিল যে বিশ্বব্যাংক ব্যাংকগুলোতে ইউনিয়ন বন্ধ করে দিতে বলেছিল। আমার ধারণা, কর্মচারী ইউনিয়নের দৌরাত্ম্য অনেকটাই কমেছে। তবে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অপসংস্কৃতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রয়েই গেছে। প্রথম আলো  শেয়ারবাজারের কারসাজি উদ্ঘাটনে আপনার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আপনারা রিপোর্টে কিছু সুপারিশ করেছিলেন। তার বাস্তবায়ন কতটা হয়েছে বা হয়নি? খোন্দকার ইব্রাহিম খালেদ  আমি যতদূর জানি, আমাদের তদন্ত রিপোর্ট খুব বেশি বাস্তবায়িত হয়নি। তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর শেয়ারবাজারে কিন্তু কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছিল এবং বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠতে শুরু করেছিল। আমরা অনেকগুলো সুপারিশ করেছিলাম। সরকার অন্তত ১০/১২টি ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারলে বাজারে স্থিতিশীলতা আসত। কিন্তু তা না করে বিভিন্ন মহল আমাদের রিপোর্টকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে। এতে সুফল বয়ে আনেনি। যাঁরা শেয়ারবাজার ম্যানিপুলেশন বা প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। সেটিও কার্যকর হয়নি। আমাদের সময় ছিল মাত্র দুই মাস। এই সময়ে সবকিছুর গলদ খুঁজে বের করা সম্ভব নয়। আমরা বলেছিলাম, রিপোর্টে যেসব সূত্র দিয়েছি, তার ভিত্তিতে এসইসি আরও তদন্ত করে দেখতে পারে। তা-ও হয়নি। আমাদের একটা বড় উদ্ঘাটন, যেসব নিরীক্ষার ভিত্তিতে আইপিওতে যাওয়ার কথা, সেই নিরীক্ষাগুলো প্রশ্নবিদ্ধ। যেমন, ১০ টাকার শেয়ার চার হাজার টাকা মূল্যমান দেখানো হয়েছে। এটা রীতিমতো পুকুরচুরি।এসইসির উচিত ছিল আমাদের অনুসন্ধানগুলো ধরে আরও তদন্ত করে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া। এসইসি সেদিকে যায়নি। তবে নতুন কমিশন হওয়ার পর ব্রোকার হাউসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি ইতিবাচক বলে মনে করি।প্রথম আলো  শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ তহবিলসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে কি কাজ হবে? খোন্দকার ইব্রাহিম খালেদ  এ নিয়ে মতভেদ আছে। কয়েক দিন আগে সিপিডির সেমিনারে বক্তারা বলেছিলেন, এ ধরনের তহবিল গঠন করে বাজার ঠিক রাখা যাবে না; যাঁদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, এসইসির দুজন সাবেক চেয়ারম্যান ছিলেন। আসলে সংকটটি অর্থের নয়, আস্থার। যে অর্থ শেয়ারবাজার থেকে লুট করে নেওয়া হয়েছে, সে অর্থ বাইরে চলে যায়নি। যাঁরা লুট করে নিয়েছেন, তাঁদের পকেটেই আছে। বাজারে অর্থের ঘাটতি হলে তাঁরাই জোগান দিতে পারেন। কিন্তু তাঁরা সেটি করছেন না, কেননা বাজারের প্রতি তাঁদেরও আস্থা নেই। বাংলাদেশ ফান্ড করা হয়েছে, সেটি খারাপ নয়; কিন্তু এভাবে ঢাকঢোল পিটিয়ে করা ঠিক হয়নি। আরেকটি কথা, ব্যাংক অ্যাসোসিয়েশন কেন তহবিল গঠন করবে? এতে সন্দেহ হয়, বেসরকারি ব্যাংকের কিছু কিছু মালিক এই কাজের সঙ্গে জড়িত। তাঁরা ব্যাংক ও শেয়ারবাজার মিলিয়ে ফেলেছেন। এসইসির দায়িত্ব হবে বিষয়টি তদন্ত করে দেখা। শেয়ারবাজারে এখন যে আস্থার সংকট আছে, তা দূর করতে পারে একমাত্র এসইসি। সংস্থায় নতুন যে চারজন সদস্য এসেছেন, তাঁদের অন্তত তিনজন সম্পর্কে জনমনে ভালো ধারণা আছে। যদিও সার্বিকভাবে এসইসির ভাবমূর্তি ভালো নয়। অনেকেই মনে করেন, শেয়ারবাজার কারসাজিতে যাঁরা জড়িত, তাঁদের তল্পিবাহক হিসেবেই কাজ করছে এসইসি। এ অবস্তার পরিবর্তন হতে হবে। প্রথম আলো  সরকারের মেয়াদ তিন বছর পার হতে চলেছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনার মূল্যায়ন কী? অনেকে বলেন পরিস্থিতি খুবই সংকটময়। আবার সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সব কিছু ভালোভাবে চলছে। খোন্দকার ইব্রাহিম খালেদ  আমি মনে করি, অর্থনৈতিক পরিস্থিতি সংকটময় নয়। বিষয়টি একটু ব্যাখ্যা করে বলা প্রয়োজন। চার বছর ধরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের মতো। এ সময়ে আমেরিকাতে মন্দা চলছিল, এখন ইউরোপে মন্দা চলছে। তার পরও আমাদের প্রবৃদ্ধি কমেনি। এর অর্থ হলো, বাংলাদেশের অর্থনীতিতে অন্তর্নিহিত একটি শক্তি আছে, যে কারণে তা সামনে এগোতে পারছে।এই সরকারের আমলে আরেকটি অগ্রগতি হলো বৈষম্য হ্রাস। এর আগের কয়েক বছরে বৈষম্যটা অনেক বেশি বেড়েছিল। অর্থনীতির ভাষায় যাকে ‘গিনি কো-অফিসিয়েন্ট’ বলে। এখনো বৈষম্য প্রকট, তবে বাড়তির দিকে নয়; বরং খুব সামান্য কমেছে। বর্তমান সরকার সুষম সমাজ গড়তে না পারলেও বৈষম্যের রাশটা টেনে ধরার চেষ্টা করছে।প্রথম আলো  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সর্বমহলে উদ্বেগ ও উৎকণ্ঠা লক্ষ করা যাচ্ছে। মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। খোন্দকার ইব্রাহিম খালেদ  দ্রব্যমূল্য বেড়েছে। এতে সীমিত আয়ের মানুষ বেশ সমস্যায় পড়েছে, তাও ঠিক। কিন্তু আমরা যদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করি, দেখব, পাকিস্তানে প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৪ শতাংশ। কিন্তু সমন্বয় করেছে ৩ দশমিক ৬৯। আমাদের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ, কমলেও ৬ দশমিক ৭ বা ৮-এর মধ্যে থাকবে। শ্রীলঙ্কার প্রবৃদ্ধিও আমাদের চেয়ে কম। অন্যদিকে ভারতের প্রবৃদ্ধি বেশি হলেও সেখানে বৈষম্যও বেশি। পাকিস্তানে মূল্যস্ফীতি ১৫ শতাংশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপেও এর কাছাকাছি। ভারতে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে, দশের ওপরে। আমাদেরও তা-ই। সবার সঙ্গে তুলনা করলে আমরা খারাপ নেই। আবার মানব- উন্নয়নের সূচকগুলোতেও আমরা অনেক এগিয়ে আছি, যা কয়েক দিন আগে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও বলেছেন। যাঁরা বলছেন দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, সেটি আমার বিবেচনায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই বলছেন। আমি বলব, অর্থনীতিতে অস্থিরতা আছে, সংকট নেই।কিন্তু সাধারণ মানুষ তো প্রতিবেশী দেশের তুলনা করবে না কিংবা প্রবৃদ্ধিও দেখবে না। তারা দেখবে, তার যে আয়, সে আয় দিয়ে ব্যয় মেটানো যাচ্ছে কি না, চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারছে কি না। এখানেই সরকারের আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতির রাশ টেনে ধরতে সরকারকে বাজেট কাটছাঁট করতে হবে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে। সেই সঙ্গে জনগণকেও মিতব্যয়ী হতে হবে; যাতে আমরা অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় খরচ কমাতে পারি। প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।খোন্দকার ইব্রাহিম খালেদ  ধন্যবাদ।