এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ মামলার কারণে প্রায় ৩২ হাজার কোটি টাকার রাজস্ব আটকে যাওয়া এবং ব্যাংকিং খাতে ৫২ হাজার কোটি টাকা খেলাপি ঋণ থাকাকে অর্থনীতির দুই ক্যানসার হিসেবে অভিহিত করেছেন। এই ক্যানসার নিয়ে দেশ এগোতে পারে না বলে তিনি যে মন্তব্য করেছেন, তার সঙ্গেও দ্বিমত করার সুযোগ নেই।
তবে এফবিসিসিআইয়ের সভাপতির বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেও যে কথাটি বলা জরুরি তা হলো, কেবল দুটি নয়, দেশের অর্থনীতিতে আরও অনেক ধরনের ক্যানসার আছে।
এক বছরে দেশ থেকে ৯০০ কোটি ডলারের বেশি অর্থ পাচার হওয়ার ঘটনা ওপরে বর্ণিত ক্যানসারের চেয়ে আরও অনেক বেশি মারাত্মক। ব্যাংকের খেলাপি ঋণ কিংবা মামলার কারণে আটকে থাকা রাজস্ব পুনরুদ্ধারের ক্ষীণ সম্ভাবনা থাকলেও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত পাওয়া কার্যত অসম্ভব।
এফবিসিসিআইয়ের সভাপতি অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করতে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সততা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। অপর এক ব্যবসায়ী বলেছেন, দেশে বিশাল ঘুষ-বাণিজ্য আছে এবং সেই অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। তবে তিনি যে কথাটি বলেননি তা হলো, এই পাচারের কাজটি যে কেবল অসাধু সরকারি কর্মকর্তারাই করছেন না, ব্যবসায়ীদের একাংশও এর সঙ্গে জড়িত। যেসব ব্যবসায়ী সেই বিশাল ঘুষ-বাণিজ্যে সহায়তা করেন, তাঁদের কেউ কেউ যে বিদেশে অর্থ পাচার করছেন না, এমন নয়।
মালয়েশিয়া কিংবা কানাডায় যাঁরা সেকেন্ড হোম বানাচ্ছেন, সেখানে অসাধু সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসাধু ব্যবসায়ীদের নামও পাওয়া যায়। আর অর্থ পাচারের কৌশল হিসেবে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি কিংবা রপ্তানির কাজটি তো সরকারি কর্মকর্তারা করেন না, করেন ব্যবসায়ীরা।
তাই, জাতীয় পর্যায়ে শুদ্ধাচারকে এগিয়ে নিতে হলে সরকারি-বেসরকারি উভয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই।