অর্থনীতির গতি এখনো মন্থর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক মাত্র শেষ হয়েছে। এ সময়ই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার চলতি অর্থবছর ৬ দশমিক ২৫ শতাংশ হবে। আর কয়েক দিন আগেই এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে যে এটি হবে ৬ দশমিক ৪০ শতাংশ। সরকার অবশ্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করেছে ৭ দশমিক ৩ শতাংশ, যেখানে গত অর্থবছর প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৩ শতাংশ। তার মানে, সরকার প্রবৃদ্ধির হার উচ্চতর পর্যায়ে অর্জনের দিকেই আগ্রহী, যেখানে বাস্তবতা এখনো তা সমর্থন দিচ্ছে না। অন্তত আইএমএফ ও এডিবির পূর্বাভাস তাই বলে।
প্রবৃদ্ধির জন্য অপরিহার্য যে বিনিয়োগ, তা প্রথম প্রান্তিকে কতটা বেড়েছে, তার কোনো পরিসংখ্যান নেই। দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ধীরগতি ও এক মাসে বাণিজ্য ঘাটতির বদলে বাণিজ্য উদ্বৃত্তকে বিকল্প সূচক হিসেবে ধরলে বলতে হয়, বিনিয়োগ এখনো গতি পায়নি।
বস্তুত উৎপাদন বাড়াতে হলে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এলেও কেন বিনিয়োগ সেভাবে বাড়ছে না, তা চিন্তার বিষয়ই বটে। ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অলস অর্থ জমে রয়েছে, আর এর কিছু অংশ আবার শেয়ারবাজারে গিয়ে ঢুকেছে বলেই ইদানীং শেয়ারবাজারে তেজিভাব দেখা গেছে। এটাও তো উৎপাদন খাতে বিনিয়োগের মন্থরতারই আরেক প্রকাশ। মনে হচ্ছে, নতুন বিনিয়োগ করার চেয়ে বিদ্যমান বিনিয়োগ ধরে রাখার যে প্রবণতা গত বছরের মাঝামাঝিতে শুরু হয়েছিল, তা এখনো চলমান। এটা আর যা-ই হোক, প্রবৃদ্ধির হারকে ৭ শতাংশে বা তার ওপরে নিয়ে যেতে পারবে না। এই বাস্তবতায় সরকারের উচিত হবে বড় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন জোরেশোরে শুরু করা। তবে তা করতে গিয়ে অনিয়ম-দুর্নীতিকে যদি প্রশ্রয় দেওয়া হতে থাকে, তাহলে আবার সম্পদের অপচয় ঘটবে। তাই সুশাসনের যোগসূত্রটি রেখেই অগ্রসর হতে হবে।