খ্রিষ্টীয় ২০১৯ সালে বাংলাদেশের অর্থনীতি আরও চাঙা হবে বলে দেশি-বিদেশি বিশ্লেষকেরা যে আশাবাদ ব্যক্ত করেছেন, তা অমূলক নয়। ১০ বছর ধরেই বাংলাদেশে প্রবৃদ্ধি ৬-৭ শতাংশের ঘরে আছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় সন্তোষজনক। কিন্তু আমাদের সমস্যা হলো, যে হারে প্রবৃদ্ধি বাড়ছে, সেই হারে কর্মসংস্থান বাড়ছে না। বেসরকারি খাতের বিনিয়োগও দীর্ঘদিন ধরে ২০-২২ শতাংশের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থানও বাড়বে না।
আমাদের অর্থনীতির ভিত এমনভাবে তৈরি করতে হবে, যার সুফল বৃহত্তর মানুষ পাবে এবং দারিদ্র্যের হার দ্রুত কমবে। এ ক্ষেত্রে নতুন বছর বেশ কিছু নতুন সম্ভাবনা নিয়ে এসেছে, যার মধ্যে সরকারের দুটি বৃহৎ প্রকল্প রয়েছে—পদ্মা সেতু ও মেট্রোরেল। সরকার আশা করছে, চলছি বছরের শেষ নাগাদ এর কাজ শেষ হবে। বিশেষ করে, পদ্মা সেতু বাস্তবায়িত হলে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক কোটি মানুষ যেমন উপকৃত হবে, তেমনি জাতীয় অর্থনীতির বিকাশও ত্বরান্বিত হবে।
দ্বিতীয়ত, সরকার যে ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, তার মধ্যে অন্তত চারটির কাজ চলতি বছরই শুরু হচ্ছে; যথাক্রমে চট্টগ্রামের বঙ্গবন্ধু শিল্পনগরী, মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রামের আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল ও খুলনা অর্থনৈতিক অঞ্চল। এসব অর্থনৈতিক অঞ্চলে কারখানা নির্মাণের জন্য কয়েক শ শিল্প প্লট প্রস্তুত হলে কর্মসংস্থান ও রপ্তানি দুটোই বাড়বে।
অন্যদিকে নতুন বছরে আরেকটি স্বস্তিদায়ক খবর হলো, মূল্যস্ফীতি ৫ দশমিক ৩৭ শতাংশে নেমে আসা। তবে অস্বস্তির বিষয় হলো ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা, খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করলেও সহজ ব্যবসার সূচকে অনেক পিছিয়ে আছে। চলতি বছরে নতুন সরকারের জন্য সবচেয়ে অস্বস্তিকর বিষয় হতে পারে নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন বাস্তবায়ন। ব্যবসায়ীদের আপত্তির মুখে ২০১৭ সালের জুন মাসে আইনটির বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দেওয়া হয়। আগামী জুলাই থেকে নতুন আইনটি বাস্তবায়ন হওয়ার কথা। গত কয়েক বছরে ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর উদ্যোগ লক্ষ করা যায়নি। নতুন সরকারের জন্য এটিও বড় চ্যালেঞ্জ বলে মনে করি।
ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে ইকোনমিস্ট-এর সহযোগী প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি ২০১৯ সালের বিশ্ব প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছে, তাতে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষে রয়েছে। এটি ইতিবাচক। তাদের মতে, বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৯ শতাংশ। ৭ দশমিক ৪ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে থাকবে ভুটান, এরপরের স্থানে ভারত, প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ। শীর্ষ পাঁচের প্রথম দেশ হলো সিরিয়া ও শেষ দেশটি রুয়ান্ডা। গত অক্টোবরে বহুজাতিক ব্যাংক দ্য হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ২০৩০ সাল পর্যন্ত সময়ে ৭৫টি দেশের অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করে বলেছে, ২০৩০ সালের মধ্যে জিডিপির বিবেচনায় বিশ্বের ২৬তম বড় অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৪২তম।
এসব আশাবাদ ও ভবিষ্যদ্বাণী তখনই কার্যকর হবে, যখন অর্থনৈতিক ক্ষেত্রে শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনা যাবে। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে দুর্নীতির প্রতি শূন্য সহিষ্ণুতা দেখানোর কথা বলেছে। সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় সচেষ্ট থাকলে, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব নয়। বিশেষ করে, ব্যাংকিং খাতে ১ লাখ কোটি টাকার ওপর খেলাপি ঋণ আছে, সেটি সহনীয় মাত্রায় নিয়ে আসার পাশাপাশি বিনিয়োগানুগ পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই।