দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পথে প্রধান বিবেচ্য হলো পরিবেশবান্ধব উপযুক্ত স্থান বাছাই, জমি অধিগ্রহণ ও গ্যাস-বিদ্যুতের সংযোগ অবকাঠামো প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে ১০টি অঞ্চল প্রতিষ্ঠায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিন্তু ঠিক কবে নাগাদ এগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, সে বিষয়ে হলফ করে বলা কঠিন। এর অনেকগুলোয় প্রাথমিক কাজও শুরু হয়নি। আসলে এসব প্রকল্পের পরিকল্পনা যতটা জোরেশোরে প্রকাশ করা সম্ভব, তার থেকে অনেক বেশি কঠিন নির্দিষ্ট সময়ে তা বাস্তবায়ন করা।
দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল হবে: প্রধানমন্ত্রীঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বছরের জুনে ২০৩০ সালের মধ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে এ থেকে বছরে চার হাজার কোটি ডলার আয় এবং এক কোটি মানুষের কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরেছিলেন। কিন্তু সেই থেকে এই উচ্চাভিলাষী পরিকল্পনা প্রত্যাশিত দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে, তা দাবি করা যাবে না। মন্ত্রী, সাংসদ ও দায়িত্বশীল কর্মকর্তারা যদি দায়িত্বশীল ভূমিকা পালনে অসামর্থ্য থাকেন, তাহলে তার ঘাটতি পূরণ হওয়ার নয়। বাংলাদেশের উন্নয়ন কৌশলে ব্যক্তি ও গোষ্ঠীগত প্রভাব অসামান্য। প্রধানমন্ত্রী নিজেই সম্প্রতি ‘নেতা দেখে প্রকল্প’ বাছাইয়ের ক্ষতিকর প্রবণতা সম্পর্কে সতর্ক করেছেন। আমরা আশা করব, দেশ ও দশের স্বার্থই এখানে প্রাধান্য পাবে।
শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ নানা উদ্যোগ নেওয়া জরুরি ঠিকই। কিন্তু এ ধরনের কিছু প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে জায়গা বাছাই এবং অধিগ্রহণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কৃষিজমি, জনগণের জীবন-জীবিকা, পরিবেশ ও প্রতিবেশসহ অনেক কিছুই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হয়। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে টাটার প্রকল্প ভেস্তে গেছে। সুতরাং, জমি অধিগ্রহণের স্পর্শকাতরতা বিবেচনায় নিতে হবে। মংলায় নদী ভরাটের অভিযোগ উঠেছে। মৌলভীবাজারে ভিত্তিপ্রস্তর স্থাপনের খবরে এলাকাবাসী, যাঁরা ন্যায্য দাম পাননি বলে সংক্ষুব্ধ, তাঁরা প্রতিবাদী হতে চেয়েছেন। সুতরাং, প্রকল্পের মুখ্য শর্ত পূরণে সরকারি প্রশাসনকে ভেবেচিন্তে পা ফেলতে হবে।