অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রাধান্য দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত কোনো দেশের অর্থনীতিই রাজনীতিকে প্রভাবিত করে। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা এতই প্রবল যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৫’ শীর্ষক প্রতিবেদনে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ এবং আগামী অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে আশা করা হয়েছে। এর অর্থ, সম্ভাবনা প্রচুর, কিন্তু রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে কি ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো যাবে?
মানুষের জন্যই রাজনীতি। আর অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে না পারলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। এটা সবাই বোঝেন। এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা বড় হয়ে দেখা দিলেও সমস্যা আরও আছে। যেমন, বেসরকারি খাতে নিয়োগ না বাড়াতে পারলে সব সম্ভাবনা বিলীন হয়ে যাবে। এ জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, কর কাঠামো সংস্কার, নিবন্ধনপ্রক্রিয়া সহজতর করা, ব্যবসা শুরুর প্রাথমিক খরচ কমিয়ে আনা দরকার। এডিবির প্রতিবেদনে এসব বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে।
দেশের রাজনৈতিক অস্থিরতায় প্রবৃদ্ধি থমকে আছেপাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা বন্ধে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিদেশি বিনিয়োগও এসব সমস্যার কারণে নিরুৎসাহিত হয়। নিকট অতীতে কিছু বিদেশি বিনিয়োগকারী ফিরে গেছে। এসব ঘটনা বিশ্বকে ভুল সংকেত দেয়। তাই সরকারকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
এডিবির প্রতিবেদনে চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরে কিছুটা অগ্রগতির সম্ভাবনার কথা রয়েছে। মূল্যস্ফীতি চলতি অর্থবছরের সম্ভাব্য ৬ দশমিক ৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ২ শতাংশ হতে পারে। তাহলে বুঝতে হবে, জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
রাজনৈতিক দ্বন্দ্বের মীমাংসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তিন সিটি করপোরেশন নির্বাচন একটি সম্ভাবনার জানালা খুলে দিয়েছে। এখন দেখতে হবে সরকার ও বিরোধী রাজনৈতিক পক্ষ কতটা বাস্তববাদিতার পরিচয় দিতে পারে। দেশবাসী আশাবাদী হতে চায়।